রবিবার, ২১ জুন, ২০২৬

কাজল সেন-এর কবিতা

ঘুম থেকে জেগে উঠে কী লাভ


কখনও কখনও মনে হয় ঘুমিয়েই থাকি

ঘুম থেকে জেগে উঠে কী লাভ 

প্রতিদিনের মতো চোখ মেলে 

দেখতে হবে শুধু নরক গুলজার 


এই তো গতকাল সন্ধ্যায় গণধর্ষিত হল 

পাড়ার মেয়ে সন্ধ্যারানী

যারা এই মহান কাজে ব্রতী হয়েছিল 

সবাই তারা চেনাজানা সন্ধ্যারানীর

গত পরশু চৌরাস্তার মোড়ে ছিনতাইবাজদের হাতে  

অকালে মারা গেল অতীন

নিজের তিন ছেলেমেয়েকে রেখে তার আগের দিন

প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন মিসেস পাইন 


কষ্ট হয় জানেন খুব কষ্ট হয় এইসব দেখে

রাগে হাত নিসপিস করে মুষ্টিবদ্ধ হয় ক্ষোভে

নতুন এক দিনের স্বপ্ন দেখেছিলাম কোনো একদিন 

বৃদ্ধ হয়েছি আজ অশক্ত শরীর 

চোখের দুপাতা শ্রান্ত হলে ঘুম নেমে আসে

স্বপ্নে হাতড়াই শুধু সেই অন্যদিন  


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন