রবিবার, ২১ জুন, ২০২৬

কুশল মৈত্র-এর কবিতা


ভৈরবী সুর

এ শহরে আর বানজারাদের তাঁবু চোখে পড়ে না।

না চোখে পড়ে মাহুতদের হাতি নিয়ে ভ্রমণ

সেই কৈশোরে বাবা চড়িয়ে ছিল হাতির পিঠে

এখন হাতিরা সব অজানা স্টেশনে.....

 

শাপলা শামুক পদ্মপাতায় আর দেখি না রোদের ঝিকিমিকি

না দেখি নদী পুকুর জলাজংলা জমিজরিপের ইতিবৃত্ত

বাবার সাথে পুকুরে-ঝিলে মাছ ধরার স্মৃতি ভগ্নাংশে

বৃত্তচাপ কম্পাসের কাঁটার খোঁচায় স্মৃতিচাপে

 

সবই একসময় ছিল আজ সবই ভাবায়

নৈঃশব্দ্যে ডুবে যাই আকাশ চেনে তখন আমায় আর আমিও

আজ এখন এই মুহূর্তটিও হয়তো আগামীতে ভাবাবে আমায়

তখন আমি আরও দূরে চোখের তারায় হাঁটতে হাঁটতে

পুনশ্চ কথারা মনে পড়বে ভৈরবী সুরে......

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন