এস মনিরউদ্দিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এস মনিরউদ্দিন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ জুন, ২০২৬

এস মনিরউদ্দিন-এর কবিতা

 

প্রথম স্পর্শ 


সিঁড়ি দিয়ে বেশ উঠছিলাম,  কোথাও থমকাতে হয়নি, পায়ের পেশিতে টানও ধরেনি, আমার দৃষ্টির সামনে কোনও খোলা বাতায়ণ নেই, তবু

আমি কিছু দেখার জন্য দৃষ্টি প্রসারিত করি, যেমন করে মেঘের ফাঁক

দিয়ে ছিটকে বেরিয়ে আসে সূর্য ,  ঠিক তেমনই উদ্ভাসিত হলে তুমি।

আমার কাঁধের উপর কেউ শীতল হাত রাখল — মৃত্যুর।




মার্বেল  


কোথাও যাব বলে বেরিয়েছি সেই ঝুঁঝকো বেলায়। কোথায় যাব?

তা তো জানি না!  তবে যাব যে তার প্রমাণ আমার কাঁধে এই ঝোলা ব্যাগ,

ব্যাগের মধ্যে একমুঠো কাচের মার্বেল,  মার্বেলের  গায়ে অসফল ভ্রমণের

ইতিহাস। যখন হাঁটতে পারি না,  পায়ে ব্যথা, শক্তিহীন ; তখনই গড়িয়ে দিই

মার্বেল,  আর দাঁড়িয়ে পড়ি তার উপর। আমাকে হুড়মুড়িয়ে টেনে নিয়ে যায়

মার্বেলগুলি  আমার কবরখানার দিকে। 

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

এস মনিরউদ্দিন-এর কবিতা

পথে পথে

স্রোতের উজানে আমি ভেসে যাব বলে

এখানে এসেছি। এই পাহাড়ি পথের ভয়ঙ্কর বাঁক দেখে

স্তব্ধ আমি। বিপজ্জনক এই পথরেখা

খুব কি জড়তা নিয়ে দূরে সরে যাবে!

আমার হাতের পাশে  একান্ত আপন কোনও হাত

নেই আর। আবহমানের গান কৃপাসিন্ধু পার হয়ে

যায়। আমি তাকে অচানক চকিত চমক দেব বলে

ঘুরপথে এখানে এসেছি।


মানালির পথে পথে তার তীব্র হাতছানিময়

আরাধ্য আবেগ যেন ক্রমাগত উচ্চকিত হয়।


একজন সঙ্গে ছিল বহুদিন। সে সব অনেক যুগ

আগেকার গান। আপেল বাগানে তার দ্যুতিময় ক্রীড়া

দেখেছে প্রাচীন দেবদার পাইন শাল ও সেগুন---

ভ্রমনের পাশে তার স্বরচিহ্ণ এখন অতীত।

ভয়াবহ নিষ্পেষণে সমূহ প্রলয় কাকে বলে

তাও তো জেনেছি আমি।


আজ এই ভাঙাচোরা পথে পাহাড়ি বিছের হুল

কত যে মধুর হতে পারে --- এইমাত্র জেনেছি।

আরও যা জানার,  সে যাচ্ছে লাদাখের পথে

আমার সকল আয়ু তার সঙ্গে পথে পথে যাক।