মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

মীনা মুখার্জী-র কবিতা

প্রবহ

এ এক গভীর আঁধার


রক্তাক্ত ক্লেদাক্ত প্রেমের ছায়া আঁধারে বিষণ্ণ কেমন! 


পৃথিবীর আলোর কার্পণ্যে অনন্ত বাঁচার তৃষ্ণা বুকে কিশোরী হাঁটছে দুর্নিবার! 


আঠারো-ঊনিশের ধূপ-ধুনো মাখা চোখে ভরা দুরন্ত যৌবন। 


দু চোখে স্বপ্ন ছিল --

প্রস্ফুটিত শতদল! আহা!


রুগ্ন চৈতন্য ভারে কামের তুফানে উন্মত্ত মুখোশের নট। 


অষ্টাদশীর সুডৌল দেহে ব্যাধের ক্রূরতা কেবল!


দুর্বোধ্য পাশবিক ক্ষমতায়নে মৃত্যু ই পরাজিত!  

সন্তর্পণ ভৌমিক-এর কবিতা

ব্যবহৃত মানুষেরা 

তুমি রণমুগ্ধ, ব্যসন বিলাসি 
তার সাথে চতুরচামারি
তার সাথে কাব্যকল্পে হৃদয়ের খোলা পন্থে এসে
প্রতারণা করো দীর্ঘদিন 

কারা আসে বৃষ্টিগন্ধি আকাশ পেরিয়ে
বাতাসের ফিসফিসে গালগল্প নিয়ে
অথবা রাতের শেষে
কোনো এক সময়ের শেষ চিহ্ন দেখে 
তোমার পড়ন্ত শ্বাস দু'মুহুর্ত বাকি

আমি সমুদ্র পেরিয়ে যাই
নদী নালা খালের মহিমা
কবেকার অবধূত সরীসৃপ এসে
ছুঁয়ে গেছে মস্তিষ্কের বিপন্ন বেদনা।

 

কুন্তল দাশগুপ্ত-র কবিতা

পঁচিশের গান

ছুটির অসুখ ঘুণ ধরাল মনে
আমার এঘর বারণ দিয়ে ঠাসা
এবং আমার নির্ঘুম নির্জনে
গল্প জমায় চূড়ান্ত হতাশা।

হয়তো এখন আকাশ অধিক নীল
বাতাস-বিষের মাত্রা গিয়েছে কমে
সবুজ হয়েছে আরও গাঢ় অনাবিল
মেরুর বরফ আবার উঠেছে জমে।

সবার জন্যে নয় এই বৈভব
মানুষ এখন বদ্ধ ভয়ের কূপে
বৈশাখ তবু এসেছে নিয়ম মেনে
কে জন্মায় এ বৈশাখে নবরূপে!

ছেঁড়া চটিদের টিউশনি আজ নেই
ঘরে ঘরে আজ আগল পড়েছে দোরে
তবুও বাজছে শঙ্খের মহাধ্বনি
প্রতিটি প্রাণেই আজ বোশেখের ভোরে।

বৈশাখ আসে চৈত্রের অবসানে
ভয় ভাঙানোর গান বেঁধে দিতে সুরে।
বৈশাখ আসে আলো জ্বেলে দিতে রোজ
আঁধার ভরানো প্রতিটি অন্তপুরে।

সেই বোশেখের মহা পঁচিশের সুর
পলে অনুপলে হয়ে থাক ভরপুর।

 

আবদুর রাজ্জাক-এর কবিতা

সান্ধ্য কুহকের ভুলে যেতে ভুল হয় না কখনো


তুমি তখন সন্ধ্যার বুকের ভেতর, তুমি তখন
দূর অপলক আকাশের ভেতর,
সন্ধ্যার অন্ধকার গভীর হলে, পানিশূন্য জলাধারে বিষণ্ণ বক এক একপায়ে 

দাঁড়িয়ে থাকবে।
তুমি প্রতিদিন নতুন থেকে নতুনতর হয়েও প্রাচীন কিংবা পুরাতন হবে না।

ক্ষতের পরশ থাকবে সমস্ত যাপনে, সমর্পিত হওয়ার দিনেও থাকবে বিহ্বল, 

স্বপ্নময় মোহ হয়তো বিষাদ রচনা করবে —
গভীর কোনো ক্ষত ও বেদনার মতো।

কতো কথা, কতো গল্প রয়ে গেলো না বলা,
যা কখনই বলা হবে না, একটানা বৃষ্টির শব্দ ছাপিয়ে সব বিস্মৃত হয়ে যাবে, 

আর তোমার আকুল বিরহ আখ্যান
শোনাও হবে না তেমন কোনো দিবসে।

মানুষ যতদূর যেতে চায়, যায়। তবে গন্তব্যে পৌঁছুতে পারে না,
ছায়াবৃক্ষ পর্যন্ত যেতেই ক্লান্তি তাকে জড়িয়ে ধরে।
তারপর সেখানেই ঘুমিয়ে পড়ে, সেই অধিকতর ঘুমে পৃথিবীর
কতো কিছু বদলে যায়, কতো কিছু থমকে দাঁড়ায়!


 

শৌনক শীল-এর কবিতা

প্রতিশ্রুতি


সময়ের ঘন কুয়াশায়,

তুমি কখন যেন কর্পূর হয়ে উবে গেলে।


সবই হারিয়ে গেল, স্বপ্নের মতো করে।


অনেক অনেক কথা,

সব যেন রাতজাগা পাখি...


জলটা‌ আজ কাচের মতোই স্বচ্ছ।

তাতে মুখ ডুবিয়ে এক বুক শ্বাস নিতে চাই।

দম বন্ধ হয়ে আসে...

বুকের উপর চেপে রয়েছে,

তোমার মিথ্যে প্রতিশ্রুতির ঢাউস পাথর।


প্রতিশ্রুতি ভাঙার পাহাড় উঠেছে আজ।


কাকে যেন খুঁজি...

একটা ছায়া পড়ে দরজায়

অনেকটা আলোর মধ্যে 

একটা নিকষ কালো ছায়া...

চোখ তুলে দেখি... সত্য এসে দাঁড়িয়েছে।

আশিসরঞ্জন নাথ-এর কবিতা

পোড়া গন্ধ!

কিছু যেন পুড়ছে, গন্ধ পাচ্ছি

কোথাও অসতর্কতায় আগুন লেগে গেল!

আমার বই,কগজ পত্র পুড়ছে নাকি

কেমন কাগজ পোড়া গন্ধ পাচ্ছি।


কোথাও কি কিছু পুড়ছে

গন্ধ পাচ্ছি, বেশ কটু পোড়া পোড়া  গন্ধ!

কত স্মৃতি,কত হাসিবেদনা, সুখের দিনগুলি কি পুড়ছে!

গন্ধ পাচ্ছি, বেশ কটু গন্ধ।


নাকি আমি পুড়ছি একা একা বিষণ্ণতায়!

গন্ধ কিন্তু বেশ কটু,

আমার দহনজ্বলার গন্ধ এত কটু!

মানুষ পোড়া গন্ধের মত!   

গোবিন্দ মোদক-এর কবিতা

বৃষ্টির অপেক্ষায় 

মনের মধ্যে চাতক-বিস্ময় নিয়ে 

অপেক্ষার সমুদ্রতটে বিভাজন আঁকছি 

মাথার উপর ধূসর আকাশ উপহার দিয়ে যায় 

নিদাঘ-মাত্রা নানাবিধ উপাচার সহ। 

আষাঢ়ের রথ ফিরে গেলেও 

প্রবল অনাবৃষ্টি মাটিকে রুখা-শুখা করে তোলে

উঠোনে পোঁতা লগিটার ততোধিক লম্বা ছায়া জুড়ে 

রাজত্ব করে গ্রীষ্মের তাপদাহ! 

বটতলার ছায়ায় ক্লান্ত ছাগলছানা 

একটু পিপাসা মিটাবার অপেক্ষায় 

মাকে আকুল ডাকে …

তখনই শোনা যায় বজ্রনির্ঘোষ।

ঈশান কোণ ভারী হয়ে ওঠে ভরপোয়াতির মতো,

বাতাস এলোমেলো বওয়ার অপেক্ষায় স্থির 

বিদ্যুৎ শান দেয় তার ইস্পাতের কাস্তেয় 

ওই সে আসে — গহন মেঘের ছায়া বুকে নিয়ে।

 

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

আসর

তুমি মজাতে চাও রূপে, পোশাকে, ঢং এ
সেও মজাতে চায় একতারায়, খমকে, সং এ

আমি তো সেই কবে থেকেই জমে জমে গলে যাচ্ছি 
সাগরে...

 

তীর্থপ্রসাদ মুখার্জি-র কবিতা

রাত্রি


রাত্রি দুটো বা তিনটে -  যদিও তা ভোর

ঊষা বলি সেই সময়কে বড়জোর 

কিন্তু তার বেশি আকাশে থাকে না আলো;  

এমন সময় যেন রাত্রি ডেকেছিল 

আলোকে কল্পনায় - কিন্তু আলো আসেনি 

তখনও গাছ পালায় - জাগেনি ধরণী 

এ সময়টার একটা মোহক আছে 

কিছু যেন চাইতে পারো উষার কাছে 

এমন কিছুটা সময় যে চারপাশে 

মেরুর থেকে আলো জাগে আকাশে 

তখন মাটি শীতল থাকে অন্ধকারে —

সারাটা রাতে দিনের ক্লান্তি পার করে 

ঘুমের চাদর জড়িয়ে তা তুলে নিয়ে 

সময় চলে যায় নিজেকে মুছে দিয়ে