মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

নূর মহম্মদ-এর কবিতা

ভেঙে যায় 

ভেঙে যায় আমাদের স্বপ্নের ডালপালারা

বড় করার ইচ্ছা থাকলেও হয় না বড় আর

গভীর গভীরতম যন্ত্রণার উপাখ্যান হয় তৈরি

কেন যে বড় হয় না সে এখনও রহস্যজনক

আমাদের চাওয়া পাওয়ার হিসেব মেলে না

আমাদের সকল স্বপ্নের ঘটে যায় অপমৃত্যু

কোন এক অলৌকিক শক্তি যেন থামাতে থাকে

আমাদের লক্ষ্য হয় না পূরণ কখনো কিছুই

অসহায় হয়ে কাটে দিন ব্যর্থতা নিয়েই শুধু

ভেঙে যায় আমাদের পছন্দও যত আশ্চর্যজনক

কেউ পারিনা এগিয়ে যেতে প্রতিবন্ধকতা সরিয়ে

আমাদের গড়া নেই আছে কেবলই অজস্র ভাঙন।।

 

কবিপক্ষ

কবি কি বিক্রীত হবে নাকি থাকবে নিজের একান্ত
সে তার সিদ্ধান্ত নিতে পারে যাখুশি ব্যক্তিগত একা
যে কবি হারিয়ে ফেলেছে নিজেকে উচ্চতম মূল্যেই
সে কখনো হতেই পারেনি প্রতিবাদে মুখর সাহসে
আপন প্রাপ্তির স্বপ্নে বিভোর হারায় চরিত্র পরিচয়
নষ্ট হয়ে যায় সে ভুল পথে পরিচালিত ভ্রষ্ট বিভ্রান্ত
কবির সত্য উচ্চারণ আসে না তার লেখায় কিছুই
মহাকালের গর্ভেও তার কবিতা সন্মান পায় না
কবিকে থাকতে হয় জনতার পক্ষে হতে হয় দোসর
বলতে হয় মানববন্ধন মানবকল্যাণ কর্ম নিয়ে শুধু
আত্মস্বার্থ নয় লিখতে হয় মানুষেরই যন্ত্রণাদুঃখকষ্ট
অনন্ত অন্যায় দেখেও যে কবি লেখেনি একটি বাক্য
সে কবির জীবন এক মিথ্যাযাপন অর্থহীন শূন্যতার
পৃথিবীর সবচেয়ে অকাজই করে গেছে সে আজীবন।

হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

 


মুক্তসময় 

ভাবভালবাসা তুচ্ছ ছিল
সম্পর্কটা মুক্ত ছিল, অনেকটা ঠিক
জন্ম জন্মান্তরের মতন ছিল
দিনকেদিন বদলে গেছে  
টিভি চ্যানেল ফ্রিজ মোবাইলতো ছিলনা তখন  
ফেসবুকে আর ইনস্টাগ্রামের কম্পিউটার ও 
ল্যাপটপটের পাস ওয়ার্ড কোথায় ছিল? 
তবুও অগ্নিসাক্ষী ছিল,ছিল মনের মতন 
ক্ষিতি অপ তেজ মরুৎ ছিল 
চু কিত কিত খেলাও ছিল ,পুজো ছিল পুজোর মতন
গাজন ছিল আ্যমেচারের যাত্রা ছিল 
হাসি হুল্লোড় রাসমঞ্চর অন্যতর জয়ের পাথর
আর কি ছিল পাড়ার খেলা 
তোমার আমার মধ্যে  ছিল ভালবাসার একখানি ঘর

এখন অনেক বড়ো হয়েছি আমরা সবাই 
যত্ন করে ভেঙে দিচ্ছি এ ঘর ও ঘর
অনেক দিন পরে আবার দেখতে এলাম
সেসব ঠিক আগের মতন আছে কি নেই  
মুক্ত সময়  .......

শশাঙ্কশেখর পাল-এর কবিতা

বসন্ত উৎসব

জোয়াড় আসে ভাঁটাও
শেষ জলোচ্ছ্বাস এখন নষ্টালজিক সমাপিকা ক্রিয়া
হাঁটছি জলশুষ্ক রেখাপ'রে দিশাহীন
হলুদ ঘাসের মখমলে বোঁটাখসা পাতাদের জলসা
ও আমারা ক'জন
তিস্তার বুকে পিকনিক ফেরৎ কেউ কেউ
চটপট সারছে বাতাসে বালি ওড়ানোর গল্প
এখুনি শুরু হবে ভাসানের গান ও তাৎপর্য

একই নিয়ম খাতে
প্রাগ চারণভূমি থেকে বইছে ক্রমবিকশিত সভ্যতা
রেসে পরাজিত ঘোড়া‌র প্রতিদান বুলেট
সংগ্রামী বয়স ক্ষুইয়ে মর্যাদা ধীরে ধীরে মাংসপিণ্ড

আজ জীবন যৌবন ও হলুদ পাতার মজলিস
রং উড়বে
কপাল ও কপোলে বসন্ত চিহ্ন
জমানো দুঃখ ভেঙে ফুরুৎ আনন্দ বাৎসরিক সুদ

এটাই যাপন
যে যেমন সুখ নিঙড়ে নিতে জানো
শ্বাস ও আশ্বাস চুয়ে চূড়ান্ত আয়ু
 

কুশল মৈত্র-এর কবিতা

চৈতন্য হোক

রোজ বিকেলে দুর্বার স্রোতে ভেসে যাই

উড়ে যাই পাখি হয়ে—

রং মিলাতে থাকি গোধূলির দিকে

 

শৈশব ছুটে যায় অপু-দুর্গা-কাশফুলের

রেলস্টেশন গঙ্গার গা ঘেঁষে।

 

পশ্চিমের আকাশ আশায় থাকে

মিলিয়ে যাই রামধনু রঙে—

 

কলমের কালি থেকে উঠে আসে

এক অজানা স্টেশন। সেখানে

মনখারাপের কথাগুলো ছড়িয়েছিটিয়ে,

ভালোবাসার আঘাত দেখতে পাই।

 

আলগা হতে থাকে মোহ; ধোঁয়ায় জমতে

থাকে মিথ্যের ভাব-সংকীর্তন!

 

কলম লিখে রাখে— চৈতন্য হোক!

 

বিপ্লব চক্রবর্তী-র কবিতা

মন উবাচ
আমার দুটো সৌখিন জামা ছিল
গুছিয়ে রেখেছিলাম বহুবছর
এখন রং জ্বলে মোছনি হয়ে গেছে
সখের প্যান্ট-টাও একই কথা বলছিল ...

দুজন বন্ধু নিয়ে গর্ববোধ করতাম আমি
সিঁড়ির অনেকটা ওপর থেকে অনিমেষ এখনও ডাকে
সিঁড়ি ভাঙতে পারি না আমি বিচ্ছেদ হয়ে গেছে সব
জামা প্যান্ট বন্ধু  এবং  অন্তর্যামি...

অনিকেত এখনও লড়াইতে আছে জীবন জীবিকায়
বহুরূপী সাজাটাই ওর পেশা বলে
কখনও কখনও আমার শত্রুও সাজতে হয় ওকে
দুজন দুজনকে এড়াই সচেতন মধ্যবিত্ত মওকায়...

খুব একা লাগলে রাস্তায় এলোপাথাড়ি হাঁটি
দেখি লাল দন্তমঞ্জন বিক্রি করছে পুরনো হকার
দাঁত সাদা হয় না জেনেও অভ্যাসে বলে যায়
কিছু মানুষ একই ভাবে বন্ধক রাখে নিজেদের ঘটিবাটি।

গলির মোড়ে দাঁড়িয়ে আমি এখনো অপেক্ষা করি
একজন নতুন ফেরিওয়ালার ডাক শোনার জন্য
পুরনো পোশাক বদলে দিয়ে নতুন দাঁতের মাজন দিতে
কথা নিয়ে নতুন কেউ আসবে একদম আনাড়ি... 

মণিমালা চ্যাটার্জী-র কবিতা

একলা আকাশ


মেঘলা বাতাস একলা আকাশ সজল ধূসর দৃষ্টি, 

তোমার চোখের রঙিন সোহাগ বাউল মনের বৃষ্টি, 

মনের আগল খুলে আঁচল উড়ছে উদার হাওয়ায়, 

লাগলো প্রাণে উছল কাঁপন জীবন তরী বাওয়ায়,

ঝরঝর জলে পাতায় মাতন ভেজা আকাশে রোদ্দুর, 

জীবন খাতায় তোমার ছবি চোখের আলো যতদূর, 

একলা জীবন নয় কি অকারণ বন্ধ দুয়ার খুলে যাক্, 

ছায়ার মায়ায় ঝাপসা আয়না মনের জানলা ভুলে যাক্, 

যায় ভেসে যায় সব অসার যাপন জীবন যে চায় সঙ্গী, 

তোমায় নিয়েই কাটুক্ জীবন বলছে চোখের ভঙ্গি, 

একাকী জীবন শুকনো কঠোর শূন্য আকুল ভরসা, 

তোমার সাথেই নতুন জীবন একলা আকাশে বর্ষা।  

আবদুস সালাম-এর কবিতা

আলোর দিশারী
স্বপ্নের বারান্দায় রোজ খুন হয়ে থাকি
বেলা গড়িয়ে বিকেল হয়
লাটাই এর সূতো আসে কমে

মৃত্যুর দুয়ারে ফেলে আসা ঐতিহ্যের নির্মাণ কৌশল খুঁজে পায় সুরেলা বাতাস
রাতের প্রশ্রয়ে জমে আছে কাদা মাখা স্বপ্ন
অশ্রু আর বেদনা ধুয়ে দেয় কলঙ্ক
 পিচ্ছিল হয় পথ
 মানবতা ভিজে যায় ধর্মের করুণ জলে

মগ্ন চৈতন্যের দীঘিতে স্নান করে বলি (আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তলে)

কাঙালী পৃথিবীর মনে ভাসে দুর্বার আকাঙ্ক্ষা
 
  যদিও হাওয়ায় ভেসে চলেছে কষ্ট কথা
দেহ খুলে উড়িয়ে দিয়েছো মানবতার ঘ্রাণ
তাই তো  তোমারই পূজা করি কায়মনে
 

শান্তময় গোস্বামী-র কবিতা

আমার রবীন্দ্রনাথ


চলে যায় দিন… নিবিড় ছায়ায়

কোথায় ছুটেছে সে… কোথায় কে জানে

এক বৈশাখ থেকে আর এক শ্রাবণ

বৃত্তাকারে সীমানা আঁকে রবির চলন

দুঃখ কান্না হাসি… জীবন ও মরণে

তারপর শুধু মাটি নির্মাণ পাথর খোদাই

রাশি রাশি সব রঙ তুলি খেলা

এতেই স্মরণ…

এতেই পূজা সারা হয়ে যায় বরণে।


সুখে আছি, দুখে আছি… ঘিরে আছি কাছাকাছি

ভালোবাসি তাই বিশ্বাসে মানি

অন্ধকারের অরূপ রূপেতে

আছে সে অন্য কেহ।

তাকে জেনে নিতে এ পথে সে পথে

বৃষ্টি গন্ধে মাটি মাখা সুরে

পায়ে পায়ে হেঁটে যাই বাউলিয়া আমি

তোমারি আখরে তোমারই যে গান গাই।


আঁধারের মতো অসীমের এই কাল

বড় ভয় লাগে… জাগে প্রেম বুকে

দিনের পরে দিনগুলি মোর

ছিঁড়ে ছিঁড়ে হারিয়ে যাবে।

যা কিছু উজাড় দিয়েছিলে তুমি

হারিয়ে ফেলেছি সবটুকু তার

কখন তুলে নিলে হাতে যাবার ক্ষণে

মুঠি খুলে দেখি কিছু নেই সঞ্চয়।


শূন্য এখন দুঃখদিনের সকল স্বপ্নভার

আমার ছুটি ফুরাল যে কখন… কেমন যেন অন্যমনে

আমার সকল চেতনার বেলা…

আমার সকল উদাসী সময়,

আমার সকল সুশীল স্ব-যাপন…

থেমে আছে যেন কবেকার

বৈশাখী সেই একবেলা…

আর না-বলা এই শ্রাবণে।

 

প্রশান্ত মাইতি-র কবিতা


প্রিয় রবিবার

তুমি জানো,
সপ্তাহের একটি দিন তোমার জন্য তোলা

সব কাজ ফেলে,সব বাধা ঠেলে
সব আপদ রেখে ছুটি তোমার জন্য
ওই নামেই চিনি, ওই নামেই ডাকি
তবু ভুল বুঝে মুখ ঘোরাতে দেখি

তোমার মত রবিবারকেও বড্ড ভালোবাসি।।