শুক্রবার, ২ জুন, ২০২৩
রাজীব ঘোষ-এর কবিতা
পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা
অথচ সচল,অথচ হৃদি আনচান আবাদের মাটিতে...
অন্তরালে কারো চোখেরও আরাম হয় না বুঝি!
ত্বকের,
এই সবুজ আমাদের বড় প্রিয়,
এই মানুষ নীল-সবুজে মিশে যাওয়া প্রাণ
তুমি যাকে বসন্ত আবেগে ডাকো
আমিও ভুল করে বলি অঘ্রাণ!
অথচ নামেরও যাওয়া আসা ধুস! আর হৃদি আনচান
এই মানুষ তুমি গড়েছো, একান্ত নিশ্চুপ একটি বাগান!
গালিব উদ্দিন মণ্ডল-এর কবিতা
আলপথে এসে পড়ে অন্য গ্রহের ঘুড়ি
এই গ্রহে তখনও চলে নি আমির খানের পিকে
ফিকে হয়ে আসা অসমান আশমানে
পথের পাঁচালী ম্যাজিক মল্লারে উঠে পড়ে
দুর্গার কপালের টিপের মতো চাঁদ
অপুর মাথায় রাংতা হয়ে জ্বলে।
তূয়া নূর-এর কবিতা
বন্যা ব্যানার্জী-র কবিতা
রবীন বসু-র কবিতা
পথ হেঁটেছে পথের দিকে সামনে মরা মাঠ
অথৈ নদী খলবলিয়ে এখন শুকনা কাঠ।
কাঠ বেচেছে মানুষগুলো চোরাগোপ্তা টান
অরণ্য আজ মুড়ো হল ফাঁকা ও শুনশান।
বৃষ্টি তুমি কোথায় গেলে গ্রীষ্ম দুপুর খাঁ
উষ্ণায়নে বরফ গলে সবুজ যে ভোঁ-ভাঁ।
মানুষ তুমি ভেবে দেখো দিচ্ছো ফাঁকি কার
নিজের বিপদ নিজে ডেকে করছো যে ছারখার।
পথ চলেছে পথের মতো মনটা খারাপ তার
সবুজ গেল, বৃক্ষ গেল বৃষ্টি গেল কার?
এই পৃথিবী আপনভোলা নিঃস্ব হচ্ছে খুব
দিনে দিনে দূষণক্রিয়া বাড়ায় দেখি দুখ।
তাপস কুমার চট্টরাজ-এর কবিতা
বন্ধন পাল-এর কবিতা
সুস্মিত হালদার-এর কবিতা
তুমি এলে গল্প করব।
সারাদিন কেমন করে কাটালাম –
তুমি এলে পিছন ফিরে দেখতে পারি।
আর তো সময় হয় না,
কয়েক ঘন্টার এইটুকুই অবকাশ,
তুমি এলে।
তুমি এলে এতটাই হাল্কা লাগে
এতটাই নিরুদ্বেগ
বিছানায় গা এলিয়ে দিয়ে
মনটা সুতো ছাড়া ঘুড়ির মতো উড়তে দি –
এ কথা সে কথা কত কথার জাল বুনে চলি,
তোমার সঙ্গে।
তুমি বিবাদ করো না, প্রশ্ন করো না
মন দিয়ে শুধু শোন
সাক্ষীগোপালের মতো।
তুমি আসো নিঃশব্দে,
অজ্ঞাতসারে।
কালো বোরখা পড়ে,
চুপিসারে।
নাকাবে মুখ ঢেকে,
অন্ধকারে।
যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা
কোনো এক মুঘল সম্রাজ্ঞীর অবৈধ প্রেমাভিসার।
তুমি পাশে থাকলে
হৃদয় খুঁড়ে আবিষ্কার করি নিজেকে
এই আবেগঘন একান্ত আপন সময়ে।
আমি বাঁচার অর্থ খুঁজে পাই।
তোমরা রোজ এসো,তবে আমি বাঁচব।
রহমান হেনরী-র কবিতা
বাসনা আমার:
যদি এক ন্যানো-সেকেন্ডের জন্যও হয়,
আমি নিশ্চয়
তোমাকে, বুকে জড়িয়ে ধরতে চাই;
আপন মাতৃভাষায়, বলতে চাই— ভালোবাসি।
মানবো না বেহেস্ত বা দোজখের দায়,
লাগবে না অতগুলো হুর;
সিজদায় পড়ে র’বো—
এক লহমায়
দগ্ধিভূত সুরমা হবো;
যেন আমি সুপ্রাচীন মিশরের তুর!
জন্মমাত্র আমি তাই
মরজগতের অধিবাসী
আর
তোমার প্রবাসী।
হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
চাঁদের চোখে মনে পড়ছে,মনে কি পড়ে
বড়ে গুলাম আলি থেকে বিসমিল্লাহ
এস ডি বর্মন হেমন্ত মান্না লতা সন্ধ্যার
সীমাহীন আকাশ সুমন কল্যাণপুর থেকে চৌরাশিয়া
হে সঙ্গীতের অনন্ত আকাশ তোমার অপরিচয়
তোমার নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও
আমি ঢুকে পড়েছি আর বেরোবার উপায় নেই
সবসময়য় দুঃখ ও বেদনা নয়
অদ্ভুত সুন্দর আনন্দ উৎসবে সামিল করে তোলে
সঙ্গীত, মহান গায়কদের যত নিষ্ঠুরতার কথাই
শুনিনা কেন সব কিছু সরিয়ে
তখনই এক বিমূর্ত এবং ভয়ঙ্কর সুন্দর
শ্বেতশুভ্র সরস্বতী সামনে এসে দাঁড়ায়
নূর মহম্মদ-এর কবিতা
নাসির ওয়াদেন-এর কবিতা
নিস্তরঙ্গ দুপুর, কানাকানি করে রোদ
ঝলকে ঝলকে ঝরে রবীন্দ্র সংগীত
আকাশ গলা তুলে সুর গায়
মেলায় গলা পাখিকুল, বাতাসও
আম্রিকা ডাল শোনে মৌমাছি মৃদু গুঞ্জন
বিগলিত কান শোনে
রবীন্দ্র ভজনা, রাবীন্দ্রিক বন্দনা...
না, অপরাহ্ন থাকে না চেয়ে আর
অমলিন প্রভাতের অপরূপ রঙে
দুর্বার আকাঙ্ক্ষা ---
এক অস্পষ্ট আঁধার কেটে নতুন ভোর আসে
খণ্ডে খণ্ডে দেখি নতুনের নব বার্তা,
কতদিন আগে হারিয়েছি সে সুধা সুর
মনের বিকেলে বাঁধা সনাতনী দিঘিঘাট,
একান্তে কথা হলেই জেগে ওঠে ভোর
অপরূপ অন্ধকারে ভাঙে নির্মল রাত
নতুন আলোকে
পঁচিশে বৈশাখের জনম জনম বিশ্বাস
এক মুহূর্তে কোল বুক আলো করে
আঁধার পালিয়ে বাঁচে, আলোর সমুদ্র--
পলাশ রাঙা-বন, শিমুল ঝরা আলপথ,
অলক্তিকা হেসে ওঠে দুরন্ত এক্সপ্রেস
সৃজনে সৃজনে ভরে ওঠে শান্তিনিকেতন
নিভবে না ততদিন এই আলোছায়া
আয়ু আছে যতদিন এ পৃথিবীর
দিনে দিনে কাঙাল হয়ে যাচ্ছে পৃথিবী আমার
কাঙালিনী মনে জাগে শুধুই পঁচিশে বৈশাখ












