নূর মহম্মদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নূর মহম্মদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

নূর মহম্মদ-এর কবিতা


হে কঠিন মানুষেরা

হে নিষ্ঠুর নির্দয় মানুষেরা এবার সদয় হও
হৃদয় তোমাদের করো সুপ্রসারিত সুবিশাল
তোমাদের দয়া পেয়ে বেঁচে থাকবে লক্ষজন
নির্মমতা দূর করে হও মানবিক মহত্তম মানুষ
তোমাদের উদারতা হউক জাগরূক এবার
ইচ্ছে করলেই বাড়াতে পারো দুহাত তোমাদের
অসহায় মানুষের পাশে হতে পারো সহায়ক
যাদের নেই অন্নবস্ত্র কিছুই সামাজিক জীবনও
দুহাত শূন্য যাদের থাকে প্রতিদিন প্রতিক্ষণ
এগিয়ে যাও তাদের জন্য মমতা নিয়ে তোমরা
আতুর মানুষের পাশে থেকে দেখাও করুণা
যেমন করে শুনি থাকেন ঈশ্বর তাদের সাথে
থাকো তাদের সহযোগী হয়ে সুমানব হয়েই
হবে না কি পরিবর্তন তোমাদের হৃদয়গুলির
এসো নরম হয়ে এই দুঃখী মানুষের কাছেই
বন্ধু হও সাথী হও এই সব নিঃস্বজনের যত। 

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নূর মহম্মদ-এর কবিতা

সবার উপরে মানবতাই সত্য

মানুষ তার নিজের ভিতরের বিরল সত্যকে
হত্যা করে চলেছে ভয়ঙ্কর রূপেই প্রতিদিন
হারিয়ে যাচ্ছে তার পবিত্র মানবিক গুণাবলী
ঘৃণ্য জঘন্য হয়ে গেছে তার হৃদয় নষ্ট করে
হৃদয়কে সে পিষ্ট করেছে কখন কুরুচিতে
অথচ মানবতার চর্চাই তার উচিত ছিল
আত্মকেন্দ্রিক হতে হতে কখন একসময় 
নেমে গেছে সে গভীর খাতে গভীরতম
অধঃপতনের দিকেই চলে গেছে এখন
যে মানবতা ছিল তার প্রথম সত্য ধ্রুবতারা
তাকেই সে দিয়েছে বিসর্জন জীবন থেকেই
মানুষ হতে হলে চাই পবিত্র মানবতারই চর্চা
অথচ নিষ্ঠুর নির্মমভাবে তাকে হত্যা করেছে
তাই আজ সে অমানুষ বর্বর প্রাণী শুধুমাত্র
ভুলে গেছে সে মানবতার সত্য সুন্দর অপরূপ
যা তাকে দিতে পারত শ্রেষ্ঠ প্রাণীর সম্মান।

 

শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নূর মহম্মদ-এর কবিতা

পৃথিবী এগিয়ে চলেছে

এগিয়েই চলেছে পৃথিবী দ্রুতগতিতে সামনের দিকেই
শুধু আমিই একা পড়ে আছি হায় অতীত অন্ধকারে
সহজতা সরলতা  আর সত্য সততা ঐতিহ্য যত নিয়ে
এই কুটিল জটিল প্রহরে মনে হয় নির্ভুল অচল আমি
শিখতে পারিনি সময়ের দাবি মেনে কতশত প্রকৌশল
করতে পারিনি করায়ত্ত কত ছলাকলাও অজস্রতম
পিছিয়েই পড়েছি তাই হয়ে গেছি অসফল একজন
নূতনের মাঝে পুরাতন আমি একা অসহায় দুর্বল প্রাণ
আর তো নয়কো সম্ভব প্রবল প্রকাশ কোথাও কিছুই
ঝরাপাতার মতো ঝরে পড়ে গেছে সকল শক্তিপুঞ্জ
পৃথিবীর সাথে সমান পাল্লা দিয়েও পারিনা দৌড়তে 
জানি পৃথিবী যুগে যুগে এগিয়ে চলেছে সামনেই দ্রুত
পুরনো যা কিছু ফেলে দূরে সরিয়ে করেছে বরণ নূতন
মানি ফুরিয়েই যায় পুরাতন সব মহাকালেরই নিয়মে।।


আমি তোমার প্রেমে 

আমি তোমার প্রেমেই গভীর গহন হে পৃথিবী
ভালোবাসি তোমার জলমাটিআকাশ সুবাতাস
যে স্বপ্ন দেখে দেখুক স্বর্গের স্বর্ণখচিত রূপের
আমি তোমার রূপেই বিমুগ্ধ সীমাহীন আনন্দিত
প্রতিদিন তোমার দিকে তাকালেই মন হয় ভালো 
কী আশ্চর্য সুন্দর তোমার গাছ পাতা ফুলগুলি
আছে কি অন্য কোন গ্ৰহে তারা কিম্বা জ্যোতিষ্কে
এমন অপরূপ জ্যোৎস্নাও নেই কোন স্থানেই
বিমুগ্ধই আমি তোমার প্রকৃতির অপূর্ব মুখশ্রীতেও
যেখানেই রাখি  আমার পা তৃপ্তি আসে হৃদয়ে
মানুষের কাছে থেকেও আসে কত যে প্রশান্তি
মধুর সম্পর্কের ভিতর কী যে অপরূপ আনন্দ পাই
কোথাও কোন তুলনা নেই তার মহাজগতে কিছুই
আমি তোমার প্রেমের ছোঁয়াতেই সুখী প্রিয় পৃথিবী
মনে হয় করি বসবাস একত্রে কোটি কোটি বছর
থেকে যাই এই গভীর সম্পর্ক নিয়ে কেবলই আনন্দে।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নূর মহম্মদ-এর কবিতা

অমিত্র দিন যায়

কোথাও বন্ধুই নেই যেন আমার কেউ

বন্ধুত্বহীন কেটে যায় দিন প্রতিদিন যত

শুভ আলাপেরই সময় কাটে প্রতিক্ষণ 

শত নিয়মতান্ত্রিক কথোপকথন শুধুই

শুভ কামনা শুভ যাত্রা শুভ হোক চলা

শুভেচ্ছা বিনিময় করি অজস্র অজস্রবার

কিছুতেই যেতে পারি না গভীরে গহীনে

শুধুই পরিচিতি সমগ্র পৃথিবী জুড়ে ছড়ানো

আপনার জন কেউ নেই প্রিয়তম মানুষ

চলেছে জীবন এক অচিন পথিকের মতো 

মিত্রহীনই মনে হয় এমনই অনুভূতি

হয়তোবা সময়ের ছাপ যুগের ছবিই দেখি

অন্তরের অন্তঃস্থল অজানাই থেকে যায়

পারি না ডুবে যেতে নিবিড় সম্পর্কে হায়

কেন এই মনে নেই কোন প্রিয়তা অসীম

জীবন চলেছে এখন বুঝি মহাশূন্যতার শূন্যপ্রহরে। 

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নূর মহম্মদ-এর কবিতা

ভেঙে যায় 

ভেঙে যায় আমাদের স্বপ্নের ডালপালারা

বড় করার ইচ্ছা থাকলেও হয় না বড় আর

গভীর গভীরতম যন্ত্রণার উপাখ্যান হয় তৈরি

কেন যে বড় হয় না সে এখনও রহস্যজনক

আমাদের চাওয়া পাওয়ার হিসেব মেলে না

আমাদের সকল স্বপ্নের ঘটে যায় অপমৃত্যু

কোন এক অলৌকিক শক্তি যেন থামাতে থাকে

আমাদের লক্ষ্য হয় না পূরণ কখনো কিছুই

অসহায় হয়ে কাটে দিন ব্যর্থতা নিয়েই শুধু

ভেঙে যায় আমাদের পছন্দও যত আশ্চর্যজনক

কেউ পারিনা এগিয়ে যেতে প্রতিবন্ধকতা সরিয়ে

আমাদের গড়া নেই আছে কেবলই অজস্র ভাঙন।।

 

কবিপক্ষ

কবি কি বিক্রীত হবে নাকি থাকবে নিজের একান্ত
সে তার সিদ্ধান্ত নিতে পারে যাখুশি ব্যক্তিগত একা
যে কবি হারিয়ে ফেলেছে নিজেকে উচ্চতম মূল্যেই
সে কখনো হতেই পারেনি প্রতিবাদে মুখর সাহসে
আপন প্রাপ্তির স্বপ্নে বিভোর হারায় চরিত্র পরিচয়
নষ্ট হয়ে যায় সে ভুল পথে পরিচালিত ভ্রষ্ট বিভ্রান্ত
কবির সত্য উচ্চারণ আসে না তার লেখায় কিছুই
মহাকালের গর্ভেও তার কবিতা সন্মান পায় না
কবিকে থাকতে হয় জনতার পক্ষে হতে হয় দোসর
বলতে হয় মানববন্ধন মানবকল্যাণ কর্ম নিয়ে শুধু
আত্মস্বার্থ নয় লিখতে হয় মানুষেরই যন্ত্রণাদুঃখকষ্ট
অনন্ত অন্যায় দেখেও যে কবি লেখেনি একটি বাক্য
সে কবির জীবন এক মিথ্যাযাপন অর্থহীন শূন্যতার
পৃথিবীর সবচেয়ে অকাজই করে গেছে সে আজীবন।

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নূর মহম্মদ-এর কবিতা

গার্হস্থ্য জীবন

কঠিন কঠিনতম ঘূর্ণিপাকেই চলে প্রহরগুলি
 কেউ কেউ ঠিকঠাক করে মোকাবিলা তার
কেউ কেউ নাস্তানাবুদ হিমসিম খেয়ে বেসামাল
বুঝতে পারে না সঙ্কটমোচন  হবে কিভাবে 
প্রচন্ড বেগে আসে ঝড় উথালপাথাল করা
সামলাতে হয় সব সুকৌশলী হয়েই
চাওয়া পাওয়ারও হিসেব চলে সর্বক্ষণ ভীষণ
দেয়া নেয়ার খেলাও হয়  যে কত শত
গার্হস্থ্য জীবন এক জটিল ধাঁধায় ভরা
জানে যারা উত্তর দিতে হয় তারা সুখী অনন্ত
যারা পারে না হয়ে যায় ব্যর্থ  সীমাহীন
সফল জীবন তাদের হয় না কোনদিন 
এ এক কঠিন যাত্রাপথ উভয়সঙ্কটের
সব বিপক্ষতা নষ্ট করে হতে হয় জয়ী
কবিরও গার্হস্থ্য জীবন বড়ই দুঃখের দুশ্চিন্তার
পারে না করতে সে  পালন সুন্দর সবকিছু সঠিক।।

 

শুক্রবার, ২ জুন, ২০২৩

নূর মহম্মদ-এর কবিতা

অযোদ্ধা

কঠিন যুদ্ধেই যেতে হবে আজ প্রাণের জন্য একাই
জয়ী হতে হবে সমস্ত বিরুদ্ধ শক্তি সরিয়ে দূরে
যদি ব্যর্থ হও জেনো কিছুই হবে না প্রাপ্তি সামান্যও
চেষ্টা কর আপন সাধনায় সফল জীবন পেতে
নির্ভেজাল প্রয়াসেই হও মগ্ন নীরবে নিভৃতে
অলস যে হয় না অগ্ৰসর কোনদিন এতটুকু
ফলত জীবনও দেয় না তাকে ফিরিয়ে কিছুই
অযোদ্ধার জীবন এক মৃত মানুষের মতোই 
স্মরণীয় হয় না সে উল্লেখ্য বরণীয় কখনো
যে করেছে সংগ্ৰাম আন্তরিক প্রচেষ্টায় নিবিড় 
পেয়েছে সে উজ্জ্বল ভবিষ্যৎ এক অপূর্ব
পেতে সফল জীবন হতে হয় মহাযোদ্ধাই
যুদ্ধের বিকল্প নেই কোন সাফল্য অর্জনের
এগিয়েই চল বন্ধু জীবনসংগ্রামের সত্যসূত্র ধরে।।।

 

রবিবার, ১ মে, ২০২২

নূর মহম্মদ-এর কবিতা

 

রাজবন্দনা

রাজা বরাবরই চেয়েছেন বন্দনা হোক তার প্রতিদিন

তাই তিনি পাশে চান সভাকবি বিদূ্ষকদল অজস্র

যারা কেবলই বলবে রাজা কোন অন‍্যায় করে না

বন্দনা স্বরূপও তারা পায় সন্মান মূল‍্যবান

কত যে সাহায্য তিনি দেন স্তূতির বিনিময়ে অঢেল

সিংহাসন তার অটুট রাখতেই তিনি চান দাসানুদাস

একদল বশংবদ স্তাবক পুরস্কার ও তিনি দেন

সাম্মানিকের লোভেই ভিড় করে লোভী শিল্পীর দল

পেয়েও তারা যায় তাদের কাঙ্ক্ষিত প্রাপ‍্যগুলি

চলেছে যুগ যুগ এমনই বন্দনার চিত্র বিচিত্র

প্রতিবাদী যারা শিশুর মতন তারাই বলতে পেরেছে

রাজার সকল কুকর্ম দুষ্কর্ম নির্ভয়ে দুঃসাহসে

তারাই বরেণ্য মানুষ পায় মানুষের শ্রদ্ধা ভালোবাসা

বিদূষক কখনো নয়তো আদর্শ চরিত্র জনতার।।

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নূর মহম্মদ-এর কবিতা

এ আমার শীর্ষ প্রলাপ

​বোঝাতে চেয়েছি মনুষ্যত্বের কথা বিশুদ্ধ জনে জনে

করুন পালন করুন নির্মাণ আত্মজীবনে

হতে থাকুন শ্রেষ্ঠ রচয়িতা জীবনের উল্লেখ্য

মিথ্যা যাপন নয় একদিনও

পৃথিবীর উপর সুদৃশ্য

দেখাতে থাকুন সুন্দর মনের রয়েছেন অধিকারী

বলতে চেয়েছি আমার শীর্ষ প্রলাপ দিয়ে প্রতিক্ষণ

হতেই হবে মানুষ একজন উজ্জ্বল মানবিক মহাপ্রাণ

না করে নষ্ট প্রহর মূল্যবান কাটিয়ে নির্জনে

জনতার পাশে থেকেও হতে হবে শরীক স্বার্থহীন

কোন প্রাপ্তির আশায় নয় যেতে হবে আত্মত্যাগেই

বোঝাতে চেয়েছি এ জন্ম যেন যায় না বৃথায়

সৃষ্টি করে যেতে হয় নিজেকে করে নিজকর্মেই

কদর্য জীবনের টানে হারিয়ে যেতে নেই শূন্যতায় দূরে।।


 

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২

নূর মহম্মদ-এর কবিতা


 যদি পারতাম

যদি পারতাম সমস্ত বন্ধন দুহাতে ছিঁড়ে ফেলে

মিশে যেতে ঢেউয়ের সাথে মিলে একত্রে

নিতে পারতাম তরঙ্গের উদ্বেল খেলার স্বাদ

যদি যেতে পারতাম হারিয়ে কোন অজানায় দূরে

যেখানে রয়েছে কেবলই সুখের সীমাহীন অনুভূতি

কখনো মনের ভেতরে উঁকি দেয় একান্ত গোপনে

আশ্চর্য রহস্যময় আদিম পৃথিবীর মুখও

যেখানে ছিল সবই সবুজ সবুজ সবুজের মেলা

ধূলো নয় ধোঁয়া নয় কোন আবর্জনা নয়

চলে যেতে প্রাণ চায় মহাদূরে মহাশূন্যের ভিতরে

যেখানে শুধুই অনন্তের বিস্তার বাধাহীন গমন

থেকে যেতে ইচ্ছে করে সে মহাসুন্দরের পাশে

যদি পারতাম এই কর্কশ প্রহর থেকে সরে যেতে কোথাও

স্বপ্ন দেখি স্বপ্ন দেখি এই সব অপরূপ স্থানের

শুধু দুমুঠো শান্তির জন্য একা একা গহন গোপনে।।।