শুক্রবার, ২ জুন, ২০২৩

মীনা মুখার্জী-র কবিতা

প্রেমকেলি 

রাতজাগা তারাদের সাথে জেগে থাকে তালপাড়া।

থমথমে আকাশ চেয়ে থাকে,
পাহারায় ক্যাসপার,ঝোপে-ঝাড়ে
তালগাছে ঝুলছে কেমন!

চার-কাচা আলো দেয় নিঃসাড়ে।

নিষাদের মতো জেগে থাকে তিলোত্তমা পাবু লোলুপ দৃষ্টিতে....

দহন করুক নবাগতা তরুণীর
কাঁচা লাজন্তী দেহ!

দুরু দুরু বুকে তোলপাড় ভয়ানক!
ঝিম ধরা চোখে দরজার আড়ালে দাঁড়িয়ে সর্বক্ষণ।

হঠাৎ বিদ্যুৎ এর ক্রূর তলোয়ার,
বুঝি বা বৃষ্টি এলো চেয়ে!

নির্মম ভেজা হাওয়া টোকা দিলে
অশরীরী ছায়া যেন কুর্চিকে আলিঙ্গন করে...…

কখন যে ভেজা রাত ভোর হয়ে যায়!
রাজলক্ষ্মী আজ ও তারাদের ভিড়ে
কেমন উজ্জ্বল!!

 

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা

দিনান্তের প্রতিমা

হে অপরাহ্নের সম্রাট,

তোমার দুচোখ আজ গোলাপে আবিদ্ধ ও রক্তাক্ত

স্মৃতিতে যাবতীয় মেঘচ্ছাপ ধূসরতা।

নাগরিক মিছিলের তুমিই কি সেই দীর্ঘকায় প্রেমিক

যার সামনে ভেঙে পড়েছিল পার্ক স্ট্রিটের শ্বেতশুভ্র তাজমহল?

হে আজান বিমূর্ত সময়! স্মৃতিসৌধের নিস্তব্ধতা ভেদ করো,

অতীতের যে সব কথামালা আসতে চাইছে, আসতে দাও।


আজকাল শাহজাহানের পাঞ্জাবী পরে আচমকাই তুমি বের হও

হারানো সাম্রাজ্ঞীকে খুঁজতে,

সংগ্রহ করো নীল আকাশে ভেসে থাকা মেঘ মেঘ কথামালা,

দিগন্তের নির্জনতায় হাঁটতে হাঁটতে লিপিবদ্ধ করো

অপরাহ্নের ঈশানকোণে ডুবে যাওয়া বিদ্যুতের ঝল্‌কানি।

দূর সমুদ্রের হাওয়ায় কাঁপে অদৃশ্য দু’চোখের ছায়া কিংবা মায়া,

কম্পিত সন্ধ্যার সিলুয়েটে একের পর এক বিধ্বস্ত হয়

ক্ষীয়মাণ সাম্রাজ্যের মায়াবী জলযান।


দিন নেই রাত্রি নেই

তোমার সামনে শুধু নিহত প্রেমিকার ধূসর প্রতিমা!

 

ভাস্বতী গোস্বামী-র কবিতা

হাইওয়ে

একটা সময় ত্বকের যত্ন নিতে হয়
সযত্নে তুলো ভিজিয়ে মুছে ফেলা
পোড়া পলাশের গ্লানি

# 
পিঠ ও পায়ের দিকে
অকাতর চোখ

একেক সময় বড় বেশি আগাছা
চলন হারিয়ে দূর ফেলে
যায়
বিলের হাঁসগুলো

# 
ফেরারি দাগ মোছে
ম্যাটাডর, ছোটা হাতি

এখন চৌপাই হাওয়া
হসন্তিকা গানে সেঁকা হাইওয়ে
গ্রিলড কলিজা নিভিয়ে দিচ্ছে হাঁসেদের অক্ষরদাগ
শসা পেঁয়াজে আলোর মালকোষ

# 
দরজাটা খুলছে বন্ধ হচ্ছে
লা-জওয়াব বাতাসও হাট
হওয়া দামাল
 

পৃথা দাস-এর কবিতা

যদি 

যদি বলি পাতাঝরার বেলা 
তুমি বলো কালিন বিছানো।
যদি বলি পুরানোকে ছেড়ে যাওয়া
তুমি বলো নতুনকে আহ্বান।
যদি বলি খোলা বাতায়ন 
তুমি বলো আকাশের রঙ।
যদি বলি এ আমার মনপাখি 
তুমি বলো রেখোনা খাঁচায়।
যদি বলি পথেই হারাব আমি
তুমি বলো বোঝাপড়ার আচছাদন। 
যদি বলি পুরোটাই সমর্পণ 
 তুমি বলো আছে পূর্ণ বিশ্বাস।
  যদি বলি ইচ্ছে ডানায় ওড়া 
   তুমি বলো যাবে কোথায় নীড় ছেড়ে। 
    যদি বলি জীবন অসমতল 
     তুমি বলো হাত ধরো আমার।
      যদি আমি বলি এমনিই কি জীবন!!
     তুমি বলো এখানেই ভালোবাসা।।

 

সুমিত্রা পাল-এর কবিতা

কথা যখন কবিতা

মুঠো মুঠো রোদ্দুরে খিলখিল করে ওঠে যে কথারা  

দোয়েলের মিষ্টি শিস শুনতে শুনতে স্বপ্ন বোনে যে শব্দরা

মেঘ-বৃষ্টি-বানভাসিতে ভেসে যেতে গিয়েও দাঁড় টানে যে ভাবনারা    

উনিশে মে’র লাল কৃষ্ণচূড়া’য়  আগুন হয়ে ফুটে ওঠে যে ব্যথারা

সেইসব কথা ও ব্যথা আমার কবিতা।

         

          পাখি উড়ে যায় বলে চারিদিকে ঘন কুয়াশা।

          কিছু কথা শিশিরে ভিজে যায়।

          মাঠ-ঘাট বিলিয়ে যায় উচ্ছ্বাসিত যে কথা, 

        সেই কথা থেকে থেকে গুমরে ওঠে, বন্ধ খাঁচায়।  

          কিছু কথা বয়ে যায়

          ঊর্ণনাভের জালে জড়িয়ে পড়া

          সারা জীবনের দায়।

 

কথায় কথায় দিন যায়,রাত যায়,মাস-বছর যায়

কবিতার কাছে আমার গোটা জীবনটা বাঁধা থেকে যায়।

 

গোবিন্দ ধর-এর কবিতা

মনু

সামনে মনু,মনু কি সামনেই? 
না মনু শাখান পাহাড় থেকে কলকলিয়ে নামছে।
তার প্রেমিকা লঙ্গাই।
ধলাই পরকীয়া করে পালিয়ে যেতে গিয়ে 
হারিয়ে গেছিলো।
মনু লঙ্গাই ও ধলাই দুজনকেই ভালোবাসতো।
অলস লঙ্গাই ভোর রাতে জাগেনি বলে 
ধলাই মনুকে পেয়ে গেলো।
এই নিয়েই এখনো মনু কলকল প্রবাহিত।

২৬:০৩:২০২৩
রাত:০৮টা৩৬মি
মনু, আমবাসা, ধলাই

 

শ্রীদাম কুমার-এর কবিতা

গুহায়িত সত্যের মতোই
গুহায়িত সত্যের মতোই
জ্যোৎস্নার অনঙ্গ চাদরমোড়া কেন গো তুমি? 

দাঁড়ের পাখিটি আর্ত-অধীর
কুয়াশার আড়াল যত ছিঁড়ে দিতে চায়

রুপোলী শুধু মাথার চুলেই 
অঙ্গঢেউয়ে বেজে যায় বসন্তের গিটার

মায়াবী পরশ ফুরাতে চায়না   
পেলবতার বর্তুলতা দেয় স্নিগ্ধতার হাতছানি

মগ্নচেতনার চাতালে আছি বসে 
নতজানু অঞ্জলি পেতে

তপক্লিষ্ট ভক্ত আমি 
নির্জলা উপবাসে এতদিন... 

তন্ত্র-সায়রে স্নাত দাঁড়ালে তুমি 
 

নিরালায় ঝিঁঝিঁ ডাকে, মীন পুচ্ছ নাড়ে
তন্ত্রসম্মোহনজড়ানো ডাক যে তোমার

সঞ্জীবনীসুধায় চুমুক দিতে চাই 
পেয়ালায় পেয়ালায়

তৃষ্ণার্ত গিরিখাত তৃপ্তির স্বপ্নে ডুবে মগ্নতায় 


উপত্যকার ঘাসজমি চিকন চিকন সবুজ সোনালি আবেশলীন

আলো-আঁধারি ধারাপাত প্রকৃতি-বর্ণমালায় 
উৎকীর্ণ গিরিগাত্রে 

গহীন গাঙ্গে চলো নীলজ্যোৎস্না মাখি
নিই সহজপাঠের দীক্ষা অঙ্গ ধারায়

প্রকৃতির আদিম উঠোনে দাঁড়াবো চলো 
ছড়াবে মৃগনাভি গন্ধ 


হারায়নি কিছুই, এখনো আছে গো সময়
সৃজনের বীজমন্ত্র অক্ষর লিখুক না চরাচর.. 
 

দীপঙ্কর সরকার-এর কবিতা

প্রতিধ্বনি

বৃষ্টির ঝাপট শেষে জেগে ওঠে প্রাণ 
ধ্রুবতারা আকাশে প্রোজ্জ্বল। আমিও
ম্যাজিক লণ্ঠন হই দিকে দিকে ছড়িয়ে 
পড়ে ক্যারিশমা অপার।

ধরা ছোঁয়ার বাইরে দেখি কেবল উত্থান
দিকে দিকে দিলখোলা হাসি, শুভ মহরত।
আশাবরি রাগ সহ জল বিভাজিকা সমূহ
উচ্ছ্বাস ওই প্রান্ত রেখায়, হাওয়ার সংকেতে
বাজে বসন্ত অনুরণন।

 

আশিস গোপাল-এর কবিতা

প্রিয় বন্ধু

তোমার স্নেহের আঁচল ফেলে চলে গেলাম অনেক দূরে

তুমি বার বার বলেছিলে, "যাও না!"

আমি পিছে ফিরে তাকাইনি। 

তোমার সবুজ, লাল, হলুদ মাটি দিয়ে গড়া বাড়ি

আমি ফাঁকা রেখে ছেড়ে এলাম,

 ফিরে আর আসিনি।



 আমি আষাঢ়ের সকালে হেঁটে গেছিলাম একা।

ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, দৌড়ে চলে চোখ বেঁধে!

এখানে সব আছে আবেগ নেই,

যন্ত্রণা আছে, প্রেম নেই। 

এরা কথা বলে না, মুখোশের আড়ালে লুকিয়ে থাকে

এরা কথা দেয় না, কথা রাখে না।

এরা ব্যথা দেয় মধুর ভাবে। 



আমি হেঁটে গেলাম.....

তোমার শ্যাওলা জমা দেশে আমি আকাশ খুঁজি,

তোমার জং ধরা রাস্তায় গাছ!

"সবই আছে!" বলে ছিলে তুমি,

আমি বলি কিছুই নেই।

আছে কেবল গুমড়ে মরা গলি, ভাঙা কিছু স্মৃতি

আর মিথ্যে প্রতিশ্রুতি।


 

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

গন্তব্য

ধাতু ও রূপের মাঝে

হাইফেন হয়ে

কমলা রঙের একটা কালো বাক্সের অভ্যাস

ক্রিয়ায় ক্রিয়ায়

খুব দিন হয়ে

স্পর্শ যে দূরত্ব করছে

কী যেন একটা

অন্যমনস্ক স্মৃতি বরাবর

কাতর অথচ

গন্তব্য বলতে এক খসখসে অভিজ্ঞতা

কাগজে

পাথরে

আপনি ছায়া উলটে দেখছেন

এই দ্রুত কাঁচ

ক্রমে

জটিল হয়ে উঠবে উঠবে...

 

সুবল দত্ত-র কবিতা

জ্বর  

এখন নেকড়ের মতো হিংস্র 
ঝগড়ুটে মহিলারা শুকনো ডালপালা 
জড়ো করে রাখতে শুরু করছে

শীত জাঁকিয়ে আসছে 

মাখন বা মাংস নেই 
প্রানীরা হাপিশ, ফল একটি স্মৃতি 
সন্ধ্যায়, সবচেয়ে খারাপ শীতের রাতে
সমস্ত বাড়ির পুরুষকে ঋদ্ধ করতে 
গুঁড়ো দুধ চা এবং জল খাওয়াতে হয় 

বিশ্বের আন্তঃরোগ শুরু হোলো বলে

প্রত্যেককে জ্বর গায়ে 
গান নাচ প্রার্থনা সব করতে হবে 
এবং ভালোবাসা 
খড়ি দাগের গন্ডির ভিতরে 
যেমন সংযত প্রেম
একটিই রং,  বহুরঙের অনুপস্থিতি
প্রতিদিন সকালে 
আবার শৈত্য থামাবার শঙ্খধ্বনি
সমাজবদ্ধ না হয়ে নিজের স্বার্থে 
জুতোর ফিতে বেঁধে রাখা
ঠাণ্ডা প্রতিরোধের জন্য 
নিজের সামর্থ মত ঘরের ভিতরে 
খবরের কাগজ প্যাক করা... 

মানুষের ঝগড়ুটে স্বভাবই বলে দেয়
তুষারযুগ আসছে

 

দেবাশীষ মুখোপাধ্যায়-এর কবিতা

চলে যাওয়ার পথে

ঘাটের পাশে বসে আছি
তুমিও আছো
নদীর ডাক শুনছি
সারা বিকেল অনেক কথা বলে গেলে
আমরা চুপ করে যাই

অন্ধকার নেমে আসতে থাকে
একটু একটু করে
নদীর হাওয়ায় তোমার চুল প্রশ্রয়ে জড়িয়ে ধরে আমার মুখ
তোমার শরীর আগুন জ্বালাতে থাকলে
জড়িয়ে ধরি
শুষে নিতে থাকি সুখ
আগামীর জন্য

অস্পষ্ট আলোয় ভেসে আসা প্রতিমার কাঠ
মুচকি হেসে বলে ওঠে
'সে থাকবে কতক্ষন
সে যাবে বিসর্জন '!!

 

শিশির আজম-এর কবিতা

যখন তুমি থাকনা তখন বুঝি তুমি আছ

জামার পকেটে বাতাস
সন্ধ্যার আকাশ
হরিণ
আর সলমাজরিতে
লুকোচুরি

বিশাল স্টেশন কুয়াশার কারখানা
শীতের বাহিনী

তেরশো বছর আগে
বাড়ি-পালানো ফড়িং
স্বপ্নে মিশে যেত

কাজ আর গাড়িঘোড়া আর সুচারু টেবিল
হয়তো সহানুভুতি কিছু

অজানা আঁধার
চাঁদের ইস্পাত

পিপাসায় শুকিয়ে মরছে
নদী
শান্ত পৃথিবীতে
সজারু ঘুমায়