মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

অমিত কাশ‍্যপ-এর কবিতা

পঁচিশে বৈশাখ

এখনো বিকেল হয়নি, সূর্য ডুবে যায়নি 
ওই জলাশয়ে, এমন সময় কেমন এক স্তব্ধতা
দখিনী বাতাস স্কুল ছুটির মতো বয়ে আনছে পিঠে 
এপ্রিল শেষ করে পঁচিশে বৈশাখের ঘোর

পঁচিশে বৈশাখে কতবার কালবৈশাখী হয়েছে 
উদ্বোধনী সঙ্গীতের পরপরই হারমোনিয়াম সরে গেছে 
নৃত্যশিল্পীরা নেমে গেছে মঞ্চের পেছনে গ্রিমরুমে
হাহুতাশ করতে দেখা গেছে উদ্যোগতাদের

আপডেটে এখন আবাসনের বৃহৎ অডিটোরিয়ামে
জন্মদিন, শ্রাদ্ধশান্তি, ছোট গেট টু গেদার
পঁচিশ বৈশাখ, নজরুলজয়ন্তী
কোনো ঝঞ্ঝা নেই, নেই মাইক্রোফোনের যন্ত্রণা 

সাজিয়ে গুছিয়ে কবিগুরুকে নিয়ে আসা
গান-আবৃত্তির পর চণ্ডালিকা, আপ‍্যায়ণ সুনিশ্চিত

 

রিসতিয়াক আহম্মেদ-এর কবিতা

সামঞ্জস্যের ইতিহাস 

সামঞ্জস্য ক্লাসের তুমি এক পলাতক শিক্ষার্থী 


শব্দানুভূতির শূন্যতা অনুভব করতে পারোনি


রংতামাশার মশগুলে 

                 মাদকতার মূর্ছনায় 

পঙক্তিগলিতে রচে গেছ সরু বিন্যাস


জানো তো, আমাদের একছত্র অধিপত্যের শিক্ষানবিশরা 

তোমাকে শিখিয়ে যায় আগাছা পরিচর্যার ইতিহাস 


মনে রেখো, ঘাসফুলের ঘাসফড়িংয়ের অভিশাপ 

অধিক পিক্সেলের ডাটা এন্ট্রিতে বিদ্যমান 


মেরু গলতে শুরু করেছে

মরুতে বায়ুবেগ তীব্র


এতদঞ্চলে তুমি এখন অধিক পাখনা গজিয়ে বেড়াও!


 

একটি কালোবাউশ

অতঃপর আয়োজনের শেষ উক্তিটি 
তুমি সম্ভাষনের থেকেও চমকিত করে বললে

একটা আলো-আঁধারি মায়ায় 
জিওল করে রাখলে
কালোবাউশের ইহজাগতিকতা

কৌশিক সেন-এর কবিতা

গ্যালিলিও, কন্যাকে...

 

তোমার মাকে বোলো

আগামী জন্মে শূলবিদ্ধ করে যেন

নিভন্ত শরীরে, নাভি থেকে শিরদাঁড়া...

 

বোলো, যেন বাড়া ভাতে রেখে আসে

গতজন্মের অসমাপ্ত পোস্তর বড়া’টি,

কাঁচা পেয়াজ আর তেলের ঝাঁঝে ভেসে যাক

অসম্ভব স্মৃতিস্তম্ভ!

 

শোনো মামনি

তোমার মাকে বোলো,

এই নশ্বরতায় একটা হেলানো মিনার আছে

পিসার মতই। সেখানে যেন

একথোকা বিরহ রেখে আসে, সময় করে।

 

আমি আর দূরবীক্ষণ যন্ত্র নিয়ে আসবনা

আগামী জন্মে।।

 

হাইকেল হাশমী-র কবিতা

পরস্পর-বিরোধী ভাবনা

তোমাকে ভুলে যাবার শত প্রচেষ্টা

তোমাকে ফিরে পাবার তীব্র বাসনা,

জীবনটা কেটে যাচ্ছে যেমন

কোন দরিদ্রের সচ্ছলতার প্রার্থনা,

জেগেও দেখি জীবনের রঙিন স্বপ্ন

আবার ঘুমের মধ্যে স্বপ্নের প্রতারণা,

বেঁচে আছি নিয়ে পরস্পর-বিরোধী ভাবনা

পাবার না পাবার নিয়ে শত বেদনা, 

কালো, সাদা, ধুসর, সবুজ আর রক্তিম লাল

স্বপ্নের রঙ দিয়ে আঁকি জীবনের আল্পনা,

জানি জীবন নয় কোন রূপকথার গল্প

কিন্তু শেষ হয় না কোন দিন শুভ্র কল্পনা।

 

বন্ধন পাল-এর কবিতা


জালের ধর্ম

সে-দূর সুদূর‌ই থাকে, প্রেমের বোধের নিষ্ঠা ভাবায় নিকট,
আতস কাচের ধর্ম নীচকে ওপরে তুলে চোখকে দেখানো;
ধর্মান্ধ স্বভাব, কিন্তু কেন্দ্রিত সূর্যরশ্মিতে পোড়ায় অধীর
নীচস্থ মনকে গুণগত কার্যক্রমে!
নিকটে উত্থিত-রূপ নিষ্ঠার ধর্মকে বোধে বাঁধে।

যার কোন‌ও স্থান আজ নির্ধারিত নয়
'দূরে-কাছে' শব্দগুলি তার কাছে চির-অবান্তর—
দু'টি নিষ্ক্রিয় মৌলের যোজ্যতাবিহীন সম্পর্কের
আশা-প্রত্যাশা হারানো মৃতবৎ পাশাপাশি থাকা;
প্রাপ্তবয়স্ক হাসির গোপন শব্দের ভারে কেঁপে ওঠে ঠোঁট।

বিভ্রান্তিতে বেড়ে ওঠা বিচিত্র বিলাপে
ভাসছে জীবন যেন দিগ্‌ভ্রান্ত মাছ-ধরা ডিঙি;
সমুদ্রের বুক থেকে জাল টানে ব্যতিব্যস্ত জেলে
তটে জড়ো করা জালে ছটফট করে মরে মাছ
বাঁচা ও মরার মাঝে দুর্ভাগ্যের দূরত্বকে টেনে তোলে জাল।


 

সোমাভ রায়চৌধুরী-র কবিতা

কারিগর 

কতোবার মেরে ফেলতে না পেরে হনন করবে চরিত্তির? 
আমি তো নিজেকে মহান ব'লে দাবি করিনি এ বিশ্বে! 
শুধু একজন কারিগর হয়ে কাটাতে চেয়েছি জীবন স্থির 
তুমি ট্রেন থেকে হাতটা নাড়ালে বিগত ফিল্মি দৃশ্যে 

এখন আটকা পড়েছি বেগম, মধ্যবয়সী সিনেপটে 
পাহাড় আঁকড়ে রডোডেন্ড্রন গুচ্ছ নিয়ে বেঁচে আছি 
কখনো সখনো আছড়ে ফেলছে সফেন সাগর প্রিয় তটে 
ইলোরার গুহাচিত্তির ছুঁয়ে সেন্সরহীন কাছাকাছি। 


হাফ সেঞ্চুরি

হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আমি ব্যাটখানা যেই তুললাম 
করধ্বনিতে তুমি নিয়ে এলে পাঁচ দশকের কেক 
মোমবাতি জ্বেলে ছুরি ব্যবহার, আবহে তুলকালাম 
ঘর অন্ধকার, নাম উচ্চারণ করলে বার পাঁচেক 

ছোট্টোবেলার পাহাড়ে আমরা আবার যাচ্ছি ট্রেকিং 
Mythos থেকে বেরিয়ে আসছি শিবের জটাজালে 
চারিদিকে ঘুরে খেলে বেড়াচ্ছে বেশ কিছু জলফড়িং 
দৃশ্য ভাঙছি, দৃশ্য গড়ছি বেহেস্ত হাসপাতালে। 
 

কামরুল ইসলাম-এর কবিতা

রবীন্দ্রনাথ

একটি কালো ছাতার নিচে একজন ভাষাশল্যবিদ

বৃষ্টির সুনসান ছেড়ে অফুরন্ত টর্সের আলোয়

একটি বাগানের দিকে এগোচ্ছেন একা--

ব্যাঙ ডাকছে পাশের নালায়, সংগীতের রঙ নিয়ে

অন্ধকারের বাহাস ক্রমশ এগিয়ে যাচ্ছে দূরে,

উজ্জ্বল উদ্ধারে নেমে আসছে সূর্যের বাড়ন্ত বুক

সেখানে মুখের দিকে মুখ আর অরণ্যের ডাকে

সৌভিক শান্ত অনাচারও পতঙ্গপাখায় মিশে গেছে

রাতের এরকম ফাঁদেই তীর্থের সম্ভ্রম, যেন

মেহগনির জায়মান মস্তিষ্কের অবিরাম ছকে

অনাহুত জলের ছন্দের মানচিত্র হয়ে, কিছুটা

আড়ালের স্বপ্নের মোড়কে বন্ধনহীন নৃত্যের

সরল আরশিতে চারপাশে জেগে উঠছে ঘাস--

উঠোনের দশকোণে যেন এক পরিণত সুশীল হাত

সাঁঝের অতিথি হয়ে জ্বেলে দেয় আলো

দলছুট তরঙ্গের খেলায় ভরে উঠছে তাবৎ আঙিনা 

তৈমুর খান-এর কবিতা

মৃত্যুগুলি

মৃত্যুগুলি সুন্দর ছিল না
 ভয়ঙ্কর কুৎসিত আর দুঃখে ভরা
 রক্তমাখা ঠোঁট, এলোমেলো হাত-পা
 সোনালি রঙের বিকেলে
 আর কোনো রাস্তা চোখে পড়ছিল না আমাদের

 শোকের পাথর কুড়াতে কুড়াতে
 ইহবিমুখ হয়ে যাচ্ছিলাম সবাই
 নীল আকাশে এক টুকরো সাদা রঙের
 রবার ঘষতে ঘষতে চলে যাচ্ছিল হাওয়া

 আমরা কোনো আকর্ষণীয় গল্পের কাছে যেতে পারিনি
 আমরা কোনো চায়ের আড্ডায় বসিনি
 আমরা পোশাকও পাল্টাইনি কেউ

 মৃত্যুরা চারিদিকে শিস দিচ্ছিল
 অন্ধকারের বিড়ালের মতো তাদের চোখ
 বারবার আতঙ্কিত করছিল আমাদের


কৃষক

মানুষকে বাঁচাবার এবং ভালোবাসবার 
                       ইচ্ছেগুলির জন্ম দিতে দিতে
                                                  চলে যাব
 শিল্প একটি শ্লোগান মাত্র
 এই এক টুকরো, কয়েকটি শব্দ
 বোধের তীব্র লাঙলে চাষাবাদ
 সহিষ্ণু আর অপেক্ষার বাতাসে
                                       নামুক অনুকম্পা;

 মধ্যরাত আগলে আছি
 সকাল ও সূর্যকে দিয়ে যাব
 আমার প্রাচুর্য সমূহ
 মানবিক দানার শস্যে পুষ্ট শিষগুলি
 মহাকালে আন্দোলিত হবে

 আমিও তবে মহাকালের কৃষক 

জগন্ময় মজুমদার-এর কবিতা

না চাহিলে যারে

হাতের তালুর মত চিনি তাকে, এমন অহংকার নেই।

সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে
তাকে চেনা আমার কম্মো নয়।

মেলে না, মেলানো যায় না
মন চায় চক্ষু না চায়।

রাধা চূড়ায় বসতে বসতে বসেনা প্রজাপতি
 বসে রক্তদ্রোনে
জেনে শুনে করে বিষ পান প্রেমের নিয়তি।

সাক্ষাৎ মৃত্যু জেনেও সংগম পিপাসা
মেটেনা পুং মাকড়সার!

না চাহিলে যারে পাওয়া যায়
তার কাছে কে আর সহজে যায়।

হাত পাতে মাত্র।

 

প্রদীপ চক্রবর্তী-র কবিতা

মৃগয়াভূমি 

এক .

বিষ পান করো  মীরা 
পিরিতের রীতি - রঙ্গন 
ধরে রাখি খিলানের নীলচূড়া 
সামলে নেবার কিছু কিছু 
ধরে রাখি মাংসের শরীর, স্বরগ্রামখানি 

ভোরের  সাকিন আমার 
ঝড়ের দোটানায় কেমন ঝিমলাগা 
সুরকি - খসা জানলার গ্রিলে দুলছি 
শব্দ - পলার্ধ মুহূর্তের ধ্বনি মহামাংসে 
 হরিণের বাতিঘর চিনে তুমি ঠিক ফিরে আসবে 
বাতিমায়াবীর চোখমেলিয়ান ছবির বালুকায় 

বিষের গণভারত শিশিরবিনা রক্তে ছিটকে ওঠে,
আকাশে আইকনে মৌন পাখি 
পাতার মধ্যে অলিভ্রম না শৈবালসাঁজোয়া  দিয়ে ঢাকা পিস্তলের মুখে 
 দম ফাটছে আমাদের,
 ছলাৎছল  নীলাঞ্জন ছায়ার হাওয়ায় 
কার  পোড়া গন্ধ? 
কার হিয়ার গল্পে  হাওয়ায় নড়ছে না বুদ্ধক্ষেত?

 

দুই .

সুবর্ণনগরীর দক্ষিণপারে পরপর ময়ূর ফাটছে,
বাহুল্যা  নাচুনী  যে - পাখা ধরেছে ঘোড়াদের দুইপাশে 
তারালীন বলতে বলতেই যামিনী কেমন পাল্টে গিয়েছে দেখো!

 স্তরে স্তরে লোকায়ত, শকটের মোড়ক 
মুখিয়ে উঠছে দিগ্বিদিক ঘোড়াদের সরল  ভাঙনে 
পরস্পরের মধ্যে কথা বলতে বলতে দূর সুদূর মানুষ  থেমে যায় রাত্রিকালীন শিলং রেডিওর কাছে 

কিভাবে ছায়াপথের পাগল হারিয়ে গিয়েছিলো 
শহরতলীর শিউলিছড়ানো উঠোনে


তিন .

নিষাদের বিস্তারিত জেনেছি কাল 
শিকারের ব্যবহারবিধি 
ফুটো হয়ে আবার জুড়ে যাচ্ছে
 সারাংশ ও আকাশ 

ঘন বাদলের সমগ্রতা 
ভিজে যাচ্ছে জন্মমৌন পাখির জলছবি 
শান্ত হাওয়ায় গুঁড়ো হয়ে যাওয়া 
 আকালের আলো 
মুহূর্তের ব্যবধানে  রঙ বদলিয়ে বেরিয়ে আসছে 
চ্যুত সম্পর্কের হৃদশিল্পে 

 রঙদূষণের কিরাতকর্মে বাতাস মদ হয়ে ঝরছে
 
বাতাসের অশীতিপর সাঁকো পেরিয়ে যাচ্ছি বহুদূর,
এই মরণদশা ছেড়ে জন্ম নিচ্ছে ভালোবাসার কাটাকুটি 

 নিহিত ক্রমানুসারে বাতাস বিজড়িত একটি সমীরণ -  অশ্বে গতি লেগে আছে কতখানি ...


চার .
পেছনে তাকাই সন্ধিবাতায়নে 
জলের প্রকৌশল আছে, দেহাংশে নড়াচড়া 
নীলবয়নের  ভাঁজে ভাঁজে এ কার নাকচাবি 
ও টায়রার যন্ত্রণা নিয়ে উঠে আসে অনুচিত 
রিরংসা, 
চৈত্রে  ঝরা মুমূর্ষু ক্ষতমুখে বেঁধানো জন্তুর বিষ,
মাংসের  যন্ত্রণা  শুইয়ে রাখি, প্রান্তরসঙ্গিনী মেঘ 
বা  ভলক মদিরা অবাক করেছে অখণ্ড মৃগয়ায় 
তমসাবাহিত আলোর কথক 

হয়তো বিন্দুর মতো , জলের দাগের মতো ব্যবহৃত ঠোঁট, লাস্যজল, আলোছায়াবাসী, দিগন্তহীন ছাদে দেখবো তোমার কমলিনী
কতটা গভীর ছিল, কতটা শিশির বা প্রমিত বর্ষা জড়ানো হাহাকার তুলে ধরো অসমাপ্ত জৃম্ভনে ...

সৌম্য ঘোষ-এর কবিতা

ভেসে যায় সব সনাতনী প্রথা


একটা অপলক নির্ঘুম চোখ চেয়ে থাকে সারারাত

বিষাদের ছায়া হাঁটে নীরবের দিকে 

জোনাকির বনে পাতাঝরা ভাষা

বিরামহীন আদিম ক্ষতগুলি মনে করায়।

জানালা দিয়ে অন্ধকার আসে চাদর মুড়িয়ে

কখনো বৃষ্টি এলে ঘাস গজিয়ে ওঠে আমার বিছানায়

মেঘ থেকে নেমে আসে শোকের পরিজনরা

বাতাস বুঝতে পারে, কুয়াশার মধ্যেও একটা সুরঙ্গ আছে

দিগন্তের প্রত্যাশায় ঘরের খিল উন্মুক্ত রাখি 

সূর্যাস্তের আভা পড়ে মহানিমের বনে

বাউলের আরশি নিকেতনে

ভেসে যায় সব সনাতনী প্রথা।।

 

শান্তনু ভট্টাচার্য-র কবিতা

এবং এখন

জলরঙের পেট থেকে প্রসব হচ্ছে 
অবান্তর দৃশ্যগাথার এক অদ্ভুতুড়ে দিনকাল

কয়েকপা এগুলে রাষ্ট্রের ভাষায় কিচিরমিচির 
ফিল্ম ফেস্টিভাল জুড়ে 
কবিসম্মেলন গুলোতে 
জাতীয় কবি হওয়ার পিচ্ছিল দৌড় দেখছে 
রেশনের ডিউ স্লিপ হাতে পলেতারিয়েত 

দুর! বলে  যে ছেলেটি ভেবেছিল 
কবিতা লিখে মহৎ কাজ করা যায় 
তাকে ডেকে নিয়ে গেছে পড়শী নদী 

এখন রেডিকেল বিপ্লবী মেঘেদের
 গা থেকে ঝরে পড়ছে শান্তি রঙের বৃষ্টি

দূর সঙ্গমের গায়ে...।