আলোকিত ভোর
যেহেতু কুটিল হয়ে আছি
তাই, প্রেমকে ঘরবন্দি করে
নিজেকে উঠোনে ছড়িয়ে রাখি,
পাখিদের বসাই শরীরে,
পাতারা চোখের উপরে ঝরে যাক
বিজন দুপুরের কুমারী আলোর মতো।
তোমার কথার থেকে
দূরে বসে থাকি
যেন ভিজে বিকেলে সঙ্গী হারিয়ে ফেলা
বিবিক্ত পুরুষ কোনো পাখি
নিজের ঘুমের দিকে দুঃস্বপ্ন ছুঁড়ে দেওয়া
আমি এক বীভৎস রাত হয়ে আছি,
পবিত্র স্পর্শকে সযত্নে সরিয়ে রাখি,
ভাঙা চোখে ঝিঁঝির শব্দ লাগাই
লাল হও, লাল হও আমার সুস্বপ্নে ছাওয়া
ময়ূরভরা আলোকিত বন
এ গভীর তমসায় হৃদ্-রক্ত উজাড় করে
ভোর লিখি ধুলোমাটি ভরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন