গোলাম রসুল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গোলাম রসুল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

গোলাম রসুল-এর কবিতা


আকাশ নগরায়ণ

গলিত মৃত্যু আর জীবন প্রবাহ 

এবং আকাশ নগরায়ণ

ঢালে পেরেক দিয়ে আটকানো  নদী

তুমি কেবল মেঘলা আয়নায় দেখতে পাচ্ছো তাদের যারা হারিয়ে যাচ্ছে

আর আমি মানুষের থেকে পুরোনো

ধাঁধা আমার ধর্ম 

ওই ভাসমান মেঘ আমার স্বদেশ


ডলফিনের সিল্ক  

জেটির কান্না

রাতের তারাগুলো আমাকে এক গুহার পথ দেখায়

আমি বাজি ধরি গুহার  সাথে আর ফাঁপা শব্দগুলো বেরিয়ে আসে 


কাঠের আঙুল

বাতাসের ঘুম জড়িয়ে ধরে রেখেছে জীবন


চলো 

দূরে উঠে দাঁড়াই

মানুষের রঙে আর অঙ্গভঙ্গীতে রেখে দিই প্রার্থনা

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

গোলাম রসুল-এর কবিতা

কোরাস

আমার শিরায় কি প্রচন্ড ঝড় আমি ব্যথা বলবো না 
আমার ব্যথায় চাঁদ ভষ্মিভূত হয়

আমি আবার আমার হলুদ অশ্রুতে চাঁদ আঁকবো

আমার অশ্রুতে থাকবে ছয়টি ঋতুর বৈশিষ্ট্য
আর একটি সম্পূর্ণ বর্ষাকাল থাকবে
সীমিত ক্ষমতার মধ্যে  ঈশ্বরকে উপহার পাঠাবো একটি নৌকা
ঈশ্বর আর আমি আমার শরীরের দ্বীপাঞ্চলে যখন পৌঁছবো তখন আমার স্বদেশের আনন্দ অনুভব করবো

আমরা দেখবো কোন এক ভবিষ্যৎ 
তারার মতো চলাচল করছে রাত্রির আকাশে
যেন আমার মাতৃভূমির একটি বাড়িতে সাদা রঙের কাজ হচ্ছে 

আর দেখবো একটা দীর্ঘ নিঃশ্বাস টাঙানো রয়েছে
আমাদের নিখোঁজ গ্রামের কোনো এক মহিলার কাপড় শুকাচ্ছে 

আমার অশ্রুতে এক নজর তাকাও 
দেখো একটা হতভম্ব কোরাস 
সেখানে কি নেই 
আঠারো বছর বয়সে যখন আমি চোখ খুলেছিলাম 
দেখছিলাম একটি গানের চাকায় ভেসে উঠলো বাস্তব পৃথিবী 
সব আলো যেন কিম্ভুতকিমাকার
সব জল যেন অনুশোচনার
জমি গাছ পশুপাখি হাওয়া চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আর যাকিছু ছিল ধারণা থেকে  
পাওয়া ঈশ্বর শয়তান ভুত প্রেত সবকিছু মিলে এক কোরাস হয়ে উঠেছিল 

আমি পরমাণু হলাম ব্যথার 
আমার আত্মা থর থর কম্পনের ওপর 
আমার আত্মায় বিস্ময়কর মহাজীবনের শীতলতা 
যেন একটি ক্ষত শুষে নিচ্ছে ইথার

পৃথিবীহীন তুমুল ঝড়
কোনো এক অন্ধকার ঢালে বিধ্বস্ত  জাহাজ ডুবির মানুষ আমি

 

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

গোলাম রসুল-এর কবিতা

যেটা আমার জীবন

আমি নীরব থাকি
এই নীরবতা থেকে জেনে নিও আমার অনন্তকাল সম্বন্ধে
অবাস্তব কানে তুমি শুনতে থেকো একটি  ঘন্টার শব্দ 

আমি কবরখানার অতিথি
এখন কবরখানার ওপর নক্ষত্ররা গাণিতিক 

একটা ফ্ল্যাসলাইট শূন্যতা থেকে আসছে
আর তাকে বেঁকিয়ে আলো নিচ্ছে অন্ধকার চাপা পড়া পাখিরা 

আমার দৃষ্টি হরিণ শাবক 
সে পালাচ্ছে বিপদসঙ্কুল এক শিকারীর ভয়ে

আমার মেঘ অসুস্থ
ওপরে ব্যথার আলোড়ন
যেখানে চাঁদ একটি পিয়ানোর বাজাচ্ছে 

কি শক্ত এটা বহন করা 
যেটা আমার জীবন

 

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

গোলাম রসুল-এর কবিতা

ছায়া

আকাশে একটা অসুস্থ মানুষের নক্ষত্ররা

সে পেয়ালা থেকে নিয়ে বিতরণ করছে হিম  চাঁদ
অনেক প্রশান্তভরা চাঁদ তার জমানো ছিল
চাঁদের মাংসের মধ্যে জরির সেলাই ঝকঝক করছে 

রাস্তা 
বাড়ি
প্রাঙ্গণ 
সবটাই ব্যথার আলোড়ন 

তার দাঁতে রূপোর চেন ছটফট করছে 
চোখ কালো মোমবাতির মতো জ্বলছে
আর গলে যাচ্ছে তার মণিকাঞ্চন 

তার হাতের  হাড় বেরিয়ে আসছে রাতের সূর্যের মতো
আর আঙুলগুলো ককিয়ে কাঁদছে 

তার ঝুলি 
ভেতরে এক দ্বীপ ঝুলছে 
পাশে একটি খোলা বই
পৃষ্ঠা জুড়ে লক্ষ লক্ষ মাইল জঙ্গল 
যেখানে শিশিরগুলো থেকে মায়া পড়ে পড়ে যায় শূন্যে

রাত্রি শীতল এবং শান্ত
নৈঃশব্দ্যের গতিবেগ নির্ণয় করা একটি দূরবর্তী শব্দ ডুবে যাচ্ছে কেবল 

সে দেখছে একটি ভাঙা থার্মোমিটার 
চামড়ায় ভরা একটি জীবন্ত কঙ্কাল 

রাতের মেঘ ডাকছে অনাবিস্কৃত এক সত্যে
ধনুক নামিয়ে মেঘেরা আত্মসমর্পণ করছে তার কাছে 
আর সে তার অচিহ্নিত জীবনের জন্য কয়েকটি নক্ষত্রের সঙ্গে নিঃসঙ্গতার ছায়া স্থাপন করলো 
মৃত্যুর যাবতীয় তৃষ্ণার মধ্যে জলের ওপরে পোকার ছায়ার মতো ভেসে ওঠে যে ছায়া

 

রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

গোলাম রসুল-এর কবিতা

দলিল

আমি মরেছিলাম অনেকবার
আমার কোনো কবর নেই

তাই একটা জমির দলিল লেখা হোক পাখনায়

আমি পড়ছি ঈগলের লেখা ভ্রমণ বৃত্তান্ত
পাহাড় পর্বত আর যে নদী বয়ে গেছে বায়ুমণ্ডলকে হেলিয়ে দিয়ে
অসংখ্য নক্ষত্রদের বাঁকে বাঁকে ফেলে রেখে
আমি নাকি সে সবের এক বেসামাল শূন্যচারী
যেতে যেতে দেখি জলদস্যুরা লোপাট করছে চাঁদের মহামূল্যবান সব সোনাদানা
আর বিচূর্ণ করে দিয়েছে চাঁদের ভেতরের সেই সর্বধর্মের প্রার্থনার ঘরটিও

দূর এক ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমার
রক্তের প্রশান্ত মহাসাগরে

আমি দূর সেই দ্বীপ
অজানা গচ্ছিত রেখেছে প্রবালসমুহ
আর লুটাচ্ছে মহাপ্রলয়
দিগন্তের কাদায় পুঁতে রয়েছে সিন্ধুর  নৌকাটি

আমি অতিক্রম করছিলাম ঈশ্বর এবং শয়তানকে
আর দেখছিলাম বঙ্গোপসাগরের ওপরে মেঘ রাগ করে রয়েছে

ঈগল সব কিছু বাদ দিয়ে তুমি পাকস্থলীকে খেয়েছো
 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গোলাম রসুল-এর কবিতা

কতদূর

আমরা বেঁচে আছি মেঘে

নক্ষত্রের মেঘ
এখান থেকে সমুদ্র কতদূর

একটি লিরিক্যাল নদী তুলে নিয়ে এসে ভেসে যাই
আঙুল কেটে নদীতে জোয়ার নিয়ে আসি
আমার রক্ত গিয়ে আগেই সমুদ্রকে জানিয়ে দিক কিছু একটা

এখন আমরা সমুদ্রের ধারে
দূরে ভাসছে রাশি রাশি কাঠ
একসময় ওই কাঠের সাঁকোর ওধারে আমাদের বাড়ি ঘর ছিল

ক্রমাগত বাতাস টেনে নিয়ে যাচ্ছে বাতাস
আর কাহিল হয়ে পড়ছে নিচের দিকটা

আমরা দেখছিলাম কেবল একটি সাদা রং ডুবে যাচ্ছে আর একটা সাদা রঙে

শব্দ হচ্ছিল
কিন্তু শব্দগুলোয় কোনো উত্তর ছিল না আমাদের প্রশ্নের

 

সোমবার, ১ আগস্ট, ২০২২

গোলাম রসুল-এর কবিতা


অপ্রশস্ত জীবন

সেই উৎকৃষ্ট মূহূর্তের  জন্য শহরের ভেতর দিয়ে নৌপথে যাত্রা করার তাগিদ

মধ্যরাত

 জলের  ট্যাঙকের মতো চাঁদ

জ্বর আর জলের ট্যাঙকের স্বাদ 

 

ওপরের উপোসী আকাশের গভীরে দেখা যায় বিশাল খাঁটি সব বস্তু

তারা ঘুরছে আনন্দের মধ্যে দিয়ে

 

সমুদ্রের দিকে হেলে আছে রাত

আর অসাধারণ সব জাহাজ যা সমুদ্রকে মহাজাগতিক করে তুলেছে  

দেখি সমুদ্র মানুষদের 

আর সৃষ্টি কর্তার হাতে অরণ্যের কাঠের ফল 

 

অপ্রশস্ত  জীবন

অপ্রশস্ত আমাদের শোয়ার জায়গা

জলের টেবিলের ওপর একা কোনো ছায়া

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

গোলাম রসুল-এর কবিতা

সন্ধ্যে হয়েছে

সন্ধ্যে হয়েছে

এবার আমরা হিসেব নেবো কতজন শহরে থেকে যাবে


যাদের ভাড়াটে শরীর

যাদের ভাড়াটে আত্মা

ঈশ্বরের কাছ থেকে ভাড়া নেওয়া

তাদের কোনো চিন্তা নেই

তারা ধার্মিক ও নয়


এখন সভাঘরগুলো নক্ষত্রের মতো নিভু নিভু

একটা কাটাখাল ময়লা বোঝাই ছায়ায় উতোল


এখনো জরিমানা দিয়ে কেউ কেউ ফিরে যাচ্ছে

তাদের পায়ে মেঘ রয়েছে

বৃষ্টি হতে পারে

আর যারা থেকে গেল অনন্তকাল

ওরা আমার মতো ক্লান্ত বাতির নিচে শুয়ে দেখবে পোকায় রূপান্তরিত হয়েছে


মনে হচ্ছে আমি একটি পোকার শহরের গল্প পড়ছিলাম

 

শনিবার, ১ জানুয়ারি, ২০২২

গোলাম রসুল-এর কবিতা

রাজার আকাশ

সে এসেছিল জাহাজে করে জন্ম নিতে
যেখানে  এখন মরুভূমি
শুধু একটা শুকনো কুয়ো রয়েছে সূর্য উঠে এবং অস্ত যায়

ওদিকে কেউ যায় না
নিঃসঙ্গ পাথরবোঝাই মালগাড়ি একা চলে যায়
রাজার আকাশ গোপনে শাশ্বত ধ্বংসের মতো

চাঁদের আলো কাঁদে যাযাবর ফুটপাতে শিশুটির সাথে
যার মা চলে গেছে আধখানা দূরে

চারিদিকে শুধু খণ্ড খণ্ড চাঁদ আর পাহাড়

 

সোমবার, ১ নভেম্বর, ২০২১

গোলাম রসুল-এর কবিতা


পালকের ঝড়

দীর্ঘ রেখা ধরে আমরা কোনাকুনি এগিয়ে যাই
ঠিকানা বিহীন একটি গোরস্থান যার কোনো পাহারাদার নেই
এখানে স্তম্ভের মতো একটি সময় আকাশ ওড়ার ছন্দের ভেতরে

শিকারী পাখিদের  পালকের ঝড় যে পর্যন্ত বিস্তৃত
জীবন আমাদের কাছে সেইসব ঝোপঝাড়গুলোর  মতো
তাও আমরা জানি না কেমন করে মরতে হয়
ইতিমধ্যে  যা কিছু ভালোবেসেছিলাম অদৃশ্য হয়ে গেছে

সেই সব অট্টালিকারগুলোর মধ্যে যেগুলো আর দেখা যায় না

রাত্রির সবচেয়ে প্রবল ঢেউ
অন্ধকারে যেখানে প্রাচীন মানুষকে দেখা যায়
সেইসব অব্যক্ত সময়ে আমার শরীরের একটা মুদ্রাকে জাগিয়ে তুলি 

এবং তাকে আমার পূর্ব পুরুষদের কথা বলি
মরুভূমির কয়লা গুলো উড়ে আসে অশ্রুর জলবাহকদের সাথে নিয়ে
আর হাওয়া সরু হয়ে ঢুকে যায় একটি আবর্তে