জন্ম
সমাধিসৌধে কিছু ফুল বাসি হয়ে যাওয়া
যদিও রন্ধ্রে রন্ধ্রে প্রতিদিন গাছের জন্ম হয় ...
আঁধার
একটাই আলো, সূর্য আর চাঁদ
দিনে কিংবা রাতে শুধু রিপু বিনিময় চলে
দায়
নিয়ত আকাশ কুয়াশার কারণ জানে, বর্ষারও
আচমকা ঝড় এলে দরজা বন্ধ হয় ভরসারও
লেখক
এক চুমুক লিখতে গিয়ে আজন্মের উপাখ্যান লিখি
আখ্যান বদলে যায়, পরিসর পাত্রে ধরা থাকে...
পাঠক
সেই তো পড়া, কী ছিলো তার মনে!
পেপারব্যাক জানে?
চারুকাজ
রঙ রেখার কৌশল ঢের জেনেছো বেশ
এবারে যাপনে আলপনা দিয়ে দেখা যাক...
কারুকাজ
এ শৈলী ঘরে ঘরে ঢুকে পড়েছে ঠিক, আর তুমি দেশান্তরে দীপাবলি
উদযাপন করতে চাইছো প্রামাণ্য!
গান
স্বরগম থেকে লয়কারীর তিনি একমাত্র ত্রাতা
তাঁকে উস্তাদ করেছেন বিধাতা এবং শ্রোতা
যাত্রা
দুলাইনের দৌড়
রেল যেমন ছুটে যায় গন্তব্যে, গন্তব্য পেরিয়ে...
মৃত্যু
প্রকাশ্য চুম্বনে আপত্তি ছিলো,ছিলোনা অগ্নিতে; মাটিতে
জেনে গেছি শ্বেত পোশাকে শোক কেমন সামাজিক হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন