ঘুরে দাঁড়ানোর বিরুদ্ধে
বারবার ঘুরে দাঁড়াই স্বপ্নদের বিরুদ্ধেই
মৃত গল্পদের কথা শোনাই,
কত মঠ ও কৃষ্ণগহ্বর পেরিয়ে এসেছি, সেকথাও —
তবু তারা কুয়াশার দিকেই হেঁটে যেতে চায়,
এই ভ্রাম্যমাণতার মাঝখানে যে-নদী এসে থেমে গেছে
তাকেও সমুদ্রের কথা বলি,
কে কার কথা শোনে —
সমস্ত স্বপ্নভস্ম উড়িয়ে দিয়ে গোপনতম ক্ষতগুলির ওপর
জ্যোৎস্না মেলে দিই —
কীভাবে যে ঘুমন্ত বারুদগুলি জেগে ওঠে তবু
নিজেরই ভেতর থেকে, নিজেকে শাসায়,
পুড়ে যায় অদৃশ্য দ্রাক্ষাক্ষেত —
অলিখিত সনদ ও ইশতেহারগুলি
উড়তে থাকে শূন্যতাগ্রন্থি জুড়ে
যেন নিজেই নিজেরই সপক্ষে সূর্যোদয় ও সূর্যাস্তগুলিকে
ছুটি দিয়েছি সমস্ত ঘুরে দাঁড়ানোর বিরুদ্ধেই!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন