অশ্রুলিপি
বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
বর্ণশ্রী বকসী-র কবিতা
অশ্রুলিপি
শনিবার, ১ অক্টোবর, ২০২২
বর্ণশ্রী বকসী-র কবিতা
চঞ্চল চোখ
উতল হাওয়ার হাত ধরে পথ চাওয়াতেই বিভ্রান্ত
অনেক সময় ঠিক বেসুরো বাঁশির মত অনাবাদি,
মেয়েটির চোখের তারার চঞ্চলতা কাকে যেন খোঁজে
বেহাগের সুর কর্দমাক্ত ঘ্রাণ হয়ে ঝরে পড়ে বুকে।
কিছু গোপন কথা লুকানো পাঁজরের তলায় স্হির
মৃত শরীরের শীতলতায় জড়ানো কান্নার গুঞ্জন –––
মৃদু অথচ দৃঢ় প্রত্যয়ে বিপ্লবের স্ফূলিঙ্গ ছড়িয়ে যায়
কবোষ্ণ রক্তের স্রোত নতুন ভোরের ছবি আঁকে....
নয়না বেহেস্ত এর নীল রঙের বাহারি মসনদে ওড়ে
জন্ম মুহূর্তের আর্তরবে প্রকাশিত আনন্দধ্বনি –––
নাবিকের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার জাগিয়ে রাখে
আসলে বিবর্তন তত্ত্বের সূত্র দিয়ে জীবনের অবিচ্ছন্নতা।
শুক্রবার, ১ জুলাই, ২০২২
বর্ণশ্রী বকসী-র কবিতা
বৃষ্টিস্নাতা
জলের তীব্রতা ছুঁয়ে ছুটে চলেছে সভ্যতা সামনে
দূরের নৌকার গলুইয়ে ক্ষীণ আলোক রেখা-
অনন্ত জীবনের চিত্রনাট্য লেখে সময়ের কলম
রিমঝিম বৃষ্টির ধারায় ধুয়ে যায় মালিন্যের মন।
নতুন রাস্তার ধারে গজিয়ে ওঠে চায়ের আস্তানা
নেশাতুর প্রকৃতির মহুল মদিরায় জেগে ওঠে কাঙ্ক্ষা,
বিসর্জনের ঢাক বেজে উঠলেই হাত কয়েক দূরে
কার আগমন বার্তা আনন্দ বাতাস বয়ে আনে।
সবুজায়নের মন্ত্রপাঠ চলে বৈদিক রীতিতে
মেয়েটি বর্ষণ শেষের স্নাতা,শাড়িতে লিপ্ত শরীরে
দৃঢ় প্রত্যয়ের চিহ্ন!অকস্মাৎ কোথায় যেন বাঁশির
এলায়িত সুরের কম্পন রেশ কাটে বিরহী মনে.....
রবিবার, ১ মে, ২০২২
বর্ণশ্রী বকসী-র কবিতা
অদেখা ছবি
পৃথিবীর পাঁজর আবৃত করে রাখে রহস্যের মায়া
নিরাকার ব্রহ্ম স্বরূপ চোখ তোলে আকুলতার,
নাবিকের নৌকা এগিয়ে চলে মাঝ বরাবর -
জলের অপার রহস্য হাতছানি মতিচ্ছন্ন করে মন
ধীবর তীক্ষ্ণ নজরে দেখে নেয় পারঘাটা কমে আসা
আলোর মধ্যেই আঁকা চলে প্রকৃতির রহস্য মেদুরতা।
চমকে যাওয়ার পথে বিদ্যুতের ছড়িয়ে যাওয়ার রেশ
আধো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বুঝে নিয়ে অরূপের যাত্রা,
কার যেন চোখের কোণ পরিপূর্ণ পুকুরের জলে
ছবির পাতা উল্টে যেতে যেতেই আর্কাইভ ধরে রাখে
বসুধার অমিয় মধুরিমা জড়াতে থাকে শুধু জড়াতেই!
রবিবার, ১ আগস্ট, ২০২১
বর্ণশ্রী বকসী-র কবিতা
রঙ বিস্তার
ধীরে ধীরে প্রকৃতির পটভূমি জেগে ওঠে
ফুলে ফুলে রঙ বিস্তার ক্রমে গাঢ় হতে থাকে
নির্জন পথের অজানা রিং টোন ছুঁয়ে যায়
মুহূর্তে মনের মানুষের মুখ ভেসে ওঠে মনপর্দায়।
দেহাতি মেয়েটির ছিপছিপে শরীলে ভরা বর্ষা
ধূসর মেঘের রঙ ছড়ানো ছিটানো মন গগনে
আদুল শিশুর মাটি মাখা ছোট্ট গা থেকে গাছ
জন্ম নেয়, সবুজ মোহময় মায়াবী রূপ চোখে
জাগিয়ে তোলে স্নিগ্ধতায় জড়িয়ে ধরা অনুভূতি!
রঙ বিস্তার লাভ করে প্রকৃতি মানুষ আর মনে
ঘন হয়ে নানা বর্ণ ছুঁয়ে থাকে হিয়ামনিকে।
মঙ্গলবার, ১ জুন, ২০২১
বর্ণশ্রী বকসী-র কবিতা
নীরবতা
সুনসান রাস্তা দিয়ে সা করে ছুটে যাওয়া ট্রাক
একঝাঁক বাতাসের মাঝে কিছুটা শব্দের ঢেউ
আজকাল সবকিছু বড় ধূসর, পাণ্ডুর -
জীবনের ক্রমোসঞ্চরণ হঠাৎ কার ইশারায় স্তব্ধ!
দূরে নদীর বুকে ভেসে চলেছে অর্ধদগ্ধ শব
কে জানে কার বুকের ধন ,কার মঙ্গলসূত্র কিংবা
কোন অবোধ শিশুর পিতা --
খাঁ খাঁ করা নদীর পাড়ে দিনেরবেলায় শেয়ালের
তীক্ষ্ম দৃষ্টি, ওঃ কি ভয়ানক বাস্তব চিত্র তুলে ধরা
বাস্তব এখানে নগ্ন, পূতিগন্ধময়, নিষ্ঠুর ভর্ৎসনা-
প্রকৃতির পটভূমিতে কেঁদে মরা মানুষের যন্ত্রণা
যাদুদণ্ড চাই , ছুঁয়ে থাকা মনুষ্যত্ব আর বেঁচে ওঠা
প্রার্থনা সংগীত ঝরে অবিরত হৃদয়ের গভীরে।





