সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কামাল হোসেন


অন্ধকার-

 

পিঁপড়েদের জীবনেও আছে

সামাজিক রাষ্ট্রীয় শৃঙ্খলার

নির্মম টানহীন আশঙ্কার লবণাক্ত ভয়,’

ডিসকভারি চ্যানেলের ডকুমেন্টারির

ধারাভাষ্য পাঠক একটু থামলেন,

একইসঙ্গে পর্দায় ফুটে উঠল

চ্যাপলিনেরগ্রেট ডিক্টেটার’-এর

কয়েকটি অমোঘ দৃশ্য...

 

পাগলের মতো ঘণ্টা বাজিয়ে

একটা দমকল গাড়ি অন্ধভাবে

ছুটে মরছে শহরের রাস্তায় রাস্তায়

 

চারপাশে শুধু অন্ধকারের ঘনঘটা...

 

নাসের হোসেন


অগণ্য

আমরা যা কিছুই দেখি তার সংখ্যা অসীম
তার মানে প্রতিটি জিনিসেরই কোনো সীমা-পরিসীমা নেই
এইমাত্র যে জিনিসটা দেখা গেল বা জন্মগ্রহণ করলো
আসলে সে অজস্র
আমাদের চোখ তো পুঞ্জাক্ষি নয়, এমন কী ইন্দ্রের মতো
সহস্রলোচনও নয়
তবু তা দেখতে পায়, ইচ্ছে করলেই দেখতে পায়
চারপাশের এই শত সহস্র অভিযান
তা দৃশ্য হোক বা অদৃশ্য

 

তৃষ্ণা বসাক

 


শত্রুর সঙ্গে শুতে শুতে শুতে


জুলাই লিখতে জুলিয়া লেখা হয়ে যাচ্ছে,

এই আদিগন্ত হাঁ গালের প্রিটি উম্যান

যে শত্রুর সঙ্গে শুতে শুতে শুতে

একদিন দূরপাল্লার বাসে,

ঝকঝকে কাচের জানলার পাশে বসে নীল নীল সমুদ্র দেখেছিল,

কমলা কমলা শহর দেখেছিল,

উড়ন্ত টুপির ওপর প্রজাপতি রচনা হতে দেখেছিল,

তার দুর্গ জীবনে এসব কিছু ছিল না,

বিয়ের আংটি কমোডে ফ্লাশ করে তাই সে

এসব দেখবে বলে বেরিয়ে এসেছিল,

আমরা যারা এক কাপড়ে বেরিয়ে আসা কাকে বলে বুঝি না,

তারা ওই প্রজাপতির জন্ম দেখিনি কোনদিন,

দেখব না,

জুলাই শেষ হয়ে গেল,

তবু আমরা বাড়ি থেকে বেরোতে পারলাম না!

সুবীর সরকার

 


বিবৃতি


আত্মহত্যা আসলে একটি বিদেশী শব্দ।

সুতরাং আত্মহত্যা করতে গেলে ধরে রাখতে

                            হবে চোখের জল

আমি লা ধা রে ছেড়ে দেব ব্যাঙ ব্যাঙাচি

তারপর নদী নদীনালা।

তারপর গোপন স্লুইস গেট।

আমাকে ক্ষমা করুন,আমি দ্রুতগামী হতে

                              পারছি না

এই তো,ওল্টানো নৌকোয় কেক,প্যস্ট্রি

                                             

                                           কীটনাশক

আর ধান খেয়ে পালিয়ে যাওয়া পাখিরা

সন্দীপ বিশ্বাস

 


উদ্বৃত্ত

 

কেউ কী তোমাকে সন্তর্পণ করে?

নিভৃত আচারে ধোয় পরিশুদ্ধ - শরীর মুছে দেয়

তবে যাও, কেনো যাও ----

ক্ষণে, কুক্ষণে;

ওই শিরাতে আগুন - আবহমান, বহমান

বৃষ্টি - ধারায় কথা কয়ে আসো

বৃষ্টি ধারায় উদ্বৃত্ত থাকো।

 

কেউ তোমাকে একান্তে রাখেনি।