সোমবার, ১ নভেম্বর, ২০২১

সুবীর ঘোষ-এর কবিতা


জেগে থাকে নিমনিদ্র চোখ

শুকনো পাতার ওপর একতন্ত্রী মেজাজের পায়ে কেউ কী আসে !

এ-আসা কী ধ্বস্ত নারীর কাছে সান্ত্বনামূল্য ধরে দেওয়া ?

দু’দশকের সব দিন জড় হলে স্তূপীকৃত উঠে এসো অগ্নিশুদ্ধশিখা

হারানো আর্তিতে মনে জং ধরে ; খোলা যায় না দরজার তালা

এপার ওপার যদি বন্ধ হয় মানুষ কী নিয়ে বেঁচে থাকে !

আমরা তবে ভবিতব্য-সন্ধানী কেন হতে যাবো

                উড়ুক না ঘুড়ি  চিল  এরোপ্লেন

                                        আকাশের নিজস্ব বলয়ে ।

আরো কিছু কথা থাকে বিস্তারিত স্বরক্ষেপ সাঙ্গ হয়ে গেলে

সেকথা শোনার জন্য তবুও তো জেগে থাকে

                                        নিমনিদ্র চোখ ।


পলিয়ার ওয়াহিদ-এর কবিতা


ষড়শত্রু

ভাদ্রের পূর্ণিমা

মিলিত হবার দিন
নতুন মাটির পর
সিজদায় অবনত
বীজ ও শস্যের ঋণ।

বৃষ্টির গন্ধে মায়াবী যাদু
মাংসে যোগ হয়
আগুন ও জলে,
আমাদের যুদ্ধ
কেবলই স্থলে।

রিপুদের বাড়িঘরে
জানালা, কড়ি-বর্গায়
দাঁড়িয়ে এসব ছায়া
মানুষের মতো লাগে!

তবু কাম ক্রোধ
নিবারণ করে
লোভ, মোহ পরাজিত
অহংকার অসুয়া
শত্রু  পদানত ঝরে।

মানুষের কত ঋতু
এইভাবে বুঝি
পাড়ি দিতে হয়

আমাদের রিপু
আমাদের ঋতু
পরস্পরে গড়াগড়ি খাই!

 


গিয়াস গালিব-এর কবিতা


জাজফ্রেন্ড   

(উৎসর্গঃ সামতান রহমান কবি,ভাজনেষু)

 

যতোই উচাঁ হউক 

আকাশ সমান উঁচা

সময়ই পেড়ে নেই সময়পাখির ডানা 

 

পায়ের ভিতর আরেক পা

পথের ভিতর আরেক পথ

কে আসলো, গেল 

কার কি আলাপ, এইসব থাক্ 

 

কখখনো কখখনো না রাখারও থাকে স্বাধিকার 

কেউই প্রতিশ্রুতির দাস নয় 

 

আক্কেল ধুলে যায় কি স্বভাবকলুষ?

 

কখনোসখনো কোনো কোনো ব্যাপারে আগ বাড়াইতে নাই,

চলে যাওয়া নয় 

নেই, কেবল রেখে যাওয়াটা। 

উত্তরোত্তর কথা নিয়নভোরে চা'বাগিচায় হাঁটতে হাঁটতে বলেছিল।

ইয়াসিন আযীয-এর কবিতা


বন্ধু : স্মৃতি শুধুই ছবি

আমার পাশে আমার বন্ধু, আমি বন্ধুর পাশে

সহজ সরল মুখখানি ওর—মিষ্টি হাসি হাসে;

আজ ও-নেই, আমিও নেই! স্মৃতি শুধুই ছবি

কবিতা আমি লিখি ঠিকই, ও-ই প্রকৃত কবি।

 

কাছে-দূরে ও আছে, আমি কোথায় আছি?

ও বিভ্রমে হারিয়েছে—আমি স্মৃতি নিয়ে বাঁচি।

ধর্মের মিছে ঝঞ্ঝায় ওর জীবন এলোমেলো

দেশভাগের রেশ আজও... বন্ধু হারিয়ে গেল!

 

মহাকাশ ভ্রমণ শেষে রকেটও আসে ফিরে

তুই-ই শুধু আসলিনা বন্ধু তোর জন্মনীড়ে।

এক ভাষা, এক কৃষ্টি—সমান্তরাল পরম্পরা...

দু'হৃদয়ের মাঝে মানিনা কাঁটাতারের বেড়া।

মাহফুজ আল-হোসেন -এর কবিতা


নিজের হাতে খুন করেছি গতকাল

নিজের হাতে খুন হয়েছি গতকাল

বরাহ বর্তমান এখন

আমায় ফিরতে দিচ্ছে না কিছুতেই

 

অথচ অর্বাচীন ভবিষ্যত 

কাউকে কিছুই না বলে 

চুপিসারে সরে গেছে

ঠিকানাহীন অনিশ্চিত গন্তব্যে

 

চিন্তাঘরের  চকচকে চাবি 

বালিশের নীচে রেখে 

বেরিয়েছিলাম তত্ত্ব তালাশে

অবেলায় ফিরে দেখি 

দরজায় ঝুলছে যুক্তির তালা

 

দৃষ্টি নিবদ্ধ ছিলো উৎসুক দৃষ্টিতে

মুহূর্তগুলো পেরিয়েছে যুগ

মনের নাগাল পায়নি মন

জানিনা কেন সে উচাটন  

সারাবেলা সারাক্ষণ

 

অথচ আমার গুরুতর প্রেম নিয়ে

পক্ষীকূলেও চলছে লঘুৃ হাস্য -পরিহাস

বলো কে থামাবে ওদের ক্রমবিবর্ধিত কোরাস

আর কেইবা করবে আমার 

ভালোবাসার অন্তিম সৎকার

 

আমি নিজের হাতেই  তো খুন করেছি গতকাল

তখন কিসের আমার বর্তমান

বলো কিসের আবার ভবিষ্যত.... 

 

      ০৮ অক্টোবর ২০২১ 

নীলাদ্রি দেব-এর কবিতা


ইনসমনিয়া 

আবডালে ছায়া ও শবের নামতা 

এক চোখ শূন্যতায় আঁকা আস্ত শরীর 

সদর দরজা ঠেলে পূর্বপুরুষের গান 

এসব গেঁথে কোনো কবিতার আদল 

বিশ্বাস করতে ভয় হয় আজকাল 

কর্পূর উবে যায় 

উবে যায় চিরায়ত চিন্তা, কল্পনার রাত


অমিত কাশ‍্যপ-এর কবিতা


ভালো আছেন 

ভালো আছ বলতে ফিরে তাকাই

বিস্মিত হই, এত সকালে কে হতে পারে 

ফিরে তাকাই, কেউ তো নেই, তবু 

বিমর্ষ হই, এই সকালে কে হতে পারে 

ভালো আছ শুনিয়ে অদৃশ্য হলেন

 

সত্যি বলতে এ সময় ব‍্যস্ততাকে পাশে নিয়ে 

বাজার দোকান টুকিটাকির পর অফিস 

কেমন করে অফিসই যেন সামনে দাঁড়ায়

ভাবখানা, কেমন আছেন, ভালো তো

আশ্চর্য ভালো বলতে ইচ্ছে হয়

 

ইচ্ছে তো অনেক কিছু হয়, যেমন 

বেড়ে ওঠা বয়সের কাছে নিচু হয়ে 

বলি, থাম না, অনেক তো হল

এবার পেছনে পেছনে ফিরে তাকাও 

কেউ না কেউ বলবে, ভালো আছেন