রবিবার, ২১ জুন, ২০২৬

বন্ধন পাল-এর কবিতা


দুর্লভ 

সেই মুহূর্তগুলো আসলে একেকটি লক্ষ্য, গন্তব্য,
যতক্ষণ অধরা — অশান্ত করে তোলা হাতছানি,
হাতে পেতে চাওয়া চাঁদ — বামনের,
বিপরীত স্রোতে মাছের সাঁতার 
অথচ অর্জনের পরে, নতুন মুহূর্তের চমক,
ক্যালেন্ডারের শেষ পাতার তারিখ থেকে 
পরবর্তী অব্দে পৌঁছনোর 
সংবেদনশীল মুহূর্তে উত্তরণ...

বাস্তবের শীতল হিমবাহে হিমাঙ্কের নীচে চলে যাওয়া 
ঘুমন্ত ইচ্ছেগুলো পড়ে থাকে,
সাফল্য-বিফলতা পাশাপাশি — অস্বচ্ছ সহাবস্থানে
ঘুমিয়ে ঘুমিয়ে বাঁচতে শেখাতে প্রতিজ্ঞ হয়ে ওঠে।

প্রবাহে ভাসতে ভাসতে এসে পড়া মুহূর্তের ভিড়
অসারকে সরাতে চেয়ে সামনে এগোয়,
যে ক্রিয়াকলাপের ঘোলাজল থেকে সারার্থ বেছে দিতে
তারা এসে পৌঁছায়,সাম্য-অসাম্যের দ্বন্দ্ব বোঝার আগেই,
জীবন ক্লান্ত হয়ে যায় —
ব্যর্থতার মধ্যেও কিছু কিছু সাফল্যকে খুঁজে 
শান্ত হয় মনের আন্দোলন,
সাফল্যের ভেতরে ব্যর্থতার যে বায়বীয় আক্ষেপ 
নিরাকারে মুখ লুকোয়,
পৃথিবী এ সবের অর্থ আঁস্তাকুড়ে ছুড়ে ফেলে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন