বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
কাক কোকিল হয়ে ডাকছে
কোকিল হয়ে যাচ্ছে কাক,
বসন্ত মানেই এলোমেলো করে দে মা —
যে যার মতো করে কম্মে খাক।
বসন্ত এসে গেছে
ফুল ফুটছে পাতা ঝরছে
দাঁড়িয়ে আছে ন্যাংটা গাছ,
কে কাকে দেখবে —
জলে চরছে গোরুছাগল- আকাশে উড়ছে মাছ।
আসুন এবং ...
আসুন- কুয়ো ধংস করে আরও বেশি মিনারেল ওয়াটার পান করি।
আসুন- আরও বেশি রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে বেশি ফসল ফলাই আর বাজার জাত
প্যাকেটবন্দি বিশুদ্ধ খাবার খাই।
আসুন- গৃহপালিত গরু না পুষে প্যাকেট জাত দুধ পান করি।
আসুন- খালবিলপুকুরগুলি বুজিয়ে ফেলি, ঝোপঝাড় কেটে নিউ টাউন তৈরি করি।
আসুন- দেশি মুরগি হত্যা করে পোল্ট্রি ডিমের ওমলেট খাই।
আসুন- যে মাটি খাবার দেয় সেই মাটি কেটে ইট তৈরি করে ইমারত গড়ি, যাতে আমাদের আকাশটাই হারিয়ে যায় ধুলো আর ধোঁয়ায় ...
আমি যা জানি সব ঠিক
তুমি যা জান, ভুলের অধিক।
আমার কথা শুনে চল
আমি যা বলছি তাই তুমি বল।
পাবে সবকিছু সুখ
আমি যে সুখেরই মুখ!
আমি আছি তাই তুমি আছ
আমার ইচ্ছেই ইচ্ছে-মতো বাঁচো!
এসব শুনি না বলে যুগযুগান্তর
‘কাফের' রয়েছি,
তবু ভাগ্য আজ-
‘বহিরাগত' তকমা পেয়েছি।