সোমবার, ১ নভেম্বর, ২০২১

সা'আদুল ইসলাম-এর কবিতা


অনন্তের সিঁড়ি বেয়ে নেমে আসা বিশ্বাসের স্রোত

আলুল উদ্বেল এক বর্ণিল সোনাঝুরি আলো

মেঘের মিনার থেকে টুপ করে নেমে এসে নির্ঝর হল

বিস্ফারিত ফুলে-ফেঁপে ছড়িয়ে গেল সবখানে

ঘর বারান্দা উঠোন ছাড়িয়ে অদৃশ্য নিকেতনে

আমাকে নিয়ে চলল দিশাহীন অনিকেত ঝড়ের খেয়ায়

ত্রিভুবন ঘুরে দারুচিনি-মায়াদ্বীপ, তার পাহাড় ঝরনায়

সানুদেশ ছুঁয়ে দোয়াব তরাই ছাড়িয়ে মালভূমি

কলসিতে ঢেউ তোলা মাতাল দিঘিটি

আমবন তালবন গলে দুপুর রোদের ঝিকিমিকি

আলোছায়া পার হয়ে মাত্রাবৃত্ত দোলা দিয়ে

দুলে দুলে দুলে সেই কাঁখকলসি

দমআঁটা পানাফুলের উপরে

ডাহুক-ডাহুকীর প্রেমছবি দেখে ঘন মনে

অতঃপর কাঁকাল ভেঙে হৃষ্ট হেসে ওঠে

তারপর আমারই মগজ তাক করে হেনে দেয় শেল

হেসে গড়িয়ে পড়ে গড়িয়ে গড়িয়ে সে ঢুকে পড়ে

আমার মনের গহীনে যে সাতমহলার নির্জন, সেখানে

তাকে আমি আতুপুতু যত্ন করি সঘন সাজাই অনিমিখ

সে আর কেউ নয় অনন্তের সিঁড়ি বেয়ে নেমে আসা

আমার সে বিশ্বাসের স্রোত

স্নান করি তাতে অমিতাভ ধারাস্নান

সিদ্ধকাম ধুয়ে ফেলি সকল কলুষ

বুকের মধ্যিখানে জন্ম নেয় এখন

পৃথিবীর সব কষ্ট মুছে ফেলা এক জ্যোতির্ময় পুরুষ!



পলাশ গঙ্গোপাধ্যায়-এর কবিতা


শিক্ষা

পুরনো কথা বলি

নতুন তো বলিনা তেমন 

নতুন করে তৈরি হয়নি কোনো ম্যাপ 


কিছু সমীকরণ বদলে বদলে যায় 

কিছু বলার ধরন পাল্টে পাল্টে যায় 

ঈষৎ হেসে বলো জেনারেশন গ্যাপ! 

দীপঙ্কর সরকার-এর কবিতা


প্রহর  

শ্মশানের শান্তি এখন ধূসর শূন্যতা বুকে ভেসে

যাচ্ছে মেঘ , ঝামর ঝামর রোদের উৎপাত নেই।

পালক পাতারা খসে পড়ছে টুপটাপ , পিয়ানো

বাজছে কোথাও অদ্ভুত মাদকতা যেন সুরেলা

আওয়াজ । বনবীথি  জুড়ে আশ্চর্য শিহরণ গা ছম

ছম ভাব , জমে উঠছে বিবাহ বাসর গোধূলি লগ্নে

প্রজাপতি নির্বন্ধ মহাফেজ খানায় আমন্ত্রিত লোক

সমাগম আর আমি হাত ধোয়ার অপেক্ষায়।

মৃণালেন্দু দাশ-এর কবিতা



 প্রবন্ধ রচনা

ছুঁয়ে দেখি , যেভাবে ছুঁলে মন মলিন হয়না
স্পর্শের ভিতরে স্পর্শ , নীলশালুক হয়ে ফুটে ওঠে
গা বেয়ে বিন্দু বিন্দু শিশির ,পাগলিনি প্রায় দুপুর চাতাল
এ সবের বাইরে তোমাকে আবিস্কার করি পুর্নবার , অয়ি

ভুবনমোহিনী

শুরু করি , জলের শরীরে যে দাগটি লেগে থাকে
তার স্বচ্ছতা নিয়ে , স্পষ্টতা নিয়ে এবং বৈধতা নিয়েও
একটি বিশেষ প্রবন্ধ রচনায়

ঘুমিয়ে পড়ার আগে স্বপ্নের প্রস্তুতি করে রাখে চোখ ,
চোখের ভিতরে চোখ অন্ধকার গহ্বর ভেদ করে উঠে আসে
সহস্ররকম জ্যোতিঃপুঞ্জি যার মধ্যে আশ্চর্য এক শরীর

অবয়বহীন , অবগাহন করি আর অবগাহন করি 

রাজীব চৌধুরী-র কবিতা


 প্রতিবিম্ব


প্রতারিত মানুষের মুখ দিনে দিনে  ছোট হয়ে আসে

বিকেলের পাতার মতো,স্তব্ধ , নেতিয়ে পড়ে

পাথর দিয়ে খুলি, থেঁতলে,গুঁড়িয়ে দেওয়ার মতো 

লকলক করে বেড়ে ওঠা ছোবল,আগুন

ছড়াতে ছড়াতে চতুর্দিক,ঘিরে ঘিরে থাকে

 

খুলির পর খুলি গেঁথে, শক্ত-ইমারত

নিচে বিষ, ওপরে জল, মধ্যিখানে অসুখ

যেভাবে জারণক্রিয়া পাতাল খুলে দেয়

ছায়ার হলহলে, সামনে  এসে দাঁড়ায়

মেঘমলিন অন্ধকারে সংঘর্ষের পোড়া ক্ষত

 

লড়তে লড়তে, না-পেরে আর,প্রতারিত মানুষের মুখ

 ফুরিয়ে যাওয়ার জন্য,ক্ষয়াটে, দিনে দিনে প্রস্তুত হয়ে আসে

সুবর্ণা বর্মন-এর কবিতা


ভাঙন

নদীর ভাঙনের শব্দ শুনতে পাও?
নীরবতার শব্দের তাড়নায়
দাহ করে ক্ষয়ের গতি।

পাড় ভাঙার মৃত্তিকার বুকে
জন্ম  নেয় হাজারো অশ্রুর সৈন
চাবুকের করাঘাতে দাহ‍্য  বাতি।

নদীর জলে ভাঙনের ইতিহাস
একা বহন করেনা
চলমান নিয়মে ধার রাখেনা।

যে ভাঙন শিখিয়েছে শেষের ও
শেষ থাকে, ক্ষয়ের ধারায়  অবরোধ করে
নিঃশ্বাসের জ্যোতি।

নিস্তব্দ পাথরের বুকে  কেবলই খরার ধারা
ভাঙনের কান্নায় অস্তিত্বের বোবা চোখ
বাতাসের বেগে হারানোর  শোক।

 

তাপস কুমার চট্টরাজ-এর কবিতা


উদাসী আলো


বিপন্ন একরাশ স্বপ্নবিলাস,

ভেঙে ফেলে ঝুঁকে ঝুঁকে হাঁটা 

অভ্যাস হয়ে গেছে।

নিঃশ্বাসে আত্মনির্ভর

উত্তাপ হারিয়ে গেছে কবেই।

পড়ন্ত বিকেলে এখন 

ছায়ার মাখামাখি খেলা

মাঝে মাঝে আলোর বিন্দু

মুচকি হেসে দেখা করে যায়

ভীড় ঠেলে এগিয়ে যাওয়া

হয় না, সকালের দিকে।

দাঁড়িয়ে থাকা অপেক্ষায় 

আগামী সংকেতের।