পূর্বকল্পিতধরেই নিয়েছি আজ
যার দেখা পাবো কিছুতেই তাকে
পাঠাভ্যাসের ছায়ায় দাঁড়াতে দেবো না
কেননা তিনিই প্রথম আমাকে
পড়তে দিয়েছিলেন ‘লিফস অফ গ্রাস’
— কবি ওয়ল্ট হুইটম্যান
চর্যাপদ অনুবাদে যারা দক্ষতা দেখিয়েছিলেন
আজকাল তারাই আমার স্বপ্নে বেড়াতে আসেন
এমন নির্জনতম আয়োজনে তাকে তো আমার
আফ্রিকান লিটারারি ক্ষুধার বাইরে কিছুই দেবার নেই
এখনো বকুলতলায় হাঁটতে বেরুলে
মানুষে মানুষে বৈষম্য ব্যতীত কিছুই দেখি না
বোধোদয় হলো নজরুলের পোর্ট্রেট অঙ্কিত চাদর জড়িয়ে
মুখোমুখি বলবো দাঁড়িয়ে
আমাদের জন্য বরাদ্দকৃত অরণ্য আজ খণ্ডবিখণ্ড হলেও
পৃথিবীর অধিকাংশ পুষ্পের নামে ঘ্রাণের বরাদ্দ রয়েই গেছে
পরস্পর সাক্ষাতেই কেবল বোঝা গেল
তিনিও আমার মতো
পূর্বকল্পিতভাবেই সম্মুখে দাঁড়িয়েছেন
তখনই তার প্রিয় মানুষের টেলিফোন কাটতে গিয়েও
নদীতে তাকিয়ে দেখলেন মাছেদের পরম বন্ধুতা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন