যাত্রী
জীবন্ত মাঠের পাশে যে দু-একটা হরিণ
ক্যালেন্ডার তারিখগুলো তারিয়ে তারিয়ে খাচ্ছে,
সময়মতো পালাতে জানে বলে
তাদের শিং নেই —
নাকি তারা অজ্ঞাতবাসে শিখেছে কোনও গোপন কৌশল!
এখানে আলোর পাশে উদ্বেগ মৃদু পায়ে হাঁটে,
এখানে প্রাচীন জাদু কেবলই তীব্র করে সময়ের ডানা।
অতীত বইয়ের পাতায় শুধু যে দু-চারটে ধুলোকণা
এখনো লেপটে আছে,
আর কিছু নিঃস্তব্ধতা
মৃদু শ্বাস ছাড়া যারা কিছু শোনেনি কোনোদিন —
তারা আজ ধাঁধা ভুলে আমার রোদের পাশে হাঁটে।
২৯.০৩.২০২৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন