বিফলা
একটু সাহসী হতে পারলে না কেন!
না হয় খোঁপায় পরতাম বনফুল
দু’কানে থাকত ঝুটো মুক্তোর দুল
জড়িয়ে থাকত সুখ — আলোয়ান যেন।
আঠারো-র বেড়া কবেই হয়েছি পার।
পলাতকা লেখা হতই না হয় ফিরে।
হয়ে উঠতাম কবিতা ছোট্ট নীড়ে,
যদি মুছে নিতে কৃষ্ণ অন্ধকার।
আসব বলেও এলে না সন্ধিকালে।
আকাশে আগুন জ্বাললো কৃষ্ণচূড়া।
অগ্নি দূষণ — কী মৃত্যু লোভাতুরা!
কৃষ্ণ-কুঞ্জ ছাইল অগ্নি-জালে…
পুড়ে পুড়ে খাক কুঞ্জে পাখির ডাক
তবুও শুনেছি বসন্ত-উৎসবে।
ভুলে যাওয়া হোরি খেলুক তাহলে সবে।
আমার দগ্ধ কুঞ্জ — কৃষ্ণ থাক…

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন