শব্দের ভিড়ে
শব্দদের ভিড়ে দেখি জন্মায় বিস্ময়
আহ্নিক গতির মধ্যে অবাধ্য পিপাসা
দু’টি মিলে ভেঙে দেয় খাঁচা ও বিষয়
প্রাপ্ত শব্দে গড়া ঋক জন্ম দেয় আশা।
শব্দের প্রশ্রয়ে আলো ও আকাশ চেনা
পাখির উড়াল আর মৌন মেঘ দেখা
শব্দের ঘ্রাণেই মেলে জীবনের ফেনা
অচেনার তীরে পাই নিজ পথরেখা।
শব্দের ঘ্রাণেই খোলা তৃতীয় নয়ন
ধ্বনির কপাট আর পূর্ণের করুণা
কাঁপে মধ্যদুপুরের মন–উপবন
চিহ্ন রেখে চলা তাই দূরের মোহনা।
শব্দের ঘ্রাণের ভিড়ে অশ্রুত ইমন
বেপথুকে ডাকে শুধু আরেক জীবন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন