নাগসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নাগসেন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নাগসেন-এর কবিতা

ভালো থাকিবার চেষ্টা 

সকাল সকাল দুজন লোক বেছে নিচ্ছে
পছন্দের কয়েকটি লটারির টিকিট 
তাদের পাশ দিয়েই ট্রেন ধরার দৌড়
খোলার এক ঘন্টা আগেই মদের দোকান
সামনে তার থিকথিকে ভিড়
পান মুখে দিয়ে হেলেদুলে বাবু চলেছেন
রমরমা বন্ধকির ব্যবসা তার
বেশ্যালয়ে সকলের মুখ দুঃখি দুঃখি

এইমতো আরও হাজার কিসিম 
সকলেই ভালো থাকিবার চেষ্টা করিতেছে

 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

নাগসেন-এর কবিতা

অশ্রুবর্ষণের অবেলায়

  

ভালোবাসার সব প্রকরণ 

তুমি দেখাতে থাকো খুলে খুলে 

তারপর সকাল হয় একটুখানি

আলো এসে পড়ে জানালার কাচে

 

কে জেগেছিলো সারারাত

কার চোখদুটি অন্ধ হয়ে যায়

অশ্রুবর্ষণের অবেলায়

চারদিকের নিসর্গে তাকিয়ে

একটু মৃদু হাসো তুমি

 

ভালোবাসা কথা বলতে চায়

নানারঙে ––– কিশোরীসন্তাপে

 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

নাগসেন-এর কবিতা


 আমি আর আমি নই

অন্ধকারে ডুবে যাচ্ছে দশদিক 

কাকে আর আলো দেব কাকে দেব ভালো

তুমি বলো তথাগত

এই কী নির্বাণ ---এই সত্য তবে


ঘুলঘুলি দিয়ে আসে যেটুকু আলো

তারও সঙ্গে মিশে আছে প্রভূত কান্না

মানুষের  এতো শান্ত মুখ

এতো শ্মশানের নীরবতা কখনো দেখিনি 

তবুও বলছো তুমি শান্ত হতে 

বরাভয় মুদ্রায় ঘুমতো আসে না

একা মানুষের সমস্ত কান্না

যদি  ভেসে যায় গঙ্গায় পদ্মায় 


আমি তবে আমি নই উন্মাদ রাস্তায়

আমি এক পরাভূত  বেতাল পচ্চিশি 

সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

নাগসেন




 চুম্বন

 সহস্র রমণীর চুম্বনে

আমি বারবার নতুন হয়েছি

আমি হেরে গেছি আর

পরাজিত আমারই প্রত্নশরীর

তোমাকেই আকাঙ্ক্ষা করেছে

#–––

তোমার ওষ্ঠ তোমারই অধর

প্রত্নশীলায় আমি এঁকে রাখি

প্রতিদিন --- প্রতিটি প্রহর

মহেঞ্জোদাড়োর থেকে আলতামিরায়

#–––

তুমি জানবে না কোনোদিন

তুমিই আমার

সহস্র রমণীর চুম্বন সমাহার