পীযূষকান্তি বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পীযূষকান্তি বিশ্বাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ জুন, ২০২৩

পীযূষকান্তি বিশ্বাস-এর কবিতা

কানাই মাস্টার

আমাদের স্কুল আছে, স্কুলমাস্টার নাই।

স্কুলের ছাদ আছে, তদোপরি নীল আকাশ 

নীলিমায়, চরাচরে বিছিয়ে দেওয়া ফরাস।


আমাদের বর্ণমালা আছে

ছড়ানো আছে পরিপাটি খই 

পুজোর থালায় শুকিয়ে যাওয়া হাতে খড়ি,

পরিমাপে অবয়ব হয়ে ওঠা স্লেট 

পেন্সিল  


আমাদের  অক্ষর আছে

কানাইমাস্টার নাই

সেই বিড়ালটাকেও আমি কোথাও দেখি না।


কেউ যেন এই নভেম্বরে শূন্য করে দিয়ে গেছে 

গোটা ক্লাসরুম, বেবাক ঘর - বারান্দা।


জরাজীর্ণ স্কুলবাড়ি থেকে তথাপি 

মিউ মিউ শব্দে মধ্যরাতে ক্রমাগত গোঙানি শুনছি 

বারবার যেন থেমে থেমে

ডুকরে ডুকরে কেঁদে উঠছে কেউ ...