কুশল মৈত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কুশল মৈত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

কুশল মৈত্র-এর কবিতা


ভৈরবী সুর

এ শহরে আর বানজারাদের তাঁবু চোখে পড়ে না।

না চোখে পড়ে মাহুতদের হাতি নিয়ে ভ্রমণ

সেই কৈশোরে বাবা চড়িয়ে ছিল হাতির পিঠে

এখন হাতিরা সব অজানা স্টেশনে.....

 

শাপলা শামুক পদ্মপাতায় আর দেখি না রোদের ঝিকিমিকি

না দেখি নদী পুকুর জলাজংলা জমিজরিপের ইতিবৃত্ত

বাবার সাথে পুকুরে-ঝিলে মাছ ধরার স্মৃতি ভগ্নাংশে

বৃত্তচাপ কম্পাসের কাঁটার খোঁচায় স্মৃতিচাপে

 

সবই একসময় ছিল আজ সবই ভাবায়

নৈঃশব্দ্যে ডুবে যাই আকাশ চেনে তখন আমায় আর আমিও

আজ এখন এই মুহূর্তটিও হয়তো আগামীতে ভাবাবে আমায়

তখন আমি আরও দূরে চোখের তারায় হাঁটতে হাঁটতে

পুনশ্চ কথারা মনে পড়বে ভৈরবী সুরে......

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

কুশল মৈত্র-এর কবিতা

সময়

রূপকথার মতো আমাদের শহর

হেসে কথা বলে আনমনে —

আকাশ সুর তোলে পাখিরা করে খেলা

হাসিভরা শিশুর দল

ফুলের মতো দোলে।

 

আমাদের শহর আজ কংক্রিটে মোড়া

ধোঁয়ায় আমরা মুখোশ পানে

স্বপ্ন টাঙানো স্মৃতি অ্যালবামে

বাড়ন্ত গাছেদের চোখে জল

 

বিপথগামী দূরত্ব

সাইরেন বেজে ওঠে —

 

আমরা শান্তভাবে পোষ্য জীব হয়ে

বেঁচে রয়েছি এখনো, একাকী।



কথা বলে না

গন্তব্য বলে কিছু থাকে না

পায়ে পায়ে রাস্তা বড় হতে থাকে

ঘড়ির সময় সন্ন্যাসী গুহায় আবদ্ধ।

 

কানে কানে মানুষের কথা বলি

চোখে মানুষ তেমন নজরে আসে না।

মূর্তি তৈরী হয়, বাজারে বিক্রি হয়

মানুষ বিক্রি কি, হয় এখন?

 

হাঁটতে হাঁটতে ফাঁকা রাস্তায়

অন্ধকার দেখি — সেখানে ছায়ারা

ঘিরে ধরে আমায়

আমি স্ক্রীনশট দিয়ে রাখি

আগামীকে বোঝাবো বলে —

আমার ছবি তাতে ধরা পড়ে না।

 

খবর ঠিকই বিক্রি হয়ে গেছে

ভাইরাল হবে নতুন সূর্য উঠলে

ফ্রন্ট পেজ ধরে আমি তখনও

হেঁটেই যাব —

 

গন্তব্য পৌঁছেছি কিনা আমার;

আমি শরীরটা তা ভুলেও যেন

কেউ বলবে না!

 

 

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

কুশল মৈত্র-এর কবিতা

চৈতন্য হোক

রোজ বিকেলে দুর্বার স্রোতে ভেসে যাই

উড়ে যাই পাখি হয়ে—

রং মিলাতে থাকি গোধূলির দিকে

 

শৈশব ছুটে যায় অপু-দুর্গা-কাশফুলের

রেলস্টেশন গঙ্গার গা ঘেঁষে।

 

পশ্চিমের আকাশ আশায় থাকে

মিলিয়ে যাই রামধনু রঙে—

 

কলমের কালি থেকে উঠে আসে

এক অজানা স্টেশন। সেখানে

মনখারাপের কথাগুলো ছড়িয়েছিটিয়ে,

ভালোবাসার আঘাত দেখতে পাই।

 

আলগা হতে থাকে মোহ; ধোঁয়ায় জমতে

থাকে মিথ্যের ভাব-সংকীর্তন!

 

কলম লিখে রাখে— চৈতন্য হোক!

 

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

কুশল মৈত্র-র কবিতা

 

সন্ন্যাসী

  

আমি কবিতাকে বেচে খাই-না

কবিকে বেচে খাই!

লাশের বিছানায় শুই-না

শ্মশানে শুই!

আমি তান্ত্রিক নই, নই জ্যোতিষী

আমি ভূত-ভবিষ্যত বুঝি-না

কুসংস্কারে গঙ্গা বিসর্জন দিই-না

ভগবানকে সিংহাসনে দেখি-না

বরং নাস্তিককে সহমত তোষণ করি

ফুটপাতে ফ্যান ভাতে রোজ মানুষ দেখি

পথে বেরোলেই স্পর্শ পাই ভগবানের!