রবিবার, ২১ জুন, ২০২৬

প্রশান্ত মাইতি-র কবিতা


অনুভবে

এতকাল এই চেয়ারেই বসতেন বাবা


টেবিলে রাখা অজস্র কাগজ,ডাইরি

একটাই ছিল নীল পেন

যখন তখন বসে পড়তেন লিখতে 


বাবার অজান্তে আমিও বসতাম শৈশবে

মা বকতেন,বারণও করতেন

কিছুই বুঝতাম না বারণের অর্থ


বাবা আমায় বোঝাতেনশাসনও

করতেন উপমার অনুরাগে,আদরে সোহাগে

সমস্ত চাওয়া বাবাই যোগাতেন অজান্তে


ছেড়ে গেল চলে বাবা আমাদের

সব নিয়ে গেল মুঠোয় পুরে 

মায়ের চোখে হতাশার নদীজল এঁকে


চেয়ারটা একলা ডুকরে কাঁদে এখন

প্রতি রাতে নিরাশার বুকে মুখ গুঁজে

বাবা যেন আজও বসে চেয়ারে

যখন নাকে লাগে বাতাসে ভেসে 


আসা বাবার শরীরের চেয়ার গন্ধটা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন