রবিবার, ২১ জুন, ২০২৬

মামুন মুস্তাফা-র অনুবাদ কবিতা

জন ডান

সুপ্রভাত

বলো তো শপথ করে, ভালোবাসার আগে তুমি আর আমি কী করতাম?

তখন কি আমরা সত্যিই বড়ো হয়ে উঠিনি, হয়তো শিশুর মতো

তখনো গ্রামের ছোটো ছেটো আনন্দে ডুবে থাকতাম?

নাকি সময়ের কোনো অন্ধকার গুহায় হারিয়েছিলাম

দীর্ঘ ঘুমে, সাত ঘুমন্ত মানুষের মতো?

হয়তো তাই। কিন্তু এখন বুঝি,

ওসব আনন্দ ছিল কেবল কল্পনা।

আমি যদি কখনো কোনো সৌন্দর্য দেখে থাকি,

যাকে চেয়েছি, পেয়েছিও

সবই ছিল তোমারই স্বপ্নরূপ।


এখন আমাদের জেগে ওঠা আত্মাকে সুপ্রভাত।

তারা ভয়ে ভয়ে একে অন্যের দিকে তাকায় না;

ভালোবাসার জন্য, তোমার চোখ ছাড়া আর কিছুই

দেখার নেই। আর সবকিছু নিঃশব্দে সরে গেছে।

শুধু একটি ঘরই যথেষ্ট, এটাই পৃথিবী।


সমুদ্রপথিকরা নতুন পৃথিবীর খোঁজে যাক,

মানচিত্রে অন্য কেউ এঁকে নিক অন্য তেপান্তর।

আমাদের দরকার নেই সেসব। আমরা একটাই

পৃথিবী গড়ি। তুমি আর আমি।

প্রত্যেকের একটি পৃথিবী আছে, যেমনআমাদের।


তোমার চোখে আমি দেখি নিজেকে,

আমার চোখে ভেসে ওঠো তুমি।

কোনো ভনিতা নেই সেখানে

ওই দৃষ্টির ভেতরে দুটি নিখাদ মনের বসবাস।


এর চেয়ে সুন্দর আর কী হতে পারে?

আমরা কোথাও দুটো সমুন্নত অর্ধ-গোলার্ধ খুঁজে নিতে পারি

যেখানে থাকবে না নির্মম উত্তর, অথবা নুয়ে পড়া পশ্চিম।

অথচ যা কিছু মরে যায়, তা অসমতার ফলাফল।


কিন্তু আমাদের প্রেম যদি এক হয়,

যদি তুমি আমি একইভাবে ভালোবেসে থাকি

তবে কেউ সরে যেতে পারে না।

এই প্রেম অমর; কখনো মৃত্যু তাকে ছোঁবে না।


[জন ডান (১৫৭১ বা ১৫৭২ -- ৩১ মার্চ ১৬৩১) ছিলেন একজন ইংরেজ কবি, পণ্ডিত, সৈনিক এবং সচিব। তবে তাঁকে ইংরেজি কাব্যধারায় Metaphysical বা আধিভৌতিক কবিতার প্রধান কবি হিশেবে চিহ্নিত করা হয়। ১৭ শতকের ইংরেজ কবিদের লেখা এক ধরনের কবিতা, যা গভীর বুদ্ধিবৃত্তিকতা, জটিল চিন্তা, অদ্ভুত উপমা (Conceits), এবং বাস্তবতার দার্শনিক প্রশ্ন নিয়ে আলোচনা করে, যেখানে সাধারণ ভাষা যুক্তির মাধ্যমে আধ্যাত্মিক দার্শনিক বিষয়বস্তু প্রকাশ পায়। জন ডনকে ধারাার গুরুত্বপূর্ণ প্রধান কবি বলে মনে করা হয়।


জন ডানের কবিতার শৈলী আকস্মিক সূচনা, নানা বৈপরীত্য, বিদ্রুপ বিচ্ছিন্নতা দ্বারা চিহ্নিত হয়ে থাকে। তাঁর শুরুর দিকের কবিতাগুলো ইংরেজ সমাজ সম্পর্কে গভীর জ্ঞান বহন করে। তাঁর কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রকৃত ধর্মের ধারণা, যা নিয়ে তিনি দীর্ঘ সময় ধরে চিন্তা করতেন তত্ত্ব নির্মাণ করতেন। তিনি ধর্মনিরপেক্ষ কবিতা লিখেছেন, পাশাপাশি ইরোটিক প্রেমের কবিতাও রচনা করেছেন। বিশেষত, তিনি মেটাফিজিক্যাল কনসিট ব্যবহারে দক্ষতার জন্য বিখ্যাত।] 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন