সোমবার, ১ নভেম্বর, ২০২১

রাজীব চৌধুরী-র কবিতা


 প্রতিবিম্ব


প্রতারিত মানুষের মুখ দিনে দিনে  ছোট হয়ে আসে

বিকেলের পাতার মতো,স্তব্ধ , নেতিয়ে পড়ে

পাথর দিয়ে খুলি, থেঁতলে,গুঁড়িয়ে দেওয়ার মতো 

লকলক করে বেড়ে ওঠা ছোবল,আগুন

ছড়াতে ছড়াতে চতুর্দিক,ঘিরে ঘিরে থাকে

 

খুলির পর খুলি গেঁথে, শক্ত-ইমারত

নিচে বিষ, ওপরে জল, মধ্যিখানে অসুখ

যেভাবে জারণক্রিয়া পাতাল খুলে দেয়

ছায়ার হলহলে, সামনে  এসে দাঁড়ায়

মেঘমলিন অন্ধকারে সংঘর্ষের পোড়া ক্ষত

 

লড়তে লড়তে, না-পেরে আর,প্রতারিত মানুষের মুখ

 ফুরিয়ে যাওয়ার জন্য,ক্ষয়াটে, দিনে দিনে প্রস্তুত হয়ে আসে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন