রবিবার, ২১ জুন, ২০২৬

তূয়া নূর-এর অনুবাদ কবিতা


অ্যাড্রিয়েন রিচ


এ কেমন সময়

এমন একটা জায়গা আছে দুই সারি গাছের মাঝে,
যেখানে ঘাসেরা বেড়ে উঠেছে উঁচু হয়ে
পুরাতন বিপ্লবী পথটা মিশেছে আবছায়ায় পরিত্যক্ত সভা ঘরের কাছে,
ফিরে আসে নি সেই ঘরে আর নির্যাতনের জন্য যাদের ধরে নেয়া হয়েছে, 
অন্ধকারে হাওয়া হয়ে গেছে তারা।
আমি সেখানে হেঁটে ভয়ের কিনারা ধরে কুড়িয়েছি মাশরুম,
ভুল বুঝো না কিন্তু,  এটা কোনও রুশ কবিতা নয়,
এটা অন্য কোনও জায়গা নয়, আমাদের দেশ তার নিজস্ব সত্য ও সন্ত্রাসের দিকে এগিয়ে যাচ্ছে,
এগিয়ে যাচ্ছে মানুষ গুম করার নিজের হিসেব করা পথে,
আমি তোমাকে বলব না জায়গাটা কোথায়,
যেখানে বনের গাঢ় জালি মিশেছে চিহ্নহীন এক ফালি আলোর সাথে —
ভূত তাড়িত চৌরাস্তা, পাতার ছাঁচে স্বর্গ:
আমি জেনে গেছি কারা এটা কেনা বেচা করে,
গুম করে।
আমি তোমাকে বলব না জায়গাটা কোথায়,
এতো সব কথা আমি কেন তাহলে বলছি তোমাকে?
কারণ তুমি এখনও যে শুনতে চাও,
কারণ এরকম সময়ে তোমাকে যে শুনতেই হবে,
আর সে জন্য তো  জরুরি
গাছপালা নিয়ে কথা বলা।


[অ্যাড্রিয়েন রিচ (১৯২৯-২০১২) ছিলেন অত্যন্ত প্রভাবশালী আমেরিকান কবি, প্রাবন্ধিক এবং নারীবাদী। তিনি ছিলেন সামাজিক ন্যায়বিচারের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি লিঙ্গ, যৌনতা, জাতি এবং রাজনৈতিক ক্ষমতার মতো বিষয়গুলো তুলে এনেছেন মার্কিন সাহিত্যের কেন্দ্রে।
আনুষ্ঠানিক, ঐতিহ্যবাহী কবিতা দিয়ে শুরু করেন এবং 'এ চেঞ্জ অফ ওয়ার্ল্ড' (১৯৫১) কাব্যগ্রন্থের জন্য ইয়েল ইয়াংগার পোয়েটস পুরস্কার লাভ করেন।
প্রধান কাজসমূহের মধ‍্যে স্ন্যাপশটস অফ এ ডটার-ইন-ল, ডাইভিং ইনটু দ্য রেক, দ্য ড্রিম অফ এ কমন ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ফাউন্ড দেয়ার (গদ্য) উল্লেখযোগ্য।
তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড এবং ম্যাকআর্থার ফেলোশিপ সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন এবং উল্লেখযোগ‍্য যে ন্যাশনাল মেডেল অফ আর্টস তিনি প্রত্যাখ্যান করেছেন। 
১৯৫৮ সালে ম্যাসাচুসেটসের কেমব্রিজে একটি পার্টিতে কবি সিলভিয়া প্লাথের সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল, যেখানে প্লাথ রিচের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করেছিলেন এবং অভিন্ন সংগ্রামের অস্তিত্বও তিনি অনুভব করেছিলেন।
রিচের কবিতা পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করেছে, যা পাঠকদের সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ও ন্যায়সঙ্গত বিশ্ব গড়ার কাজে উৎসাহিত করেছে।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন