রাত্রির পার্কে
এখন পার্কের গায়ে রাত্রি ও কুয়াশা
দুনিয়ার বুকে যবনিকা
ঘুমন্ত আলোরা রাস্তার দু'পাশে
ম্লান ও শিশিরমাখা।
ফাঁকা রাস্তা সোনালি উজ্জ্বল
কুহেলিবিলীন লেক — সেও তো সোনালি
এই সৌন্দর্যের সঙ্গে জেগে থাকা
এও কি যথেষ্ট নয়?
প্রশংসায় গলা বুজে আসে
নতজানু হতে সাধ হয়
সৌন্দর্য, যথেষ্ট নও তুমি?
এরপর আরও কেন ভালবাসা চাই!
এ যৌবন, এই যে গানের গলা, এই চোখ —
কেন এত অহমিকা গোপন রেখেছি?
আমার জন্যে তো রাত্রি
তার মেঘময় চুল বেঁধে রাখে আলোর কাঁটায়।
এই আমি, যার জন্যে সমস্ত সৌন্দর্য
ধূপ হয়ে জ্বলে।
সৌন্দর্য, যথেষ্ট নও তুমি?
তবে কেন ভালবাসা এতখানি প্রেয়!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন