রবিবার, ২১ জুন, ২০২৬

মহুয়া দাস-এর অনুবাদ কবিতা


আইতেন মুতলু 



শুভেচ্ছা

কিছুই আমাকে আর সান্ত্বনা দেয় না এখন
শূন্য সব স্বপ্ন নিয়ে শিশুদের বড় হতে দেখেছি
মৃত সব ফুলের সঙ্গে উড়ে গেছে তারা।

এই নীরব ব্যথা আমাদের বীজ
বিরক্তিকর সব দিনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মনে হয় 
সব শেষ হয়ে গেছে যেন।
আমরা জানতাম তারা বাতাসের সাথে
দৌড় প্রতিযোগিতায় নামবে
ঘাস ও মেঘের আওয়াজের মাঝে ভাসবে তাদের হালকা ছায়া।

পাথর যেন সেখানে নীল
ঢালের দিকে লুকানো পথ,
গভীর খননের উতরাই ধরে এগোলে 
পূরণ হয় ঢেউয়ের ফেনার প্রতিধ্বনি।

মৃত ফুলেদের সাথে 
উড়ে গেছে তারা
বৃষ্টির নাম পাল্টে যাবে, দেখো,
অন্ধকার, একাকী পথ ঘুরে
তাদের হৃদয়পুর হবে হালকা ,উজ্জ্বল।

আমি একটু শান্তি চাই,
শান্ত হতে চাই নিজের জন্যে
ব্যথা ও যত জ্বালা নিভে যাক।
পুরনো গ্রীষ্মের এক মুঠো সোঁদা মাটি চাই, 
যেখানে শিকড়ে মিশে আছে 
বৃষ্টির মতো গন্ধ।

কিছুই আমাকে আর সান্ত্বনা দেয় না এখন
শূন্য স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে দেখেছি শিশুদের 
যাদের সাথী ছিল শুধুই নীরব যন্ত্রণা।


[আয়তেন মুতলু একজন অসাধারণ কবি ও লেখক। তিনি Yıldız টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৭৫ সালে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি থেকে স্নাতক হন। তিনি কেন্দ্রীয় ব্যাংক থেকে অবসর গ্রহণ করেন। তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, নারী অধিকার আন্দোলনে।]



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন