রবিবার, ২১ জুন, ২০২৬

ঊর্মিলা চক্রবর্তী-র কবিতা


স্বপ্নজাল

সমুদ্রের নিচে মানিকের আলো জ্বলে

সমুদ্রবনানী ঘেরা ঘরের গহনে,

মাছনারী জলোচ্ছ্বাসে দুলে মহলের

ঘেরাবারান্দায় আড্ডাদুপুরের ঘোরে

স্বপ্নজাল বোনে, বিনি সুতোয়।

 

অলৌকিক সেই জাল বুনে তোলা

সাগরলতার কুরুশকাঁটায়। সমুদ্রতলের

অত্যাশ্চর্য আলো, লোনা জলের

জীবন-আস্বাদ, সমুদ্রপাখির গান

সুরে সুরে ধরা দেয় স্বপ্নজালে।

 

ধুলোমাখা জগতের অনাশ্চর্য ঘর

সে সুরের খবর রাখেনা। সে খবর

লেখা থাকে সন্ধ্যা আকাশের অবিশ্বাস্য

রঙে রঙে, সমুদ্রঢেউয়ের ফেনায়,

বনে বনে আকস্মিক ফুলের উচ্ছ্বাসে,

চমকে জেগে ওঠা কোনো কবির অক্ষরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন