রবিবার, ২১ জুন, ২০২৬

ঋজুরেখ চক্রবর্তী-র কবিতা


চরিত্র

ধাতু ও পাথর নয়, চরিত্র নিঃশব্দে ভাঙে নিশীথপ্লাবনে।

অঞ্জলি ডোবাই জলে, করতল ভেজে না তবুও।

শিকারের মাংস নিয়ে কাড়াকাড়ি করে যারা, দীর্ঘজীবী হয়।

এসো, ধাতুবিদ্যা পড়ি; অধ্যয়ন করি, এসো, প্রস্তরবিজ্ঞানও
আজ এই অকালবর্ষার রাতে যখন নিবৃত্তি মানে আকাশের চুপ,
যখন ইন্দ্রিয় মানে ডাইনোসরের ক্ষুধা বিস্ফোরক, হুহু ─
পাঠে, অধ্যয়নে, এসো, মিশে যাক অবাস্তব প্রাসঙ্গিকতাও।

ধাতু ও পাথর পোড়ে, প্রতিবিপ্লবের আঁচে চরিত্র পোড়ে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন