মাটির পুতুল
ভেবেছিলাম সামলে নেব
অথৈ যা সব পেরিয়ে যাব যাহোক করে
দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো
আমার মতো নরম যারা তারাও পারে।
আকাশ কুসুম স্বপ্ন দেখা আমার এ মন
চোখের জলে ভিজিয়ে ফেলা বালিশ ফেলে
অরূপ রতন ছিনিয়ে নেবে সুকৌশলে।
যুদ্ধের পর যুদ্ধ দিয়ে সাজিয়ে সাঁকো
আমি তখন বিজয় রথের বীর সেনানী
চাকরি করি অশ্বারোহী সৈন্যদলে।
জয়ের পর লুট করে নি রাজার প্রাসাদ
চুরি করি মনের মানুষ কথার ছলে।
সাজিয়ে তুলি নিজের ছবি নিজের হাতে
বীরাঙ্গনা খেতাব রাখি নামের পাশে।
কিন্তু এমন অনায়াস আর কদিন চলে?
হঠাৎ করে ঝড় উঠল ঈশাণ কোণে
আকাশ মাটি কাঁপিয়ে দিল পাগল বাতাস
মা ডাকল- ওরে এবার তোর কি হবে!
দম যে আমার ফুরোয় বুঝি দমকা ঝড়ে!
হলোও তেমন যেমনটা হয় অন্ধ রাতে
মায়ের প্রদীপ নিভলো ধীরে রাত্রি শেষে।
ভেবেছিলাম সামলে নেব,পারিনি তা
কান্না চেপে মুখ লুকোচ্ছি ব্যর্থ সাজে
এখনও সেই ট্রমার ভেতর ডুবেই আছি
রাতের বেলা স্বপ্ন দেখি মা এসেছে।
এখন আমি নিত্যদিনের দু:খী মানুষ
তবু কি আর কাঁদতে পারি পরাণ খুলে
লোকের সামনে ঠোঁটে আমার আকন্ঠ রঙ
চোখের ওপর ধূসর শ্যাডোর প্রাচীর তুলে
এমন ভাবে তাকাই যেন আমিই পারি
সবকিছুকে একটা ফুঁ এ উড়িয়ে দিতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন