এস. আজাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এস. আজাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

এস.আজাদ-এর কবিতা


বোয়েমের ভিতর রাত্রি

তেতলার পশ্চিমের বারান্দায়
ওয়াইন ভর্তি বোয়েমে জারিয়ে রেখেছি দুঃখ —
এক অদ্ভুত গন্ধ,
যা কেবল রাতের শিরায় ঢোকে।

ডুবে যাওয়ার পরেও
আলোরা লুটোপুটি খায়
জাফরানী কাঠের ইজি চেয়ারের ছায়ার নিচে,
যেন আলোও জানে
অন্ধকারের খেলার নিয়ম।

বোয়েমের ভিতর ভুড়ভুড়ি কাটে বুদবুদ,
বুদবুদের ভিতর ঘুমায় নিশ্চিন্ত রং —
কিংবা গোল্লাছুট খেলে
রামধনুর অবশিষ্ট টুকরোগুলো।
যখনই ফেটে যায়,
হলদে-সবুজ দুঃখ ছড়িয়ে পড়ে
বারান্দার মেঝেতে।

তোমার কবুতর আঁকা চোখ,
ভাঙা চোয়ালের বাঁকা প্রতিচ্ছবি
দ্রাক্ষারসে ডুবতে থাকা সূর্যের কাছে
এখন বড়ো অচেনা।

ক্লান্তিহীন নদী
থমকে দাঁড়াতে গিয়েও
পরিবর্তন করে তার গতিপথ —
ঠিক যেমন রাত্রির সব আলো মিলে
পুবের জানালা খুলে দিলে
চমকে ওঠে চামড়া।

আলোর পরিবর্তিত গতিপথে
ধরা পড়ে বিধ্বস্ত রাত্রির
গুমরে ওঠা কান্না।

খাটের এক কোণায়
চাঁদ আঁকা চাদরের ওপর
ছড়ানো থাকে —
তাজা হৃৎপিণ্ড, লিভার, কিডনি
আর খোলা চোখ —
যেন অঙ্গ-প্রত্যঙ্গও
রাত্রিকে দেখে কেঁদে উঠতে চায়।

 

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

এস. আজাদ-এর কবিতা

অক্ষরের সেতু

১

গল্পের ভিতর জন্ম হয় আর এক গল্পের

যেমন কান্ড শাখা প্রশাখা — মূল শাখা মূল প্রশাখা মূল

গাছের মতো জীবনে গল্পেরা বয়ে বেড়ায় রসদ,

বেঁচে থাকার রসদ। গল্প থেকে আরেক গল্পের ভিতর।

কালো সাদা অক্ষরের সেতু বেয়ে চলে সঞ্জীবনী সুধা,

লসিকা, রক্ত, রক্তরস।


২ 

চণ্ডীমণ্ডপে শান বাঁধানো চাতালে গল্প ছড়িয়ে পরে

জীবন থেকে আর এক জীবনের ভেতর।

কখনো কখনো কবিতার ভেতরও থেকে যায়

গল্পের আধ খাওয়া লাশ কিংবা গল্পের ভিতর

হাঁটা চলা করে কবিতার ভাষা।


৩ 

অদৃশ্য এক জালে আটকা পরে হৃদয় পোড়া ছাই,

মনুষ্যত্বের অবশেষ।

নদীহীন বেদনার জলছবি বয়ে যায়

গল্পের ভিতর দিয়ে আর এক মরু সাগরের প্লাবনে।