লবণজলের রেখা
সরু পথ ধরে হেঁটে যে দিগন্ত রেখা তুমি পাবে
তার পাশে বোমারু বিমান এফ সিক্সটিন ওড়ে
রূপালি জ্যোৎস্নার রাত বলে কিছু নেই
মাছেরাও ভালোবাসে চালশে জলের স্রোত
সৌন্দর্য তোমাকে ছেড়ে চলে গেছে
যেমনটা গিয়েছিল কবি উৎপলকুমার বসুর কাছ থেকে
উৎসবে আগুনে যে পতঙ্গ এখনও কাঁপে
তার পাশে ড্রোন আর শিকারী শকুন
লবণজলের রেখা আঁকে।
গুহার ভাস্কর্যে যে নেতানো হাত পড়ে আছে
অন্ধকার শুষে নিয়ে
তাকে ধরো
তাকে বলো, এখনও শেষ চিহ্ন আঁকিনি দু’পায়ে
এখনও জেগে আছে হিম হিম সন্ধ্যা তারা
পৃথিবী বদলে দেবে বলে...

কবি জুনান নাশিত এর লেখা "লবন জলের রেখা" পড়লাম। কবির চিন্তার অবস্থান খুব দুরুহ। কলমও সেই মত কথা বলে। এই গদ্য কবিতায় তেমন পেলাম। পড়ে তৃপ্তি পেলাম।
উত্তরমুছুন