রবিবার, ২১ জুন, ২০২৬

আশিস গোপাল-এর কবিতা


হয়তো 

সোনালি ঢেউয়ের আন্দোলন শেষে
বিস্তীর্ণ এলাকা জুড়ে চুলের গোড়া:
তার মাঝে কিছু অংশ পুড়ে, 
কিছু অংশ এখনো পড়ে।
তারই মাঝে সে শুয়ে : নাম জানা নেই তার,
মুখ দেখেনি তখনও — তবে সোনালি কাঁচা আলোর ঢেউয়ে কিছু মাছি 
ছুঁইয়ে যায় আদরের স্বভাবে।
সোনালি ঢেউয়ের আলো —
হয়তো কোনো এক প্রাচীন 
মেসোপটেমিয়ার ভাঙ্গা থালায় আঁকা 
কোনো এক নারীর মুখ, শীতের অন্ধকারে কুয়াশায় ঘিরে 
অদ্ভুত রহস্যয়ের মতো 
দিগন্ত ছড়ানো এক গুচ্ছ কালো চুল
 উড়ে এসেছিল তার ঠোঁটে,
হয়তো মায়া ভরা চোখে শত নক্ষত্রের পতন
অথবা দিশাহারা সে মানুষের মতো...
হয়তো বা কিছু নয়
ভাগ্য ক্রমে এনেছে গভীর সর্বনাশ।
তারও কি ছিল না চোখের ইশারা?
আজ আর কিছু নেই বাকি কেবল 
কিছু মাছি ভেসে যায় আলোর স্রোতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন