খলিল গিব্রান
ভয়
একথা জানে সবাই —
সাগরে মিশতে নদীর কত ভয়।
সে শুধু পিছন পানে চায়
যতদূর দুচোখ চলে যায়; নেপথ্য দেখে সে,
যে পথ দিয়ে এতদূর এসেছে বয়ে
পাহাড়ের চূড়ো থেকে-সুদীর্ঘ সে পথ
যা বনপথ আর গ্রামের পর গ্রাম
এসেছে মাড়িয়ে;
সে দেখে সামনে বিপুল জলরাশি নিয়ে
দাঁড়িয়ে মহাসাগর;
সেখানেই তো তাকে মিশে যেতে হবে;
চিরকালের মত হারিয়ে যাওয়া ছাড়া
তার কাছে আর অন্য কোনো বিকল্প নেই।
এ ছাড়া কোনো পথ নেই
নদীর কোনো ফেরার রাস্তা নেই।
বস্তুতঃ কেউই ফিরে যেতে পারে না;
ফিরে যাওয়ার অর্থই তো বাঁচার অস্তিত্ব অস্বীকার।
অগত্যা নদীকে মহাসাগরের বুকে
হারিয়ে যাবার ঝুঁকি নিতেই হয়।
চিরতরে বিলীন হবার ভয়
তখনই তার সমূলে নিশ্চিহ্ন হয়,
যখনই নদী টের পায় —
এ তো মহাসমুদ্রে চিরতরে হারিয়ে যাওয়া নয়;
নদীর মহাসাগরে রূপান্তরের জয়।
[খলিল জিব্রান (৬ জানুয়ারি ১৮৮৩ – ১০ এপ্রিল ১৯৩১)
সাধারণভাবে একজন লেবানিজ আমেরিকান লেখক,কবি এবং পেইন্টার হিসেবেই সারা বিশ্বের সাহিত্য আঙ্গিনায় তাঁর পরিচিতি। অবশ্য দার্শনিক হিসেবেও তাঁর একটা তকমা থাকলেও তিনি নিজে সেই তকমাটি সযত্নে পরিহার করে থাকতেই পছন্দ করতেন। মূলতঃ যে বইটি তাঁকে সারা বিশ্বের আঙ্গিনায় খ্যাতির আলোয় এনেছিল- ‘The Prophet’ যার প্রথম প্রকাশনা ঘটেছিল আমেরিকায় ১৯২৩ সালে এবং সেটি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বেস্টসেলারের তালিকায় স্থান পেয়েছিল এবং তা ১০০টিরও বেশি ভাষায় সারা বিশ্বে অনূদিত হয়েছে।]


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন