রবিবার, ২১ জুন, ২০২৬

সমরেন্দ্র বিশ্বাস-এর কবিতা


 সুপর্ণা

এখনো শীতকাল আসে নি সুপর্ণা —

চারদিকে কুয়াশারা ঘিরেছে সময়?

সুপর্ণা, একদিন পাতারা ঝরবে জানি

তবুও এ অসময়ে তোমার শরীর থেকে

সবুজ পাতারা ঝরুক – যেন এমনটা না হয়!

বিবর্ণ পৃথিবীতে পাতা ঝরার গল্প শুনতে চাই না আজ,

এমনটা চায় না পৃথিবীর ঘুরন্ত সময়।

তবুও কুয়াশা নিয়ে শীতকাল আসে, শীতকাল যায়

পাতা ঝরে – মানবজন্মের ঘড়ি দ্রুত পাক খায়!

আজ এই কুয়াশার প্রান্তরে আরো একবার ডানা খোলো,

সুপর্ণা, বিদায়ের আগে চরম আশ্লেষে আরো একবার বলো —

আমাদের শীতকাল এখনই আসছে না;

এ জন্মের শীতকাল — সে তো ঢের ঢের দেরী!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন