চৌধুরী নাজির হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চৌধুরী নাজির হোসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

চৌধুরী নাজির হোসেন-এর কবিতা


শীত তো কমে আসছে

শীত তো কমে আসছে, অন্তরতম হিম কমছে কই? 
এত কোলাহল চারিদিকে, তবু কথারা কেমন চুপ! 

হালকা হাওয়া, এখনো বৃষ্টি হয়নি, মেঘ-মুখ ভার
ভিতরে তুমুল আলোড়ন, ছেঁড়া চিরকুট ভেসে যায়। 

খেড়ো খাতা, উড়ো চিঠি, তাতে লেখা নাম পরিচয়
বন্যা এত প্রেম জানো, সব কালি ধুয়ে নিতে হয়! 

কুয়াশা চাদর মুড়ি, কথা আর কথাহীন নিথর বসতি
শীত তো কমে আসছে, যুবক বয়স কেন যে অশীতিপর? 

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

চৌধুরী নাজির হোসেন-এর কবিতা

ডোরাকাটা

আমার চারপাশে যে হাওয়া ঘুরছে
আমি তাকে প্রশ্ন করি— সমুদ্রের কোন্ তীর ছুঁয়ে
তুনীর দাঁড়ায় বেঁধে এসেছ এখানে? উত্তর নেই। 
সে শুধু শন্ শন্ হেঁটে চলে উথাল পাতাল... 

 আমি কি ঠিক ততটাই মাতাল? 

বেহুঁশ বেহেট জ্বরের তাপে
ভ্রুহীন চোখের পাতায় কাঁপে মায়াময় জনপদ! 
ভাতের থালায়, পানের গ্লাসে, আমার দুহাতে
তার পায়ে বাঁধা ঘুংঘুরের ঝনঝন ঝনঝন... 

এইসব শব্দের ভেতর আমি রোজ জন্মাই, নিঃশব্দে
জেনে নিই কালো সুতোর সেলাই বুনন
তবু কি বিভ্রম কাটে? চিকন ঝালরে দোলে মুখ
আহ্লাদি ঠোঁট গলে যায় ডোরাকাটা চুমুয়।

 

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

চৌধুরী নাজির হোসেন-এর কবিতা

 

মায়ের চোখ

আমার বাড়ির পাশে একটা বাগানবাড়ি আছে
আমি ফুল কুড়োতে যাই সকালে
                                           যেতে যেতে দেখি 
পথে পথে কিছু ঝাপসা মানুষ
দূরত্ব উঁচু সূর্য তখনও ফোটেনি
                                      ফুলগুলো ঝরে গেছে
আমি ঝরা ফুল কুড়োতে থাকি
 শীতবেলা থিরথির শিশির আয়না
                                 লাল সাদা হলুদ ভেজা রং
আমার মায়ের চোখ ভেসে ওঠে
আমি ভারতবর্ষের বর্ণমালা পড়তে থাকি।