মুখোশের নীচে
আমি যা দেখাই —
তাই তুমি দেখো।
আলোয় দাঁড়িয়ে থাকা আমার এই মুখটুকুই
তোমার কাছে আমার সমগ্র ইতিহাস।
তুমি যাকে দেখো —
সে আমি নই।
সে কেবল
একটি সাজানো নীরবতা,
সময়ের কাছে শেখা এক অভিনয়,
মানুষের ভিড়ে টিকে থাকার
এক রপ্ত করা মুখোশ।
আমার ভেতরে আরেকটি মানুষ থাকে —
যার রাতগুলো গভীর নদীর মতো,
যার স্বপ্নগুলো ভাঙা তারার মতো
অন্ধকারে নিঃশব্দে ঝরে পড়ে।
তাকে তুমি কোনোদিন দেখোনি।
কারণ
সে আলোতে আসে না।
সে লুকিয়ে থাকে
অপ্রকাশিত শব্দের ভিতরে,
অধরা দীর্ঘশ্বাসে,
এবং অনন্ত এক নিঃসঙ্গতার প্রান্তে।
তুমি যাকে দেখো —
সে কেবল ছায়া।
আমি আসলে
আরও গভীর,
আরও অদৃশ্য,
আরও দূরের এক মানুষ —
যার সত্যিকারের পরিচয়
মুখোশের নিচে
নীরবে জেগে থাকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন