রবিবার, ২১ জুন, ২০২৬

স্নেহাশিস সৈয়দ-এর কবিতা


ঘাসশরীর

৩২.
রাতের সাথে সখ্যতায় শহর সেজে ওঠে নিজরঙে আর সেই কারণবশত তুমিও আমাকে নিয়ে এলে রাস্তার অন্যপ্রান্তে। এখান থেকেই চাঁদের ঘোষিত বাণী আমাকে অসহিষ্ণু করে তুলল : সন্ধ্যা মানেই সকালের শেষপর্ব; যদিও অন্য কোনও দৃশ্যগোচর শব্দ গর্জে ওঠা এই শহরকে ক্রমশ রোগা করে তোলে।
রাত্রি থেকে অনেকপথ দূরে জঙ্গলমালায় যাদের সাথে শূন্যে সাঁতার কাটা যায়-সেইসব জোনাকিদল, আমাদের ছেড়ে গ্যাছে আর পানীয়পর্বের সূচনায় এই সম্ভাষণ...
তাহলে স্থির দৃষ্টির মাঝ বরাবর আমাদের যাতায়াত অন্যপাশে দায়বদ্ধ অন্ধকার-আমরা ক্রমশ নির্বাক হয়ে যাচ্ছি।

৩৩.
আকাশতারা তুমি জানো না গন্ধের শীতলতা, শহরপ্রান্তের ঢেউ আর চাঁদের আলোর জটিলতা — কি ভাবে হারিয়েছে অন্যমনস্কতা।...

শব্দের উৎস অপেক্ষায় কাটিয়ে এ শরীর এখন স্তব্ধ গুহামানব।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন