সৌম্য ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৌম্য ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

সৌম্য ঘোষ-এর কবিতা


ঝরাপাতার নির্জনতা

ঝরাপাতার নির্জনতা নেমে আসে দুপুরের 
নিঃসীম নগরীর তর্জমায়,
বিগত সূর্য্যের কাতরতায় গহন অরণ্য ঝুঁকে আছে
শান্ত পাতার ঘ্রাণ নিয়ে,
বাতাসে ভেসে আসে শীতকালীন লোকজ আঁধার,
নীমসন্ধ্যায় সূর্যাস্তের মৌলিক পথে ধন্বন্তরি বাতাসের গান, নদীয়ালি মানুষ,
লোকজ  আঁধার, পরিব্রাজক মেঘের আনাগোনা.. 
অবিনাশী মেঘমন্ত্রে ভরে ওঠে প্রত্নউঠান।
এই পীড়িত অবেলায় বলো, আমি কাছে যাবো?
কার কাছে দু'হাত পাতি উপশমে! কাকে বলি,
আলো ফুরাবার আগে আমাকে নিয়ে যাও!
কুয়াশার ভেতর এক লম্বা করিডোর 
ঘ্রাণ নেই আমাদের পুরানো দিনের 
যেখানে যাওয়ার কথা আমাদের আদিম শরীরে।।

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সৌম্য ঘোষ-এর কবিতা

ভেসে যায় সব সনাতনী প্রথা


একটা অপলক নির্ঘুম চোখ চেয়ে থাকে সারারাত

বিষাদের ছায়া হাঁটে নীরবের দিকে 

জোনাকির বনে পাতাঝরা ভাষা

বিরামহীন আদিম ক্ষতগুলি মনে করায়।

জানালা দিয়ে অন্ধকার আসে চাদর মুড়িয়ে

কখনো বৃষ্টি এলে ঘাস গজিয়ে ওঠে আমার বিছানায়

মেঘ থেকে নেমে আসে শোকের পরিজনরা

বাতাস বুঝতে পারে, কুয়াশার মধ্যেও একটা সুরঙ্গ আছে

দিগন্তের প্রত্যাশায় ঘরের খিল উন্মুক্ত রাখি 

সূর্যাস্তের আভা পড়ে মহানিমের বনে

বাউলের আরশি নিকেতনে

ভেসে যায় সব সনাতনী প্রথা।।

 

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সৌম্য ঘোষ-এর কবিতা

নির্বর্ণ সত্তা

ভাঙ্গা দেউলের মতো বিষণ্ণ সন্ধ্যা
অনিরুদ্ধ বিষাদ লুকিয়ে নৈঃশব্দের কাছে
গচ্ছিত রাখি দীর্ঘশ্বাস!
কত ছবি আঁকা হয়েছে গাছের আদলে
ছায়াময়;
তারা কেউ গাছ নয়।
দেওয়ালে এঁকেছি কিছু প্রেম, কিছু
নীরবতা,
বীজময় রাত্রি জেগে থাকে
গোপন চরণচিহ্নে,  সমস্ত পথজুড়ে
এক নির্বর্ণ সত্তা আর অপ্রেমেয় জ্যোতির্বলয়।।

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সৌম্য ঘোষ-এর কবিতা

চরাচরে ভাসে প্রতিধ্বনি

নীলিমা তো তোমারই  গুণ্ঠন
পীতাম্বরী নীল পৃথিবী,
তাই মুগ্ধ অভিসারে খুজি দোঁহে
সমুদ্রতরঙ্গ তটে মুক্ত করে সমস্ত নিখিল
মৃদঙ্গের বোল পাঠায় চৌদিকে
অভিসরের আলিঙ্গনে।
অঙ্গে যে তরঙ্গ দোলে
পরশে  ফোটে ফুল।
সময় যে বড় কম, তাকে যে পরাতে হবে
নীলিমার মেঘমালা আলোর কুমকুম।
রাতে তারায় কে যেন ডাকে
চরাচরে প্রতিধ্বনি ভাসে।
ফেরিঘাটে রইল যারা
পড়ন্ত রোদ্দুরে সেইসব মুখ যেন
এলোমেলো, ছায়া ছায়া...

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

সৌম্য ঘোষ-এর কবিতা

বৃষ্টিদিন

আত্মজ সন্ধ্যায় দিগন্তে এসে দাঁড়ায় বৃষ্টির পদাবলী,
প্রাচীন বটবৃক্ষ মাতাল করে অলৌকিক
জলের শরীর, আর
ঋতুর পরিহাস ভেঙে সঞ্চয় করে
ঈশ্বরের ছায়া,
স্বপ্ন নিয়ে ভেসে বেড়ায় যে মেঘ
নীলের কাছাকাছি, চোখের ইজলে সেইসব
দৃশ্য  কে যেন আঁকে অহর্নিশ মানুষের মুখে
গর্ভবতী ধানের পদ্য লিখে নির্মাণ করে
বিনীত সৌন্দর্যের জীবননাট্য।।

 

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩

সৌম্য ঘোষ-এর কবিতা

অক্ষরশরীর

পাতার আড়ালে যে বসন্ত ছিল
পড়ন্ত সন্ধ্যায় তার কোমলতা লেগে থাকে বুকে
আর কিছু জলরং
যেখানে স্নান সেরে নিলে
অবচেতনায় সবুজ পৃথিবী ফিরে আসে
পাহাড় থেকে ত্রস্ত পায়ে নামে বর্ষা
অক্ষর প্রেমে কিছু নুপুর জীবন।
সূর্য ডুবলে রাত্রির অলকবর্তনে
অনিবার্য রোদ লেগে থাকে অক্ষর শরীরে।

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

সৌম্য ঘোষ-এর কবিতা

চিঠি


কখনো কখনো খাম খুলে কিছুই

পাওয়া যায় না,

না কোন চিঠি, না একটি শব্দ

না কোন সম্পর্ক!

না ভোর, না দীর্ঘ সন্ধ্যা

দিনভর লুকোনো বেদনার মতো

উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়... অথচ


কখনও কখনও একটি ছোট্ট শব্দও

আগুন ধরিয়ে দেয়।

 

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সৌম্য ঘোষ-এর কবিতা

বিকেল

বিকেলের তেরছা রোদ দেওয়ালে পড়তেই

ঘরের মধ্যে মাথা তুলে দাঁড়ায়

সারিবদ্ধ শমীবৃক্ষ,

ভেঙে যেতে থাকে সন্ধ্যাকালীন  পুরাণ পাঠ

রাত যত বাড়ে মায়া এসে জড়ো হয়

নির্জনতা ভেঙে

এভাবেই একদিন ঘরদোর দেওয়াল মুছে যায়

 

অসামান্য বিকেল এসে ডাকলে 

আত্মদহনে নত হই।