রবিবার, ২১ জুন, ২০২৬

কামরুল ইসলাম-এর কবিতা

 


আমার আর ফিরে যাওয়া হবে না

অনুভূতির বারান্দায় আজো পড়ে আছে

কিছু পুরনো গল্পের বোঝাপড়া,

এরকম উষ্ণতায় ভেবে দেখি 

আমার আর ফিরে যাওয়া হবে না,

আমার শরীরে গোপন পাখিরা ডালে ডালে

গেয়ে যায় সদ্যস্নাত বিধবার চোখ, আর ওই যে কাক,

রাতের বেলায় মৃত্যুর আঁচল ধরে বসে আছে নিমগাছে

সে-ও কি ফেরা নিয়ে বুনে যাচ্ছে জাল?

 

আমার আর ফিরে যাওয়া হবে না, আমার

ভেতরে হাটের পুরনো কোলাহল ছেঁড়া পাল তুলে

বসে আছে যাদুর কাঠি হাতে 

 

এই যে সৌন্দর্য আমি ছড়িয়ে দিচ্ছি চারদিক অন্ধকার করে

এই যে বাঁশি আমি বাজিয়ে যাচ্ছি রাতের

কামনাসিক্ত বেড়ালের চোখের আলোয়

এসবের কোনো অর্থ নেই 

 

জেনে রাখো আমার আর ফেরাই হবে না,

বদলে যাওয়া স্মৃতি নিয়ে কে আর ফিরতে চায়, বলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন