বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

তাপস কুমার চট্টরাজ-এর কবিতা


বিলম্বিত রোদ্দুর

অনেক স্বপ্ন বিলিয়েছি সেই

ছবিটা কিনতে। আলোর

পৃথিবীর জন্য মুঠো করে ধরে রাখা 

চাতকের প্রহর গুলো উজ্জ্বল হয়ে ওঠার 

লোভ পিছনে অষ্টপ্রহর খামচে ধরে,

পকেটের কোণে লুকিয়ে রাখা

বিপন্ন সময় হারিয়ে যাওয়া বাতাস

ফিরে আসে বৈচিত্র্যময় কর্মসূচি নিয়ে।

সোনালি রঙের আভা ছড়িয়ে যাচ্ছে

বিকেলের দিকচক্রবালে

একটু একটু করে মুঠোয় ধরছি

না পাওয়া রোদ্দুর

 

মাহফুজ আল-হোসেন -এর কবিতা


 কোন গীতলতা

[প্রিয়বন্ধু সময়ের অগ্ৰগামী কবি ওবায়েদ আকাশ সমীপে]

হৃদসখা কোন গীতলতা
কবোষ্ণকথারা প্রথাসিদ্ধ পৃথুলা প্রাকার ভেঙে
স্রষ্টার অষ্টকে সুরভাঁজে
আপাত- নিরীশ্বর অনির্ণেয়তায়

এক অক্ষৌহিনী অক্ষরেরা
ক্ষৌরপ্রক্রিয়ায় অন্তর্হিত হতে হতে
পঙক্তিবদ্ধ কেশবিন্যাসে স্বতঃসমর্পিত হয়
অকালপক্ক  কালহীনতায়

পৃথিবীর ক্ষয়কাশে বিক্ষত প্রতিপার্শ্ব
শাহবাগের বইবেচা বাগিচায়
প্রাণোচ্ছ্বল প্রণয়সভা বসেনা বহুদিন
বিপ্রতীপ বাতাসে ধূসর পান্ডুলিপি দোল খায়
শালুকের সবুজ ডাঁটায়

অনভ্যাসের অন্তর্জালিক বার্তা
শিশিভাঙা বিচুর্ণিত কাঁচের মাঞ্জায় কর্তিত হয়ে
বন্ধ খামের সডাক গীতলতা পৌঁছে যায়
সুলতানপুরের অহিংস হিজল ঠিকানায়



৩রা শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ
আশুলিয়া বেড়িবাঁধ

হাইকেল হাশমী-র কবিতা


 তুমি আছোআমি আছি

জীবনের কিছু অমূল্য স্বপ্ন আছে

সেগুলোই নিজের আপন আছে

হ্যাঁ, ওই স্বপ্নে আমি আছি

হ্যাঁ, ওই স্বপ্নে তুমি আছো

আমার দীর্ঘ নিঃশ্বাস আছে

তোমার মিথ্যা আশ্বাস আছে

মিলনের শুভ্র আশা আছে

বিরহের ধুধু নিরাশা আছে

তোমার জন্য ভালোবাসা আছে

আর না পাওয়ার হতাশা আছে

তোমার মধুর হাসি আছে

আমার চাপা কান্না আছে

না বলা কতো কথা আছে

না বোঝা সব ভাষা আছে

দিনের উত্তপ্ত প্রতিক্ষা আছে

রাতের ব্যাকুল ব্যথা আছে

তুমি আমার ভাবনায় আছো

স্বপ্ন হয়ে ঘুমের মাঝে আছো

তুমি আছো, আমি আছি

তবে কতো দূরে দূরে আছি

এইসব নিয়ে বেঁচে আছি

আমি তো বেশ ভালো আছি।

তমোজিৎ সাহা-র কবিতা


 স্মৃতি

উপহারখানি যত্নে তুলে রেখেছি
সাতপুরুষের ধন
মরুভূমি পেরিয়ে এই ভুবন পাহাড়ের দেশে
ধুলোর শহরে



স্মৃতির টুকরোখানি বৃষ্টি ছুঁয়ে আছে। 

দিলিপ কুমার বাইন-এর কবিতা


 ড্রিম

ড্রিম কোনো রাতের আকাশ মাত্র নয়

ড্রিম এক নির্মেদ কসরৎ

নির্ঘুম দিনরাত্রি জুড়ে এক বিস্তারজাল

আমি শুনেছি সাফল্যের সরলরেখা থেকে

আমি দেখেছি সুসফল আইকনের আবৃত্তি থেকে

এক কৃষকের প্রশান্ত প্রগাঢ় আহ্বানে

এগিয়ে যাচ্ছে গোটা ব্রহ্মাণ্ড। 

               ১০/০৮/২০২১

মৃণালেন্দু দাশ-এর কবিতা


 সিনেমা

ভাঙতে  ভাঙতে  পাড় , ধস !
উঠোন ভাসছে জলে  ঘর  গিয়েছে  ভেসে , অকূলে

মা-মনসা ফোঁস  চারদিকে  শোরগোল
আসমানে  নাই  তারা  চাঁদের ইশারা
সেগুন গাছের পাতায়  রাত জোনাকি
দূরের গাঁয়ে কুপির আলো মন করে আনচান
জল থই  থই ওইখানে যে আমার ছেলেবেলা —

সিনেমা দেখার পর হাওয়ার  ওড়ে চিনা বাদামের খোসা