সোমবার, ১ নভেম্বর, ২০২১

অমিত কাশ‍্যপ-এর কবিতা


ভালো আছেন 

ভালো আছ বলতে ফিরে তাকাই

বিস্মিত হই, এত সকালে কে হতে পারে 

ফিরে তাকাই, কেউ তো নেই, তবু 

বিমর্ষ হই, এই সকালে কে হতে পারে 

ভালো আছ শুনিয়ে অদৃশ্য হলেন

 

সত্যি বলতে এ সময় ব‍্যস্ততাকে পাশে নিয়ে 

বাজার দোকান টুকিটাকির পর অফিস 

কেমন করে অফিসই যেন সামনে দাঁড়ায়

ভাবখানা, কেমন আছেন, ভালো তো

আশ্চর্য ভালো বলতে ইচ্ছে হয়

 

ইচ্ছে তো অনেক কিছু হয়, যেমন 

বেড়ে ওঠা বয়সের কাছে নিচু হয়ে 

বলি, থাম না, অনেক তো হল

এবার পেছনে পেছনে ফিরে তাকাও 

কেউ না কেউ বলবে, ভালো আছেন 

সুবীর সরকার-এর কবিতা


শোক

গলে জল হওয়া বরফের টুকরো নিয়ে কি করবো

                                                       আমি!

 আলো মৃদু হয়ে আসে।

 ভেঙে যাওয়া সম্পর্ক থেকে নুতন করে ঘাস গজাতে

                                                             থাকে

 ডুবে যাওয়া কামানের শোক।

 কুয়াশা ও ক্লান্তির ভেতর হাই তুলি

                                               আমরা।

গোলাম কিবরিয়া পিনু-র কবিতা


স্টেশন ও ট্রেন

ট্রেন এসে দাঁড়ায় স্টেশনে

          আমি দাঁড়াই না!

ও ট্রেনে উঠি না!

 

ও ট্রেন হুইসেল বাজালেও--হৃদয় বাজে না,

মস্তিস্ক করেছে আগেই এলার্ট!

     তাই তো হুইসিলও কাজে আসে না!

 

ও ট্রেন যে স্টেশনে দাঁড়ায়--

কৌতূহলেও  সে স্টেশনে পা রাখি না!

আগেই বুঝেছি--ও স্টেশনের রেলগাড়ি

               কোথায় কোথায় যায়? 

কোথায় যাবার তাড়নায়--হুইসেল বাজায়!

রবীন বসু-র কবিতা


কালের রমণী

তোমার দু'হাতের মধ্যে গোলাপ সুগন্ধ ভাসে

পিঠে আর নাভিদেশে ট্যাটুর সৌন্দর্য

মোহময় কমনীয়তা সলাজ তাকিয়ে আছে

দৃষ্টির গভীরে প্রেম, আলকুশি লতা

স্নানের শাড়ির থেকে গন্ধ জেগে ওঠে

আমি সেই কালিদাস, রামগিরি পাহাড়ের ছাদে

আষাঢ়ের বর্ষালিপি লিখে রাখি মেঘেদের গায়ে।


আভূমি আনত সন্ধ্যা, তুমি শুয়ে আছো স্থির

জীবনানন্দের নারীরা তোমার মাথার কাছে বসে

কী কথা বলছে তারা? কী কথা বলছো তুমি?

এতদূর থেকে ভাসা ভাসা ধ্বনি ভেসে আসে

কর্ণপট পেতে রাখি, অদ্ভুত অস্পষ্ট মুখাবয়ব 

নিয়ে মৃত তুমি কালের রমণী, খোলাচুলে

নিগূঢ় অন্ধকার সাঁতরাতে গিয়ে মোমজ্যোৎস্নায় 

গলে গলে যাও। আর ঠিক তখনই ব্যথার সমুদ্র

থেকে পুনর্বার উঠে বসে আমাদের আক্রান্ত পৃথিবী।

 


নূর মহম্মদ-এর কবিতা


 বিকল্প

মনের মতো মেলেনা যা চাই মনোমুগ্ধকর

খুঁজতেই থাকি তাই উন্মাদের মত পথে পথে

বিকল্প শুধু বিকল্পের পিছু ধাবমান যায় দিন

বিকল্প এক সীমাহীন তাড়না অস্থির অতৃপ্তির

ছুটিয়ে যায় সে সর্বক্ষণ নিজস্ব খেলায় তার

পেতে চাই সবাই সঠিক নিখুঁত সহস্রের ভিতর

এক নিরন্তর সন্ধান চলে দিন ভর আমাদের

হয়তো পাবো কিম্বা পাবো না তাই এত চঞ্চলতা

হেথা নয় হোথা চিরন্তন আবেগে থাকে মন

ছুঁতে চায় মনোমতোকে যেখানে সে আছে

অবিরাম ছুটে চলা তাই স্থান থেকে স্থানান্তর

বিকল্প শুধু বিকল্পের টানে থাকে মন অবিরত

আসলে সন্ধানী মন রয়েছে বিকল্পের গহনে।।

সা'আদুল ইসলাম-এর কবিতা


অনন্তের সিঁড়ি বেয়ে নেমে আসা বিশ্বাসের স্রোত

আলুল উদ্বেল এক বর্ণিল সোনাঝুরি আলো

মেঘের মিনার থেকে টুপ করে নেমে এসে নির্ঝর হল

বিস্ফারিত ফুলে-ফেঁপে ছড়িয়ে গেল সবখানে

ঘর বারান্দা উঠোন ছাড়িয়ে অদৃশ্য নিকেতনে

আমাকে নিয়ে চলল দিশাহীন অনিকেত ঝড়ের খেয়ায়

ত্রিভুবন ঘুরে দারুচিনি-মায়াদ্বীপ, তার পাহাড় ঝরনায়

সানুদেশ ছুঁয়ে দোয়াব তরাই ছাড়িয়ে মালভূমি

কলসিতে ঢেউ তোলা মাতাল দিঘিটি

আমবন তালবন গলে দুপুর রোদের ঝিকিমিকি

আলোছায়া পার হয়ে মাত্রাবৃত্ত দোলা দিয়ে

দুলে দুলে দুলে সেই কাঁখকলসি

দমআঁটা পানাফুলের উপরে

ডাহুক-ডাহুকীর প্রেমছবি দেখে ঘন মনে

অতঃপর কাঁকাল ভেঙে হৃষ্ট হেসে ওঠে

তারপর আমারই মগজ তাক করে হেনে দেয় শেল

হেসে গড়িয়ে পড়ে গড়িয়ে গড়িয়ে সে ঢুকে পড়ে

আমার মনের গহীনে যে সাতমহলার নির্জন, সেখানে

তাকে আমি আতুপুতু যত্ন করি সঘন সাজাই অনিমিখ

সে আর কেউ নয় অনন্তের সিঁড়ি বেয়ে নেমে আসা

আমার সে বিশ্বাসের স্রোত

স্নান করি তাতে অমিতাভ ধারাস্নান

সিদ্ধকাম ধুয়ে ফেলি সকল কলুষ

বুকের মধ্যিখানে জন্ম নেয় এখন

পৃথিবীর সব কষ্ট মুছে ফেলা এক জ্যোতির্ময় পুরুষ!