প্রশান্ত মাইতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশান্ত মাইতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

প্রশান্ত মাইতি-র কবিতা


অনুভবে

এতকাল এই চেয়ারেই বসতেন বাবা


টেবিলে রাখা অজস্র কাগজ,ডাইরি

একটাই ছিল নীল পেন

যখন তখন বসে পড়তেন লিখতে 


বাবার অজান্তে আমিও বসতাম শৈশবে

মা বকতেন,বারণও করতেন

কিছুই বুঝতাম না বারণের অর্থ


বাবা আমায় বোঝাতেন, শাসনও

করতেন উপমার অনুরাগে,আদরে সোহাগে

সমস্ত চাওয়া বাবাই যোগাতেন অজান্তে


ছেড়ে গেল চলে বাবা আমাদের

সব নিয়ে গেল মুঠোয় পুরে 

মায়ের চোখে হতাশার নদীজল এঁকে


চেয়ারটা একলা ডুকরে কাঁদে এখন

প্রতি রাতে নিরাশার বুকে মুখ গুঁজে

বাবা যেন আজও বসে চেয়ারে

যখন নাকে লাগে বাতাসে ভেসে 


আসা বাবার শরীরের চেয়ার গন্ধটা।।

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

প্রশান্ত মাইতি-র কবিতা

পিতৃত্ব

       (রাজীব শীট স্মরণে)

সকালের কাগজে তোমার ছবি
অবাক হয়েছিলাম দেখে 
তারপর মাকে দেখাতে বললো,
না না তুমি নও, তোমার মতো.....

তোমাকে মনে পড়ে একলা ঘরে 
তোমাকে মিস করি কাছে না পেলে

যে মানুষটা চায়ের কাপ হাতে 
কথার ফুলঝুরি ছড়িয়ে ঢুকতো হাসপাতালে
যে মানুষটা রাগ,অভিমান বিসর্জন
দিয়েছিল ভালোবাসার কাঙাল হয়ে
যে মানুষটা সকাল থেকে রাত 
কাটিয়ে দিত ব্যস্ততাকে সঙ্গী করে

সে মানুষটা হারিয়ে গেছে কোথায় 
সে চলে যেতে পারলো আমাদের ছেড়ে 
আমাদের একলা করে সঙ্গীহীন 

সে বড় স্বার্থপর,কাপুরুষ,নিষ্ঠুর
আমাদের দুঃখের অতল গহ্বরে 
ফেলে চলে গেলো অজানার দেশে 

সে চলে গেছে পিতৃত্ব ভুলে।। 


মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

প্রশান্ত মাইতি-র কবিতা

উঠোনে বসে মা  

পায়ে পায়ে সময় পেরিয়ে আসি বাড়ি
পথ শেষ হয়, উঠোনে বসে মা ---
অপেক্ষার চাদর জড়িয়ে তাকিয়ে পথে

মায়াবী চোখে নামে চিন্তার ক্লেদ
অপেক্ষার অবসানের সীমানায় ফুটে ওঠে আনন্দ

পায়ে পায়ে সময় পেরিয়ে যায়
মায়ের সময় শেষ হয় সন্তানের ফেরায়।


তোমাকে ছুঁলে

তোমাকে ছুঁলেই নেমে আসে কবিতা
কল্পনার উঠোনে ভিড় করে একেএকে

আমার ছাদ বাগানের বন্ধুরা মেতে
ওঠে সবুজ দুবাহু তুলে বাতাস আনন্দে
ক্লান্ত সূর্য দেখে হাসে মরমী ভালোবাসা

তোমাকে ছুঁলেই কেমন অন্ধকারে আলো জ্বলে
রাতের ছুটে চলা ট্রেন দাঁড়ায় হঠাৎ
হকারের চিৎকার মৃদু হয়ে ভাসে 

সাবধানে ছুঁয়েছি তোমায় তাই অঘটনের ভয়ে ।।

 

মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

প্রশান্ত মাইতি-র কবিতা


প্রিয় রবিবার

তুমি জানো,
সপ্তাহের একটি দিন তোমার জন্য তোলা

সব কাজ ফেলে,সব বাধা ঠেলে
সব আপদ রেখে ছুটি তোমার জন্য
ওই নামেই চিনি, ওই নামেই ডাকি
তবু ভুল বুঝে মুখ ঘোরাতে দেখি

তোমার মত রবিবারকেও বড্ড ভালোবাসি।।