মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
শশাঙ্কশেখর পাল-এর কবিতা
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
শশাঙ্কশেখর পাল-এর কবিতা
জোয়াড় আসে ভাঁটাও
শেষ জলোচ্ছ্বাস এখন নষ্টালজিক সমাপিকা ক্রিয়া
হাঁটছি জলশুষ্ক রেখাপ'রে দিশাহীন
হলুদ ঘাসের মখমলে বোঁটাখসা পাতাদের জলসা
ও আমারা ক'জন
তিস্তার বুকে পিকনিক ফেরৎ কেউ কেউ
চটপট সারছে বাতাসে বালি ওড়ানোর গল্প
এখুনি শুরু হবে ভাসানের গান ও তাৎপর্য
একই নিয়ম খাতে
প্রাগ চারণভূমি থেকে বইছে ক্রমবিকশিত সভ্যতা
রেসে পরাজিত ঘোড়ার প্রতিদান বুলেট
সংগ্রামী বয়স ক্ষুইয়ে মর্যাদা ধীরে ধীরে মাংসপিণ্ড
আজ জীবন যৌবন ও হলুদ পাতার মজলিস
রং উড়বে
কপাল ও কপোলে বসন্ত চিহ্ন
জমানো দুঃখ ভেঙে ফুরুৎ আনন্দ বাৎসরিক সুদ
এটাই যাপন
যে যেমন সুখ নিঙড়ে নিতে জানো
শ্বাস ও আশ্বাস চুয়ে চূড়ান্ত আয়ু
রবিবার, ১৭ মার্চ, ২০২৪
শশাঙ্কশেখর পাল-এর কবিতা
কাচঘর বিছানায় লুটিয়ে অলস মগজ
দেওয়ালে সেঁটে থাকা কাঞ্চনজঙ্ঘা ছড়াচ্ছে
রঙ পেখম
এল-নকশা ব্যালকনি আয়নায় দলছুট মেঘ
মায়া মুখি খরগোশ
পৃথিবীর সব সুখ নিয়ে নান্দনিক আঁতুড়ঘর
কে এল হুড়মুড় কাঁপে সিঁড়ি
গাছের সবুজ মন্ত্রে কল্পলতা
সার সার সাদা রঙ্গন এবং তুমি
এ এক অদ্ভুত শৈল্পিকরসায়ন
ঈপ্সিতা যেখানে যখন তোমাকে যেমন চেয়েছি
মোমের ভাস্কর্য গড়ে ওঠে
কাচঘরে তুমি আমার ক্যাকটাস ফুল
রবিবার, ১ মে, ২০২২
শশাঙ্কশেখর পাল-এর কবিতা
সেই কবে থেকে কাক
পাইন বনে রোদ-ছায়া জড়ানো হৃদপিন্ড
ইউক্যালিপটাস খসা বাকল আমার মেঝে
মিশেছে তোর ঘরে বিছানায়
ঈপ্সিতা এখনোও কি তুই বৃষ্টিমুখর উৎলানো তিস্তা
ভুল বানানে লেখা কবিতা ছিঁড়েছি লিখেছি
নিজের আঁকা কালো পোষা পরভৃৎ
পূর্ব-পশ্চিম কোনো জানালা
তীর্থভূম
কোথাও দাঁড়িয়ে বসে নেই
জানিস কী এখনো হেদুয়ার দুপুর
ছায়ার পুঁটলি খোলে গাছগাছালি
বেঞ্চের আবডালে কাদের কথা না-কথার পাহাড়
ইচ্ছেগুলো এখনো চলযাই ফুরফুরে শাজাহান
নির্জন ঘূর্ণি দু'একটা পাকা চুল মুঠি ভরে দিলে মন্দ নয়
আম্মার হাতে হাত কিশোরী এসেছে সাঁতারে
ক্ষয়ে যাওয়া জয়ন্তী নদীর বিকেল সোনাগলা আকাশ
স্বর্ণ ছাই আঙুলে রাখি
ঈপ্সিতা
কাচের ইজেলে তোকেই আঁকি প্রতিদিন...
(কাঠাম-কুটুম শব্দটি অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়োগ থেকে নেওয়া।)



