শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

প্রদীপ চক্রবর্তী-র কবিতা

অন্ধ এমন কৃষ্ণচূড়া ...

এক .

 

ম - ম ফুল | কী দিশায় মাথা নাড়ে এমন অপলক

রিরংসাপৃথুল  ভারতের বুকে | দু ' হাত চিৎশক্তি 

আমার সময় খোঁজে হালকা মধু যৌনতায় 

 

গাং জলে দ্যাখেন বাবুসকল | ত্রিনয়নে দেখতে পান,  

অলক্ত - ভবার্ণবে রক্তের মশকে ভরা ফুলের প্রাণবায়ু কতখানি কম ! 

 

সেই সূত্রে মনুষ্যবিহীন দেশে নির্বাসনে দেবে ধূসর হরপ্পার ছায়া | 

পরধর্মসেবীকে আরশিনগরে তুমি শয্যাসঙ্গী ক'রে নেবে জানি 

 

তোমার চিত্রপ্রকরণ অধুনা বাজার তত্ত্বে অন্ধকারে পা বাড়ালে 

কলকল ক'রে স্কুল , সবুজ চাঁদের দু - এক কুচি সাইকেলবিধি 

 

ধর্মঠাকুরের ধবল ঘোড়াটি সারল্যবর্জিত গ্রীবার অতিব্যবহারে

শীর্ণ অবয়বসহ লাফায় না , নাচে না , ভয়ে পিছিয়ে আসে না | 

কেউ যদি অকিঞ্চিৎকর গোষ্ঠীকোন্দলে হয় দলছুট,  

প্রতিসাম্যে কষ্টার্জিত পরিহাসছলে যদি অনুভূতি হয় ফুলের ভ্রুণসম, 

অপূর্ণ - অভিমুখী ...

 

রক্ত গোপন ক'রে উচ্চাভিলাসী ব্যাধ | বাজারে কাঁচা মাংস বেচার ছলে 

কালকেতু ফুলের মুখমণ্ডলব্যাপী ছড়ায় ব্রণ ...


 দুই .

কতদিন পর মায়াবী নাগকেশরের ক্লোনিংএ ডানামেলে দোল খাচ্ছে 

খ্যাপা ভূতেদের প্রতিরোধচক্র | মনুষ্য - ভূত নাকি সরীসৃপসম 

বেশুমার তৈলচিত্রে অবোধ বরাহ নন্দন ! তুষারকুচি না কি  কুর্চিফুল ঝরছে 

তাদের মাথায় 

 

ফুলের কী যায় আসে গণ অভিধানে ! 

 

এ জায়গা থেকে দূরে সরে যাচ্ছে বৌদ্ধ লামাদের গান 

 

অমানুষেরা মানুষের কথা ভাবছে রৌদ্রনিবিড় তালবনে 

 

যাদের কান্না পায় মৃদু যুক্তাক্ষরে , তরল  মহুয়ায়

সুতার লতালী ফাঁদে বছিরদ্দি কাকভোরে মাছ ধরিতে যায় 

 

এই বাংলার শহরতলীর মধ্যে তারও একটি শিশ্ন আছে, 

সেই তো আলো ...  



তিন .

 

সেই ফুলে ছায়া হয় , হতে পারে ফুলের তমসা | যার দুদিকে দেবী ও ভাস্কর | 

এ পথ সরলরেখায় চোখ বন্ধ করে শুয়ে থাকে | কাজ সারা হাতের ধুলোয় 

বীতকাম গঠন শৈলী জানা যাবে , সেই পুরোনো দিনের আশ্রমে কোন গুপ্তঘড়া 

তুমি পাতালে নামাও , মেঘের কাঞ্চন ফুঁড়ে | জল - বিভাজিকায় জলের ব্যাঙ, 

ঘাসের ফড়িং , ঝোপের  ঝিঁঝি ফিরে আসছে কালচক্রে 

 

জলের কুহকে বুক থেকে ক্রমশ উপরে ওঠা আঁশবটির গন্ধ | দুদিকে সরলরেখা 

মাখখানে হাজামজা নদী সেঁচে কিছু মাছ লোহিত কণিকা |

জীবিকা নিশ্চিত নয় প্রত্যুষে জিজীবিষা | ভ্রূ - মধ্যস্থ গুপ্ত আঘাতেরা বড়ো পুচ্ছ

নাড়িয়ে ময়ূর সাজে | নিম্ন যোনি বিশ্বরূপ | দাস - প্রণয়িনী অতঃপর বিক্রি হয়, 

স্বপ্ন বিজ্ঞাপন থেকে মুখ ফেরালো কে? 

 

শুধু বল্গা হাতে তুমি থাকো , আঁধার মিশকালো | অশ্ব পৃষ্ঠে  মিরপুরের দিকে | 

বিকেলের কলে জল পড়ে যাক , সারাপৃথিবীর শববাহকেরা নিঃসঙ্গ ট্রেনের

হুইসল বাজাক  দূরে | আকাশের লাল উল্কি বাড়ি গাঁথছে | তোমার হিরণ্ময়, 

যার ডাকনাম হিংসুটে -  হীরু , তার জন্য ঝুমুরে লতা ঘুরিয়ে শাড়ি পরেছ,

কপালে কালো বনমরিচের টিপ ...


তমোজিৎ সাহা-র কবিতা

 

কাললিপি -- ১৩

আত্মরতি আর আত্মগরল

দু'য়ে মিলে ঠেলে দিচ্ছে

আত্মহননের খাদের দিকে

আমি বুঝি ঝুলে থাকতে থাকতে

চিরতরে তলিয়ে যাবার আগে

রক্তক্ষরণের কিছু ফোঁটা লেগে

থাকবে আমার অক্ষরলিপিতে।


গোলাম কিবরিয়া পিনু-র কবিতা

কলেজ পড়ুয়া মেয়ে

কলেজ পড়ুয়া অল্পবয়স্ক মেয়ে
মেষপালের সাথে যাচ্ছো কোথায়?
      
মেষপালের সাথে থাকে লোমশ-কুকুর।

কয়লাখনির দিকে ধাবিত হইও না--
    
প্রশিক্ষণ না থাকলে অন্ধকূপে পতিত হবে,
    
নিজেকে আয়ত্তে আনার চেষ্টা করো।

অনেক কিছু লিখতে চাইলে, লেখো--
    
কিন্তু যতিচিহ্ন বসাও
    
না হলে বাক্য হবে না।

পুঞ্জ-পুঞ্জ মেঘের ভেতর খেলা করে বিদ্যুৎ
    
লজ্জায় লাল হয়ে গেলেও
    
নিজের স্বরূপ দেখো।

রঙিন-আনন্দ চুলের ফিতায় জ্বলজ্বল করবে
    
এ বয়সে তা জানি,
    
ফুল ও পাতার আড়ালে লুকাবে কতদিন?

নিজের মুদ্রণ দেখে প্রুফ কাটো
    
তাই বলে নিজের সাথে যুদ্ধ করতে করতে
    
ক্লান্ত হয়ে পড়ো না।

নিজেকে সজ্জিত করো--
    
তবে, আচ্ছন্নতা অচেতন করে তুললে
    
সহজেই দাহ্য হবে।

অমিত কাশ‍্যপ-এর কবিতা


ঘ্রাণ 

একজন অন্যজনের কাছে এলে ঠিক বোঝা  যায় 

চেনা না অচেনা, ঘ্রাণ হতে পারে 

হতে পারে এক নির্ভরযোগ‍্য শক্তি 

হতে পারে ভেতরের আশ্চর্য ক্ষমতা 

 

পাড়ার মোড়ে মোড়ে জটলায় ঠিক কি কথা 

হতে পারে পাড়ার মানুষ বোঝে স্পষ্ট 

শনিবার একরকম, রবিবার আর এক

গ্রীষ্ম বর্ষা শীতে জটলার রং বদল হতে যেটুকু সময় 

 

ঘুমের আগে স্বপ্নের রং কেমন হতে পারে 

ভাবতে ভাবতে অন্য স্বপ্ন দখল নেয়

স্বপ্নের মধ্যে সব যেন খুব চেনা নিজের 

অধিকার করে থাকে আপনজনের মতো 

 

দিনের আলোয় তারাই কেমন অচেনা ভীষণ 

চেনা জীবন পাশ থেকে সরে গেলে যেমন ঘ্রাণ থেকে যায় 

রবীন বসু-র কবিতা

শূন্যের মাঝে


ঘোষিত দূরত্ব থেকে বন্ধুত্বের অভিমান

গড়িয়ে গড়িয়ে চলে নিঃশব্দে। এই যে 

সম্পর্কস্রোত, আনজান স্মৃতি বিষাদকে 

ছুঁয়ে দিলে শিশির ঝরে টুপটাপ;

অলিখিত ডায়েরির পাতা ছিঁড়ে

সমান্তরাল শোক হেঁটে গেলে

মৌন-মুখরতা দিক ভোলা হয় ;

অচেনা উচ্চারণ গায়ে মেখে

আলপথ উঠে আসে নিজস্ব গমনে;

প্রতিটি ভ্রমণ শেষে যে অভিজ্ঞতা

তাকে তো জারিত করে নতুন ইচ্ছারা ;

আনুভূমিক তাপ ও উত্তাপ 

বিপর্যস্ত চলাচল ঘিরে ফাঁদ পাতে

অদৃশ্য লাটাই কার হাতে তা অজানা, 

তবুও সময়তাড়িত এই অপেক্ষা

শূন্যের মাঝে দোল খায় ক্রমাগত…

 

সুস্মিত হালদার-এর কবিতা

প্রশ্ন


এরপর কোথায়?

কখনও প্রশ্ন যদি জাগে মনে,

শিউরে উঠি।

মনন আর আবেগ কাঁধে কাঁধ মিলিয়েও

হদিশ পায় না কিছুতেই।

যেতে হবে একদিন –

সে তো আমি জানি,

আমার আত্ম জানে, জানে আমার ধীশক্তি,আমার হৃদয়ও।

কিন্তু, কেউ জানি না যেতে হবে কোথায়।

এরপর কোথায়?

 

শিউরে উঠলাম কেন?

আতঙ্কে? কিসের ভয়াবহতায়?

‘এই আছি’-র মধ্যে অভ্যস্ত হয়ে

ভাবতে ভয় হয় ‘আমি নেই’?

নাকি সীমানা পেরিয়ে গেলে কি আছে, কি হবে

সেই অজানার ভয়?

 

আত্মাকে জিজ্ঞাসা করো নিভৃতে।

সে নিশ্চিন্তে আছে। ভয়ডরহীন।

এপার থেকে তুমি দেখছো গণ্ডির ওপার।

সে দেখছেই না।

 

পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা

জাগলিং 

শুধু চাঁদ বলতেই কলঙ্ক বোঝায়!
---- 
এতবার বারণ করেছি না 

জ্যোৎস্নার কথা বলবে...
জ্যোৎস্নার কলঙ্ক থাকতে নেই
কে বোঝাবে বলোতো চাঁদকে